২০২৭-এর বিশ্বকাপে কি খেলবেন রোহিত শর্মা ও বিরাট কোহলি? ভারতীয় ক্রিকেটের এই দুই মহাতারকাকে অন্ধকারে না রেখে বিসিসিআইকে সরাসরি আলোচনায় বসার দাবি যুবরাজের। ঠিক কী বললেন যুবি? বিস্তারিত পড়ুন।

গ্রাফিক্স: দিব্যেন্দু দাস
শেষ আপডেট: 3 April 2026 17:30
দ্য ওয়াল ব্যুরো: ২০২৭-এর বিশ্বকাপে রোহিত শর্মা ও বিরাট কোহলি ভারতীয় দলে থাকবেন কিনা—এই প্রশ্ন ক্রিকেট মহলে ঘুরপাক খাচ্ছে। দুজনে টেস্ট ও টি-২০ থেকে অবসর নিয়েছেন, কিন্তু ওডিআইয়ের মঞ্চে সক্রিয়। বিশ্বকাপ খেলার ইচ্ছাও প্রকাশ করেছেন। কিন্তু বিসিসিআই ও টিম ম্যানেজমেন্ট এখনও স্পষ্ট কিছু বলেনি। এই অনিশ্চয়তাকে নিশানা করে এবার সরব হলেন যুবরাজ সিং (Yuvraj Singh)। তাঁর বার্তা: তারকাদের সম্মান দাও, স্পষ্টভাবে বলো পরিকল্পনা কী।
‘স্পোর্টস তক’ পডকাস্টে এসে যুবরাজ বলেন, ‘জানি না ওদের মাথায় কী চলছে। কিন্তু রোহিত ও বিরাটকে (Virat Kohli, Rohit Sharma) দেখে মনে হচ্ছে বিশ্বকাপ খেলতে চায়। এত বড় খেলোয়াড়দের অন্ধকারে রাখা ঠিক না। বসে আলোচনা করো। বলো, বিশ্বকাপে ওদের নিয়ে যাবে, নাকি তরুণদের! যেটাই হোক, মুখের উপর জানাও!’ এরপর যোগ করলেন, ‘ভারতীয় ক্রিকেটে সততা সাধারণত দেখা যায় না। কিন্তু থাকা উচিত। আইপিএল শেষ হলে এই কথোপকথন হওয়াটা দরকার!’
যুবরাজের বক্তব্য, শুধু তরুণদের নিয়ে বিশ্বকাপজয় অসম্ভব। কারণ চাপের মুহূর্তে অভিজ্ঞতাই কাজে লাগে। রোহিত সম্পর্কে বিশ্লেষণ—সাদা বলের সেরা ওপেনার, টি-২০ বিশ্বকাপ ও চ্যাম্পিয়নস ট্রফি জেতানো অধিনায়ক। এই সম্মান তাঁকে দিতেই হবে। বিরাট সম্পর্কে বক্তব্য—এই প্রজন্মের শ্রেষ্ঠ ভারতীয় ক্রিকেটার। তাঁকেও কদর জানানো উচিত।
পরিসংখ্যান মতে, ‘রো-কো’ ভরপুর ফর্মে। বিরাট গত বছরের শেষ দিকে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ৩ ম্যাচে ৩০২ রান করেন—গড় ১৫১, স্ট্রাইক রেট ১১৭-এর বেশি। আইসিসি র্যাঙ্কিংয়ে শীর্ষেও উঠেছিলেন। অন্যদিকে রোহিত অস্ট্রেলিয়ায় ২০২ রান হাঁকান, গড় ১০১ সমেত। সিডনিতে সেঞ্চুরি করে সিরিজ জিতিয়েছিলেন। তবে নিউজিল্যান্ডের বিরুদ্ধে পরের সিরিজে মাত্র ৬১ রান করায় ফের কাটাছেঁড়া শুরু হয়।
উল্লেখ্য, টিম ইন্ডিয়ার পাইপলাইন বেশ সক্রিয়। যশস্বী জয়সওয়ালের মতো তারকা নিয়মিত সুযোগের অপেক্ষায়। তরুণ-অভিজ্ঞের ভারসাম্য কীভাবে বজায় রাখবেন নির্বাচকরা—সেটাই বড় প্রশ্ন। এই পরিস্থিতিতে যুবরাজের বার্তা স্পষ্ট—সিদ্ধান্ত যা নেওয়ার নাও, কিন্তু এতদিন জিতিয়ে এলেন যে দুই তারকা, তাঁদের অন্ধকারে রেখো না। মনের কথা মুখে বলো।