অস্ট্রেলিয়ার সাম্প্রতিক একদিনের সিরিজে ভারতের ব্যাটারদের বাউন্সে ভুগিয়েছেন হেজলউড। পার্থ ও অ্যাডিলেডের পিচে তিনি বিশেষভাবে কার্যকর ছিলেন।
_0.jpeg.webp)
অভিষেক শর্মা
শেষ আপডেট: 28 October 2025 12:47
দ্য ওয়াল ব্যুরো: আত্মবিশ্বাসী সুরেই ভবিষ্যদ্বাণী করলেন ভারতের (India) প্রাক্তন ব্যাটিং কোচ অভিষেক নায়ার (Abhishek Nayar)। তাঁর দাবি, এখনকার ফর্মে থাকলে অভিষেক শর্মা (Abhishek Sharma) সহজেই উড়িয়ে দেবেন অস্ট্রেলিয়ার (Australia) পেসার জশ হেজলউডকে (Josh Hazlewood)।
এশিয়া কাপে (Asia Cup 2025) দুরন্ত ছন্দে ছিলেন টিম ইন্ডিয়ার ওপেনার। টুর্নামেন্টের সর্বোচ্চ রানস্কোরার। তাঁর ব্যাটেই ভারত অপরাজেয় থেকে ট্রফি জেতে। আইপিএলে (IPL) ধারাবাহিক পারফরম্যান্সের পর থেকেই অভিষেকের উত্থান চোখে পড়ার মতো। এখন তিনি র্যাঙ্কিংয়ের বিচারে বিশ্বের এক নম্বর টি–২০ ব্যাটার।
ক্যানবেরায় (Canberra) প্রথম টি–২০ ম্যাচের আগে নায়ার বলেন, ‘যদি অভিষেক ফর্মে থাকে, হেজলউডের ফর্ম যাবে। ওর ব্যাটিংয়ের ধরণটাই আলাদা। প্রথম বল থেকেই চার বা ছয় মারার চেষ্টা করে। পাওয়ারপ্লেতে ভয় ধরাতে পারলেই ইনিংসের বাকি সময়টা চাপে থাকে প্রতিপক্ষ। ও যদি ছয় ওভার ব্যাট করে, দল ৬০ থেকে ৮০ রান পেয়ে যাবে। ওপেনিংয়ে এমন শুরুয়াত মানেই ম্যাচের মোড় ঘুরে যাওয়া!’
অস্ট্রেলিয়ার সাম্প্রতিক একদিনের সিরিজে ভারতের ব্যাটারদের বাউন্সে ভুগিয়েছেন হেজলউড। পার্থ (Perth) ও অ্যাডিলেডের (Adelaide) পিচে তিনি বিশেষভাবে কার্যকর ছিলেন। দ্বিতীয় ম্যাচে দুর্দান্ত স্পেল সত্ত্বেও উইকেট না পাওয়া তাঁর দুর্ভাগ্য বলে মনে করছেন বিশেষজ্ঞরা। তবু টি–২০ ফরম্যাটে বিষয়টা আলাদা বলেই বিশ্বাস নায়ারের। তাঁর মতে, ছন্দে থাকা অভিষেকের মতো ব্যাটারকে আটকে রাখা সহজ হবে না। নায়ার বলেন, ‘হেজলউড এখন দারুণ ছন্দে, কিন্তু অভিষেকের বিরুদ্ধে সেটা ধরে রাখা সহজ নয়। ওর আত্মবিশ্বাস আর শট নির্বাচনের মিশেলই আলাদা মাত্রা এনে দেয়। যদি শুরুর কয়েক বল সামলে নেয়, তাহলে ম্যাচের রং পালটে যেতে পারে!’
এরপর আরও যোগ করেন, ‘অস্ট্রেলিয়ার মাটিতে খেলা যে কোনও তরুণের জন্য বড় পরীক্ষা। কিন্তু অভিষেক এখন যথেষ্ট অভিজ্ঞ—আইপিএল, এশিয়া কাপ, দক্ষিণ আফ্রিকায় খেলার অভিজ্ঞতা ওকে তৈরি করেছে। নির্ভীক ক্রিকেটার। এই সিরিজে নিজের নাম উজ্জ্বল করতে চাইবে। অস্ট্রেলিয়ায় পারফর্ম করলে আলাদা সম্মান পাওয়া যায়, সেটা অভিষেক জানে।’