রবিবার বাজেট-পরবর্তী এক আলাপচারিতায় দেশের যুবসমাজের মুখোমুখি হন অর্থমন্ত্রী। ২০২৬ সালের কেন্দ্রীয় বাজেট (Budget 2026) কীভাবে দেশের তরুণ প্রজন্মের আকাঙ্ক্ষা, ভাবনা এবং শক্তির ওপর ভিত্তি করে তৈরি হয়েছে, তা নিয়ে বিস্তারিত আলোচনা করেন তিনি।

শেষ আপডেট: 2 February 2026 18:21
দ্য ওয়াল ব্যুরো: বাজেট নিয়ে কলেজ-বিশ্ববিদ্যালয়ের পড়ুয়াদের সঙ্গে কথা বললেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন (Nirmala Sitaraman)।পশ্চিমবঙ্গ থেকে এই আলাপচারিতায় অংশ নেন বিশ্বভারতীর ছাত্র-ছাত্রীরা।
রবিবার বাজেট-পরবর্তী এক আলাপচারিতায় দেশের যুবসমাজের মুখোমুখি হন অর্থমন্ত্রী। ২০২৬ সালের কেন্দ্রীয় বাজেট (Budget 2026) কীভাবে দেশের তরুণ প্রজন্মের আকাঙ্ক্ষা, ভাবনা এবং শক্তির ওপর ভিত্তি করে তৈরি হয়েছে, তা নিয়ে বিস্তারিত আলোচনা করেন তিনি।
এই অধিবেশন চলাকালীন, তিনি শান্তিনিকেতন থেকে সংযুক্ত বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের পড়ুয়াদের সঙ্গে কথা বলেন। জাতীয় ও সাংস্কৃতিক ঐতিহ্যের দিক থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ এই বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীদের সঙ্গে মতবিনিময় করতে পেরে তিনি অত্যন্ত গর্বিত বলে জানান।
বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের (Visva Bharati University ) হিন্দি বিভাগের ছাত্রী সৌম্যা প্যাটেল প্রশ্ন করেন, বাজেটের সঙ্গে যুক্ত ক্ষেত্রগুলিকে ভাষা শিক্ষার সঙ্গে যুক্ত করা সম্ভব কি না। উত্তরে অর্থমন্ত্রী বলেন যে, আজকের ভারতে ‘ভাষিনী’র মতো প্রযুক্তি-নির্ভর প্ল্যাটফর্মের সাহায্যে জ্ঞানের ক্ষেত্রে ভাষার কোনও বাধা নেই। তিনি বিভিন্ন বিষয়ের সঙ্গে প্রাসঙ্গিক জ্ঞান অর্জনের ওপর গুরুত্ব আরোপ করেন যাতে কোনও বিষয় বোঝা সহজ হয়। তিনি বলেন, 'শিক্ষাক্ষেত্র, নীতি নির্ধারণ, জনসংযোগ বা শাসনব্যবস্থা-যে কোনও ক্ষেত্রেই আপনি আপনার ভাষার দক্ষতার সঙ্গে বাজেট ও আর্থিক প্রক্রিয়ার জ্ঞানকে যুক্ত করতে পারেন। এই সমন্বয় অত্যন্ত মূল্যবান।'
বিশ্বভারতীর আর এক ছাত্রী ঈশা হালদার অর্থমন্ত্রীর ছাত্রজীবনের অনুপ্রেরণা ও লক্ষ্য নিয়ে কিছু প্রশ্ন করেন। নিজের অভিজ্ঞতার কথা বলতে গিয়ে শ্রীমতী সীতারামন বলেন, কীভাবে উচ্চশিক্ষার জন্য তিনি অনেক দূর থেকে একাই দিল্লি গিয়েছিলেন। তিনি বলেন, '১৯ বছর বয়সে আমার স্বপ্ন ছিল দিল্লি এসে দিল্লি বিশ্ববিদ্যালয় অথবা জেএনইউ-তে পড়াশোনা করা। আমার বাবা-মা সম্পূর্ণ সমর্থন করেছিলেন। আমি একাই এসেছিলাম, একাধিক প্রবেশিকা পরীক্ষা দিয়েছি এবং তারপর সুযোগ পেয়েছি।'
এই আলাপচারিতা নীতি নির্ধারণের ক্ষেত্রে যুবসমাজকে গুরুত্ব দেওয়ার সরকারি প্রতিশ্রুতিকে আরও দৃঢ় করল। শিক্ষা, দক্ষতা বৃদ্ধি এবং ভবিষ্যৎমুখী উন্নয়নের লক্ষ্যে ২০২৬ সালের কেন্দ্রীয় বাজেট যুবসমাজের দেওয়া ভাবনা থেকেই অনুপ্রাণিত হয়েছে।