মজার বিষয়, এই প্রথম নয়—এর আগেও একবার বদলেছে এই ছবির মুক্তির দিন। শুরুতে ঠিক ছিল ১৫ মে মুক্তি পাবে ‘ভূত বাংলা’। তারপর তা এগিয়ে আসে এপ্রিলের প্রথম সপ্তাহে, আর এখন আবার একটু পিছিয়ে ১৬ এপ্রিল।

শেষ আপডেট: 15 April 2026 14:20
দ্য ওয়াল ব্যুরো: মুক্তির দিন ঘিরে যতটা উত্তেজনা, তার থেকেও বেশি কৌতূহল যেন তৈরি হয়েছে ছবির অন্দরের গল্প ঘিরে। প্রিয়দর্শন (Priyadarshan)-এর পরিচালনায় আর অক্ষয় কুমা (Akshay Kumar)-এর উপস্থিতিতে তৈরি হওয়া ফ্যান্টাসি হরর-কমেডি ‘ভূত বাংলা’ প্রথমে ঠিক হয়েছিল ১০ এপ্রিল প্রেক্ষাগৃহে আসবে। কিন্তু ঠিক শেষ মুহূর্তে বদলে গেল হিসেব। এখন ছবির প্রথম শো হবে ১৬ এপ্রিল রাত ৯টা থেকে—এক ধরনের পেইড প্রিভিউ হিসেবে। তার পরের দিন থেকেই শুরু হবে মূল মুক্তি।
এই এক সপ্তাহের অপেক্ষা যেন আরও বাড়িয়ে দিয়েছে দর্শকদের আগ্রহ। কারণ শুধু গল্প বা ঘরানাই নয়, ছবির তারকা তালিকাও যথেষ্ট ভারী। অক্ষয় কুমারের সঙ্গে রয়েছেন পরেশ রাওয়াল (Paresh Rawal), রাজপাল যাদব (Rajpal Yadav), তাবু (Tabu)। সেই তালিকায় আলাদা করে নজর কাড়ছেন বাঙালি অভিনেতা যিশু সেনগুপ্ত (Jisshu Sengupta)-ও।
ছবির মুক্তির আগে যেমন কৌতূহল গল্প নিয়ে, তেমনই জোর চর্চা চলছে পারিশ্রমিক নিয়েও। বিভিন্ন রিপোর্ট অনুযায়ী, এই ছবিতে মুখ্য ভূমিকায় অভিনয়ের জন্য অক্ষয় কুমার পেয়েছেন প্রায় ৫০ কোটি টাকা। অন্যদিকে বর্ষীয়ান অভিনেত্রী তাবুর পারিশ্রমিক ধরা হয়েছে প্রায় ২.৫ কোটি টাকা। প্যারেশ রাওয়াল নাকি পেয়েছেন ২ কোটি, আর নিজের স্বতন্ত্র কমেডির জন্য পরিচিত রাজপাল যাদবের পারিশ্রমিক প্রায় ১ কোটি টাকা বলে শোনা যাচ্ছে।
এই তালিকায় আরও একটি চমক—ওয়ামিকা গাব্বির পারিশ্রমিক প্রায় ৩ কোটি টাকা বলে খবর। আর বাংলা থেকে উঠে আসা অভিনেতা জিশু সেনগুপ্ত, যিনি এখন সর্বভারতীয় স্তরেও নিজের জায়গা তৈরি করেছেন, তাঁর পারিশ্রমিক নাকি প্রায় ১ কোটি টাকা। যদিও এই সমস্ত অঙ্ক নিয়ে নির্মাতা বা শিল্পীদের পক্ষ থেকে কোনও আনুষ্ঠানিক ঘোষণা আসেনি, তবুও বিভিন্ন সূত্রে এই তথ্য ঘুরে বেড়াচ্ছে বিনোদন জগতে।
তবে শুধু তারকা আর পারিশ্রমিকের হিসেবেই আটকে নেই ‘ভূত বাংলা’র গল্প। ছবির মুক্তি পিছিয়ে যাওয়ার পেছনেও রয়েছে এক বাস্তব হিসেব। প্রযোজকদের একজন Ektaa Kapoor নিজেই সামাজিক মাধ্যমে জানিয়ে দেন, ডিস্ট্রিবিউটর এবং এক্সিবিটরদের সঙ্গে আলোচনা করেই এই নতুন সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তাঁর কথায়, ১৬ এপ্রিল রাত ৯টা থেকে প্রথম শো শুরু করার পরিকল্পনা নেওয়া হয়েছে, যাতে ছবিটি নতুনভাবে দর্শকের সামনে হাজির হতে পারে।
এই সিদ্ধান্তের পেছনে আরেকটি বড় কারণও রয়েছে। সেই সময়েই প্রেক্ষাগৃহে ভালো ব্যবসা করছে ‘ধুরন্ধর: দ্য রিভেঞ্জ’। দর্শকদের মনোযোগ ভাগ হয়ে যাওয়ার সম্ভাবনা এড়াতেই ‘ভূত বাংলা’র মুক্তি একটু সরিয়ে দেওয়া হয়েছে। প্রযোজকের মতে, এতে দু’টি ছবিই নিজেদের মতো করে জায়গা করে নেওয়ার সুযোগ পাবে।
মজার বিষয়, এই প্রথম নয়—এর আগেও একবার বদলেছে এই ছবির মুক্তির দিন। শুরুতে ঠিক ছিল ১৫ মে মুক্তি পাবে ‘ভূত বাংলা’। তারপর তা এগিয়ে আসে এপ্রিলের প্রথম সপ্তাহে, আর এখন আবার একটু পিছিয়ে ১৬ এপ্রিল।
তারিখ বদলায়, হিসেব পাল্টায়, কিন্তু অপেক্ষার উত্তেজনা থেকে যায়। একদিকে হালকা ভয়, অন্যদিকে হাসির খোরাক—এই দুইয়ের মিশেলে তৈরি ‘ভূত বাংলা’ এখন যেন ঠিক সেই দরজার সামনে দাঁড়িয়ে, যা খুললেই শুরু হবে এক অন্যরকম সিনেমার অভিজ্ঞতা। দর্শক শুধু অপেক্ষা করছে—রাত ৯টার সেই প্রথম শোর জন্য, যখন অন্ধকার হলে আলো নিভে গিয়ে ভূতের গল্প নতুন করে প্রাণ পাবে।