নতুন দল, নতুন কোচিং স্টাফ, নতুন মুখ—দিনের শেষে কিন্তু মীরপুরে পুরনো সেই দুর্বলতাই উঁকি দিল। ২০২৭ বিশ্বকাপের আগে পাকিস্তানের পথ যে মসৃণ নয়, সেটা একটা ম্যাচেই স্পষ্ট।

বাংলাদেশ বনাম পাকিস্তান
শেষ আপডেট: 11 March 2026 18:27
দ্য ওয়াল ব্যুরো: টি-২০ বিশ্বকাপে ব্যর্থতার পর নতুন চেহারায় মাঠে নামল পাকিস্তান। বাবর আজম (Babar Azam) নেই, ফাখর জামান নেই, শাদাব খানও নেই। ছয় নতুন মুখ। শাহিন আফ্রিদির (Shaheen Afridi) নেতৃত্বে নতুন অধ্যায়ের শুরু হওয়ার কথা ছিল মীরপুরে। বদলে যা হল, তা আরও লজ্জার। বাংলাদেশের কাছে মাত্র ১১৪ রানে গুটিয়ে গেল গোটা দল। বাংলাদেশ লক্ষ্য ছুঁয়ে ফেলল মাত্র ১৫.১ ওভারে—২০৯ বল বাকি থাকতে!
নাহিদের আগুনে পুড়ে ছাই পাকিস্তান
আজ টস জিতে বোলিং নিলেন মেহেদী হাসান মিরাজ (Mehidy Hasan Miraz)। শুরুটা অবশ্য খারাপ ছিল না পাকিস্তানের। দুই নতুন ওপেনার সাহিবজাদা ফারহান ও মাজ সাদাকাত মিলে ১০ ওভারে তুললেন ৪১—বিনা উইকেটে। মনে হচ্ছিল, হয়তো বিশ্বকাপের দুঃস্বপ্ন মুছে পাক বাহিনী ঘুরে দাঁড়াবে।
কিন্তু ঠিক তখনই উলটপুরাণ! সৌজন্যে নাহিদ রানা (Nahid Rana)। ফারহান স্ল্যাশ করতে গিয়ে পয়েন্টে ধরা পড়লেন ২৭ রানে। আর সেই এক উইকেটেই মাঠের চেহারা পাল্টে গেল। পরের ২৯ বলে আরও ৪ উইকেট নাহিদের। মহম্মদ রিজওয়ান ধরা পড়লেন ১০ রানে, সলমন আঘা ফিরলেন মাত্র ৫ করে। ফাহিম আশরাফ শেষদিকে ৩৭ রান না করলে একশো-ও পেরোত না। মিরাজ নিলেন ৩ উইকেট। শেষমেশ ৩০.৪ ওভারে খতম পাকিস্তান—মাত্র ১১৪ রানে!
জবাবে ব্যাট করতে নেমে বিধ্বংসী মেজাজে বাংলাদেশ। ঝড় তুললেন তানজিদ হাসান (Tanzid Hasan)। ৪২ বলে ৬৭ রান, পাঁচটি ছক্কা, সাতটি চার। শাহিন নিজে বল করলেন, ৫ ওভারে গেল ৩৫ রান। কোনও উইকেট নেই। শেষমেশ ৮ উইকেটে ম্যাচ জিতে নিল বাংলাদেশ।
বাবর তাহলে কালপ্রিট নন?
সম্প্রতি ক্রিকেট মহলের প্রশ্ন একটাই—বাবর না থাকলে পাকিস্তানের মিডল অর্ডারে কে হাল ধরবেন? বিশ্বকাপে মাত্র ৯১ রান করেছিলেন। সেই ব্যর্থতায় বাদ পড়েছেন। কিন্তু বুধবারের পারফরম্যান্স দেখে মনে হচ্ছে, বাবরের শূন্যতা পূরণ করা সহজ হবে না।
ইতিমধ্যে শুধু দল বদল নয়, পাকিস্তান ক্রিকেট বোর্ড (PCB) বিশ্বকাপের গোটা টিমকে ৫০ লক্ষ পাকিস্তানি টাকা জরিমানার সাজা শুনিয়েছে। খারাপ পারফরম্যান্সের জন্য এমন শাস্তি—আন্তর্জাতিক ক্রিকেটে বিরল! শহিদ আফ্রিদি ও ইউনুস খানের মতো প্রাক্তনরা তীব্র সমালোচনা করেছেন এই সিদ্ধান্তের। নতুন দল, নতুন কোচিং স্টাফ, নতুন মুখ—দিনের শেষে কিন্তু মীরপুরে পুরনো সেই দুর্বলতাই উঁকি দিল। ২০২৭ বিশ্বকাপের আগে পাকিস্তানের পথ যে মসৃণ নয়, সেটা একটা ম্যাচেই স্পষ্ট।