বিরাট কোহলির সঙ্গে তুলনায় ফের মেজাজ হারালেন বাবর আজম! কেন কোহলির মতো ম্যাচ ফিনিশ করতে পারেন না? সাংবাদিকের এই প্রশ্নে ঠিক কী জবাব দিলেন পাক তারকা? পেশোয়ার জালমি অধিনায়কের প্রতিক্রিয়া পড়ুন।

বাবর আজম
শেষ আপডেট: 9 April 2026 17:46
দ্য ওয়াল ব্যুরো: প্রশ্নটা সরাসরি। তুলনাটাও চেনা। আর তাতেই মেজাজ হারালেন বাবর আজম (Babar Azam)। সাংবাদিকের প্রশ্ন—‘বিরাট কোহলির মতো ম্যাচ ফিনিশ করতে পারেন না কেন?’ জবাবে একেবারে ঝাঁঝালো প্রতিক্রিয়া দিলেন পাকিস্তানি তারকা।
পেশোয়ার জালমির (Peshawar Zalmi) অধিনায়ক হিসেবে ম্যাচের পর সাংবাদিকদের মুখোমুখি হয়েছিলেন বাবর। সেখানে তাঁকে সরাসরি জিজ্ঞেস করা হয়—কোহলির মতো কেন ম্যাচ শেষ করতে পারেন না? প্রশ্ন কানে যেতেই দৃশ্যত নাখুশ বাবর। সাফ বলে ওঠেন, ‘এইসব তুলনা বন্ধ করুন। নিজের কাছে রাখুন। এটা আপনার ভুল ধারণা, যে আমি ম্যাচ শেষ করতে পারি না।’ স্পষ্ট বোঝা যায়—সওয়ালের বয়ান তাঁর পছন্দ হয়নি।
হায়দরাবাদ কিংসমেনের (Hyderabad Kingsmen) বিরুদ্ধে ম্যাচে বাবর ৩৭ বলে ৪৩ রান করেন। টার্গেট ১৪৬। খুব বড় নয়। তবু ম্যাচ খতম করতে ব্যর্থ বাবর। শেষ পর্যন্ত ম্যাচ গড়ায় শেষ বলে। জালমি জেতে ঠিকই, কিন্তু বাবরের ইনিংস নিয়ে প্রশ্ন থেকে যায়।
বাবর আজমকে নিয়ে এই আলোচনা নতুন নয়। টি-২০-তে তাঁর স্ট্রাইক রেট নিয়ে সওয়াল উঠেছে। বড় রান তাড়া করার সময় তাঁর অ্যাপ্রোচ নিয়েও চর্চা চলে। চলতি মরসুমেও দু’ম্যাচে ৮২ রান করেছেন। স্ট্রাইক রেট ১২৬.১৫। বাউন্ডারি কম। মাত্র ১০টি চার, ১টি ছয়। সংখ্যাগুলোই সমালোচনার কারণ।
কোহলির সঙ্গে তুলনা বেশ পুরনো। দু’জনই আধুনিক ক্রিকেটের বড় নাম। কিন্তু স্টাইল আলাদা। খেলার ধরন আলাদা। বাবরের বক্তব্য—তাঁর বিরুদ্ধে যে অভিযোগ তোলা হচ্ছে, তা পুরোপুরি ঠিক নয়। তবে মাঠে পারফরম্যান্সই শেষ কথা। সেখানে খামতি থাকলে, আলোচনা চলতেই থাকবে। আর তাই আজকের এই ঘটনাও শুধু একটা প্রেস কনফারেন্সের ঝামেলা নয়। এটা দেখিয়ে দিল—বড় তারকা হলে চাপও বড় হয়। যা সামাল দেওয়ার খেলা বাবর আজমের জন্য এখনও শেষ হয়নি।