আইপিএল বনাম পিএসএল নিয়ে স্পষ্ট মতামত রাখলেন আহমেদ শাহজাদ! পাকিস্তানের প্রাক্তন তারকার মতে, যাদের আইপিএলে সুযোগ নেই, তারাই পিএসএলে আসে। লিগের মান ও বাস্তবতা নিয়ে কী বললেন তিনি? বিস্তারিত পড়ুন।

আহমেদ শাহজাদ
শেষ আপডেট: 15 April 2026 14:54
দ্য ওয়াল ব্যুরো: নিষেধাজ্ঞা দিয়ে সমস্যা মিটবে? নাকি এতে আসল দুর্বলতাই সামনে চলে আসছে?
পাকিস্তান সুপার লিগের (PSL 2026) গুণমান নিয়ে এবার সরাসরি প্রশ্ন তুললেন আহমেদ শাহজাদ (Ahmed Shehzad)। তাঁর বক্তব্য পরিষ্কার—আইপিএলের (IPL 2026) সঙ্গে তুলনায় নিজেদের ওজন না বুঝে শুধু ‘ব্যান’ করলেই গলদ দূর হবে না।
নিজের ইউটিউব চ্যানেলে শাহজাদ বলেন, ‘কে খেলল, কে খেলল না—এই নিয়ে পড়ে থাকলে হবে না। বড় ছবিটা দেখতে হবে।’ তাঁর মতে, পিএসএলের এখন প্রয়োজন নিজেদের জায়গা ঠিক করা। আইপিএলের সঙ্গে সরাসরি টক্কর নয়, বরং বাস্তব বুঝে পরিকল্পনা ছকে ফেলা জরুরি।
সবচেয়ে তীক্ষ্ণ মন্তব্য এখানেই। শাহজাদের কথার, ‘এখন পিএসএলে মূলত সেই ক্রিকেটাররাই আসে, যাদের আইপিএল অধ্যায় শেষ হয়ে গেছে বা সুযোগ নেই!’ উদাহরণ হিসেবে তিনি ডেভিড ওয়ার্নার (David Warner) ও স্টিভ স্মিথের (Steve Smith) নাম তোলেন। বুঝিয়ে দেন, বিশ্বসেরা লিগের বাইরে থাকা ক্রিকেটারদের নিয়েই চলছে পিএসএল। আর এই বাস্তব পাকিস্তান ক্রিকেট বোর্ড যত তাড়াতাড়ি বুঝতে পারে, ততই মঙ্গল!
📢 Ahmed Shehzad brutally owned PSL:
You only have players left in the PSL who have either retired from the IPL, gone unsold in the IPL, or have no future in the IPL, like David Warner and Steve Smith. If any current player has a chance to play, they will choose the IPL. So how… pic.twitter.com/2GTSopxZPA— TEJASH (@Tejashyyyyy) April 14, 2026
শাহজাদের মতে, সুযোগ পেলে বেশিরভাগ ক্রিকেটারই আইপিএলকেই বেছে নেবে। বলেন, ‘সত্যিটা মেনে নেওয়া উচিত। যাদের সামনে অপশন থাকে, তারা আইপিএলেই যেতে চাইবে।’ এই মন্তব্যেই স্পষ্ট—সমস্যা শুধু অর্থ নয়, লিগের আকর্ষণ ও মান নিয়েও ঘোর সংশয় রয়েছে।
অতিসম্প্রতি আইপিএলে যোগ দিয়ে পিএসএল চুক্তি ভাঙায় জিম্বাবোয়ের জোরে বোলার ব্লেসিং মুজারাবানিকে (Blessing Muzarabani) দু’বছরের জন্য নিষিদ্ধ করেছে পিসিবি (PCB)। এই সিদ্ধান্তকে আংশিক সমর্থন করেছেন শাহজাদ। তাঁর মতে, চুক্তি ভাঙলে শাস্তি হওয়াই উচিত। কিন্তু সেটাকে মূল ইস্যু বানানো ঠিক নয়। বরং, পিএসএলের কর্তব্য নিজেদের মান, দর্শক টানার ক্ষমতা এবং প্রতিযোগিতার গুণগত মান বাড়ানো।
সব মিলিয়ে প্রাক্তন ক্রিকেটারের বার্তা একটাই—গলদ বাইরে নয়, ভেতরে। নিষেধাজ্ঞা দিয়ে সাময়িক নিয়ন্ত্রণ আনা যায়। কিন্তু লিগকে বড় করতে হলে বাস্তব মেনে কাঠামো বদলানোই আসল চ্যালেঞ্জ।