১৩ ফেব্রুয়ারি চেন্নাইয়ে আমেরিকার ভাগ্যনির্ধারক ম্যাচ। মাঠের লড়াইয়ের আগে প্রশাসনিক প্রশ্ন উঠল নতুন করে। বিশ্বমঞ্চে পারফরম্যান্স দিয়ে নিজেদের প্রমাণ করছে তথাকথিত ছোট দলগুলো। এখন দেখার, আইসিসি তাদের দাবিকে কতটা গুরুত্ব দেয়।

সতীর্থদের সঙ্গে জাহাঙ্গীর
শেষ আপডেট: 13 February 2026 12:24
দ্য ওয়াল ব্যুরো: বয়কট-জ্বর উবেছে৷ কিন্তু কম্প থামেনি!
ইতোমধ্যে বাংলাদেশ, যারা আইসিসির বিরুদ্ধে নিশানা করে স্বেচ্ছায় বিশ্বকাপে না খেলার সিদ্ধান্ত নেয়, তাদের তিরস্কারের বদলে পুরস্কৃত করেছে জয় শাহ পরিচালিত সংস্থা। পাকিস্তান ভারত-ম্যাচ বয়কটের জিগির তুলেছিল ঠিকই। কিন্তু আপাতত অনেক হম্বিতম্বির পর প্রত্যাশিত ইউ-টার্নে পরিস্থিতি স্বাভাবিক৷ আগামী রবিবার কলম্বোর ময়দানে নামবেন সলমন আঘারা।
এই পরিস্থিতিতে সবকিছুই যখন মোটের উপর অনুকূলে, তখন সমস্যা ঘনিয়ে তুলল আমেরিকা টিম৷ আরও স্পষ্ট করে বললে দলের খেলোয়াড় শায়ান জাহাঙ্গীর।
‘অ্যাসোসিয়েট’ তকমা, কিন্তু সমর্থন কোথায়?
টি-২০ বিশ্বকাপের (T20 World Cup) গ্রুপ এ-র গুরুত্বপূর্ণ ম্যাচে নেদারল্যান্ডসের (Netherlands) মুখোমুখি হওয়ার আগে সরাসরি আইসিসিকে (ICC) কাঠগড়ায় তুলেছেন শায়ান (Shayan Jahangir)। অভিযোগ স্পষ্ট—অ্যাসোসিয়েট দেশগুলিকে পর্যাপ্ত অর্থ ও সুযোগ দিচ্ছে না বিশ্ব ক্রিকেটের সর্বোচ্চ নিয়ামক সংস্থা। প্রাক-ম্যাচ সাংবাদিক বৈঠকে তিনি বলেন, ‘অ্যাসোসিয়েট তকমা পেলেও আমরা কোনও অংশে কম নই। এই বিশ্বকাপে দেখেছেন, তথাকথিত ছোট দলগুলো বড় দলকে কঠিন চ্যালেঞ্জ দিয়েছে। যদিও সেই মানের সমর্থন আমরা পাই না।’তাঁর বক্তব্য, পরিকাঠামো, প্রস্তুতি ম্যাচ, আন্তর্জাতিক এক্সপোজার—সব ক্ষেত্রেই ঘাটতি রয়ে যাচ্ছে। অথচ অদ্ভুতভাবে পারফরম্যান্সে সেই ব্যবধান ধরা পড়ছে না।
বিশ্বকাপে চমক, তবু উপেক্ষা
এই বিশ্বকাপে ইতিমধ্যে চমক দেখিয়েছে একাধিক অ্যাসোসিয়েট দল। নেপাল (Nepal) ইংল্যান্ডকে চাপে ফেলেছে। ইতালি (Italy) প্রথমবার বিশ্বকাপে নেমে জয় পেয়েছে। নেদারল্যান্ডস পাকিস্তানের বিরুদ্ধে লড়াই করেছে শেষ পর্যন্ত। নিজেদের উদাহরণও টেনেছেন জাহাঙ্গীর। মুম্বইয়ে ভারতকে (India) ৭৫ রানে ৬ উইকেট ফেলে চাপে ফেলেছিল আমেরিকা। পরে সূর্যকুমার যাদবের (Suryakumar Yadav) ইনিংস ম্যাচ ঘুরিয়ে দেয়।
‘ওই মুহূর্তগুলো কাজে লাগাতে পারলে আমরা বিশ্বচ্যাম্পিয়ন দলকেও হারাতে পারতাম,’ বলেন তিনি। জাহাঙ্গীরের আরও দাবি, অ্যাসোসিয়েট ক্রিকেটে প্রতিভার অভাব নেই। নেপালের দীপেন্দ্র সিং আইরি-র (Dipendra Singh Airee) দ্রুততম টি-২০ অর্ধশতরানের নজির টেনে তিনি বলেন, যথেষ্ট প্রচার না পাওয়ায় এই প্রতিভারা আড়ালেই থেকে যাচ্ছেন।
প্রস্তুতি ও অর্থ—মূল ফারাক
জাহাঙ্গীর জোরালো সুরে জানান, বড় দলগুলি নিয়মিত দ্বিপাক্ষিক সিরিজ খেলে। ভারত সম্প্রতি নিউজিল্যান্ডের বিরুদ্ধে নেমেছে। অস্ট্রেলিয়া পাকিস্তান সফর করে এসেছে। এই সুযোগ অ্যাসোসিয়েট দেশগুলির কাছে নেই। জোরের সঙ্গে তিনি বলেন, ‘প্রস্তুতি অত্যন্ত গুরুত্বপূর্ণ। কিন্তু আমাদের সেই আর্থিক সামর্থ্য নেই। বড় মাঠ, প্রস্তুতি ম্যাচ—সবকিছুর জন্য অর্থ দরকার। আইসিসি যদি আমাদের দিকে একটু বেশি নজর দেয়, তাহলে এই অ্যাসোসিয়েট তকমা বদলাতে সময় লাগবে না!’
১৩ ফেব্রুয়ারি চেন্নাইয়ে আমেরিকার ভাগ্যনির্ধারক ম্যাচ। মাঠের লড়াইয়ের আগে প্রশাসনিক প্রশ্ন উঠল নতুন করে। বিশ্বমঞ্চে পারফরম্যান্স দিয়ে নিজেদের প্রমাণ করছে তথাকথিত ছোট দলগুলো। এখন দেখার, আইসিসি তাদের দাবিকে কতটা গুরুত্ব দেয়।