দ্রব্যমূল্যবৃদ্ধি একটু লাঘব হওয়ায় এবং আন্তর্জাতিক অর্থনীতির অনিশ্চয়তার কথা মাথায় রেখে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া অগস্ট মাসে রেপো রেট ২৫ বেসিস পয়েন্ট কমাতে পারে।

প্রতীকী ছবি।
শেষ আপডেট: 2 August 2025 13:38
দ্য ওয়াল ব্যুরো: দ্রব্যমূল্যবৃদ্ধি একটু লাঘব হওয়ায় এবং আন্তর্জাতিক অর্থনীতির অনিশ্চয়তার কথা মাথায় রেখে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া অগস্ট মাসে রেপো রেট ২৫ বেসিস পয়েন্ট কমাতে পারে। শনিবার স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার একটি রিপোর্টে এই আঁচ দিয়ে বলা হয়েছে, ঋণবৃদ্ধির হারকে আরও চাঙ্গা করতে এই পদক্ষেপ নিতে পারে জাতীয় ব্যাঙ্ক।
স্টেট ব্যাঙ্কের রিপোর্ট অনুযায়ী, আসন্ন আর্থিক নীতি কমিটির বৈঠকে, যা আগামী ৪-৬ অগস্ট হবে, তাতে রেপো রেটে ২৫ বেসিস পয়েন্ট ছাঁটাই করতে পারে আরবিআই। রিপোর্টে আরও বলা হয়েছে, অগস্টেই ফ্রন্টলোডেড রেট কাট অর্থাৎ স্বাভাবিকের তুলনায় বেশি হারে সুদের হার আগাম কেটে নেওয়ায়, আগাম দেওয়ালি ডেকে আনবে। ঋণের পরিমাণ বৃদ্ধি পাবে বিশেষত উৎসব মরশুমের ঠিক মুখেই।
রিপোর্ট অতীতের দৃষ্টান্ত দিয়ে বলেছে, আগেকার হিসাব বলছে দিওয়ালির আগে রেপো রেটের বেসিস পয়েন্টে ছাঁটাই ঋণের পরিমাণ বৃদ্ধি করে। আমরা আশা করছি, আরবিআই অগস্টে ২৫ বেসিস পয়েন্ট ছাঁটাই করে ফ্রন্টলোডিং নীতি বজায় রাখতে পারে, রিপোর্টে জানিয়েছে স্টেট ব্যাঙ্ক।
২০১৭ সালের দৃষ্টান্ত দিয়ে এসবিআই বলেছে, সে বছর ২৫ বেসিস পয়েন্ট কমিয়ে দিওয়ালির শেষ পর্যন্ত ১,৯৫৬ বিলিয়ন টাকার ঋণবৃদ্ধি ঘটেছিল, যার মধ্যে ৩০ শতাংশই ছিল ব্যক্তিগত ঋণ। রিপোর্টে উল্লেখ করা হয়েছে, দেওয়ালি হল ভারতের সর্ববৃহৎ উৎসব। এই সময় বিভিন্ন ভোগ্যপণ্য খরিদের ঢেউ দেখা দেয়। সেই সময় অপেক্ষাকৃত কম সুদের হার পেলে গ্রাহকদের মধ্যেও ঋণগ্রহণের প্রবণতা বৃদ্ধি পায়।
রিপোর্টে জোর দিয়ে বলা হয়েছে, মুদ্রাস্ফীতি গত কয়েক মাস ধরে আরবিআইয়ের লক্ষ্য অনুযায়ী বাঁধা পড়ে রয়েছে। ফলে এই অবস্থায় রেপো রেটে ২৫ বেসিস পয়েন্ট কমালে তাতে জাতীয় স্তরে বিপুল পরিমাণ লক্ষ্মীলাভ হবে।