বাজার বিশ্লেষকদের অনেকে বলছিলেন, রিজার্ভ ব্যাঙ্কের চলতি মানিটারি পলিসির বৈঠকে রেট কমানোর সম্ভাবনা কম। আন্তর্জাতিক বাজারে যা অনিশ্চয়তা তাতে রিজার্ভ ব্যাঙ্ক সতর্ক হয়ে পা ফেলতে পারে।
.jpeg.webp)
প্রতীকী ছবি
শেষ আপডেট: 5 December 2025 11:37
দ্য ওয়াল ব্যুরো: বাজার বিশ্লেষকদের অনেকে বলছিলেন, রিজার্ভ ব্যাঙ্কের (RBI) চলতি মানিটারি পলিসির বৈঠকে রেট (Repo Rate) কমানোর সম্ভাবনা কম। আন্তর্জাতিক বাজারে যা অনিশ্চয়তা তাতে রিজার্ভ ব্যাঙ্ক সতর্ক হয়ে পা ফেলতে পারে। কিন্তু সেই সব জল্পনায় জল ঢেলে শুক্রবার রিজার্ভ ব্যাঙ্ক (RBI) রেপো রেট ২৫ বেসিস পয়েন্ট কমাল। ৫.৫ শতাংশ থেকে নেমে রেপো রেট দাঁড়াল ৫.২ শতাংশ। চলতি বছরে এ নিয়ে মোট ১২৫ বেসিস পয়েন্ট রেট কাট করল কেন্দ্রীয় ব্যাঙ্ক। ফলে এখন প্রশ্ন একটাই—হোম লোন (Home loan) কি সত্যিই সস্তা হবে?
রেপো রেট কাকে বলে? (What is repo rate)
রেপো রেট হল সেই সুদের হার, যে হারে বাণিজ্যিক ব্যাঙ্কগুলি স্বল্পমেয়াদি প্রয়োজন মেটাতে রিজার্ভ ব্যাঙ্কের কাছ থেকে ঋণ (Loan) নেয়। অর্থাৎ ব্যাঙ্কগুলির কাছে নগদের ঘাটতি হলে তারা আরবিআই-এর থেকে যে সুদের হারে টাকা ধার করতে পারে, সেটাই রেপো রেট (Repo Rate)। এই রেট কমলে ব্যাঙ্কের ঋণ নেওয়ার খরচ কমে যায়, ফলে ব্যাঙ্কও সাধারণ গ্রাহকদের দেওয়া ঋণের সুদ কমাতে পারে। তাই রেপো রেট কমলে সাধারণত হোম লোন, গাড়ির লোন (Car Loan) বা ব্যক্তিগত ঋণের EMI কমার সম্ভাবনা তৈরি হয়।
মুদ্রানীতি কমিটির সর্বসম্মত সিদ্ধান্ত
তিন দিনের বৈঠকে বর্তমান আর্থিক পরিস্থিতি পর্যালোচনা করে এই সিদ্ধান্ত নিয়েছে মুদ্রানীতি কমিটি (MPC)। আরবিআই গভর্নর সঞ্জয় মালহোত্রা জানান, মুদ্রাস্ফীতি, বৃদ্ধির পূর্বাভাস ও বাজারে তারল্যের প্রয়োজনীয়তা খতিয়ে দেখে সর্বসম্মতভাবে রেপো রেট কমানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
তাঁর কথায়, “রেপো রেট ২৫ বেসিস পয়েন্ট কমিয়ে ৫.২৫ শতাংশ করা হল। স্ট্যান্ডিং ডিপোজিট ফ্যাসিলিটি (SDF) রেট নেমে হল ৫%, আর MSF ও ব্যাঙ্ক রেট ৫.৫%।”
আরবিআই আরও জানিয়েছে, আর্থিক ব্যবস্থায় তারল্য ফেরাতে এই ডিসেম্বরেই ১ লক্ষ কোটি টাকার সরকারি বন্ড OMO ক্রয় এবং ৫ বিলিয়ন ডলারের তিন বছরের ডলার–রুপি বাই-সেল সোয়াপ করবে রিজার্ভ ব্যাঙ্ক।
হোম লোন সস্তা হবে? কী বলছেন বিশেষজ্ঞরা
রিয়েল এস্টেট ব্যবসায়ীরা রেপো রেট কমার ঘোষণাকে স্বাগত জানিয়েছে। অশোকা গ্রুপের চেয়ারম্যান অরুণাভ কর বলেন, “বছরের শেষে এই রেট কাট ক্রেতাদের জন্য বড় স্বস্তি। বিশেষ করে সাশ্রয়ী ও মধ্যবিত্ত সেগমেন্টে সুদের হারের ওঠানামার প্রভাব সবচেয়ে বেশি। ব্যাঙ্কগুলি দ্রুত এই সুবিধা দিলে বিক্রির গতি আরও বাড়বে।”
২০২৫ সালে দেশের শীর্ষ সাত শহরে আবাসনমূল্য গড়ে প্রায় ১০% বেড়েছে। ফলে সুদের হার কমলে গৃহঋণযোগ্যতা কিছুটা বাড়বে বলে মনে করা হচ্ছে।
অরুণাভর কথায়, “প্রিমিয়াম সেগমেন্টে ইএমআই বাড়ায় অনেকেই দোটানায় ছিলেন। সুদের হার কমলে আত্মবিশ্বাস বাড়বে।” তবে রিয়েল এস্টেট ডেভেলপারদের সামনে অন্য চ্যালেঞ্জও রয়েছে। টাকা দুর্বল হওয়ায় আমদানি করা নির্মাণসামগ্রীর দাম বাড়ছে। এতে প্রকল্পের খরচ বাড়তে পারে। তবে এটাও যে বিপরীতে দুর্বল টাকা অনাবাসী ভারতীয় ক্রেতাদের কাছে ভারতীয় রিয়েল এস্টেটকে আরও আকর্ষণীয় করছে।
ব্যাঙ্কগুলি কবে সুদের হার কমাবে? (when to expect rate cut in home loan)
বর্তমানে বেশির ভাগ হোম লোনই এক্সটার্নাল বেঞ্চমার্ক লেন্ডিং রেট (EBLR) -এর সঙ্গে যুক্ত। ফলে RBI রেপো রেট কমালেই ব্যাঙ্কগুলির সুদের হার কমানোর কথা। তবে গৃহঋণগ্রহীতারা এখন তাকিয়ে আছেন—এই সুবিধা কত দ্রুত তাঁদের EMI-তে প্রতিফলিত হয়।
রেপো রেট কমায় গৃহঋণ সস্তা হওয়ার সম্ভাবনা জোরদার হলেও সবটাই নির্ভর করছে ব্যাঙ্কগুলির উপর। তারা কবে এবং কত দ্রুত এই সুবিধা সাধারণ মানুষের কাছে পৌঁছে দেয়, সেটাই এখন দেখার।