জৈন গ্রুপের (Jain Group) ম্যানেজিং ডিরেক্টর ঋষি জৈনের কথায়, “দীর্ঘমেয়াদি দৃষ্টিভঙ্গি গুরুত্বপূর্ণ, কিন্তু বাজারকে চাঙ্গা করতে এখনই যে আর্থিক সহায়তা দরকার, তা এই বাজেটে অনুপস্থিত।”

শেষ আপডেট: 1 February 2026 21:42
দ্য ওয়াল ব্যুরো: কেন্দ্রীয় বাজেট ২০২৬–কে (Budget 2026) ঘিরে রিয়েল এস্টেট শিল্পে মিশ্র প্রতিক্রিয়া দেখা যাচ্ছে। এদিন সন্ধেয় জৈন গ্রুপের (Jain Group) ম্যানেজিং ডিরেক্টর ঋষি জৈন (Rishi Jain) বাজেট নিয়ে প্রতিক্রিয়ায় বলেন, এই বাজেটের উদ্দেশ্য আশাব্যঞ্জক হলেও বাস্তবে রিয়েল এস্টেট (Real estate) ক্ষেত্রের জন্য তাৎক্ষণিক স্বস্তির অভাব স্পষ্ট।
ঋষি জৈনের মতে, বাজেটে ঘোষণা করা মূলধন খাতে ১২.২ লক্ষ কোটি টাকার বরাদ্দ (ক্যাপেক্স) এবং শহরকেন্দ্রিক অর্থনৈতিক অঞ্চল গঠনের প্রস্তাব (City Economic Regions) নিঃসন্দেহে দীর্ঘমেয়াদি নগর উন্নয়ন ও পরিকল্পনার ইঙ্গিত দিচ্ছে। তবে বর্তমান বাস্তবতায় রিয়েল এস্টেট শিল্প যে তারল্যের সংকট ও আর্থিক চাপে রয়েছে, তার কোনও সরাসরি সমাধান বাজেটে দেখা যায়নি। অর্থাৎ ইমিডিয়েট রিলিফ নেই। তাঁর কথায়, “দীর্ঘমেয়াদি দৃষ্টিভঙ্গি গুরুত্বপূর্ণ, কিন্তু বাজারকে চাঙ্গা করতে এখনই যে আর্থিক সহায়তা দরকার, তা এই বাজেটে অনুপস্থিত।”
রিয়েল এস্টেটকে ইনফ্রাস্ট্রাকচার স্ট্যাটাস দেওয়ার ব্যাপারে এই শিল্পক্ষেত্রের বহুদিনের দাবি রয়েছে। গৃহঋণের ক্ষেত্রে ২৪ (বি) ধারার (Section 24(b) আওতায় সুদ বাবদ করছাড়ের সীমা বাড়ানোর বিষয়টিও বাজেটে উপেক্ষিত থেকেছে বলে ঋষি জৈনের মত। এর ফলে মধ্যবিত্ত গৃহক্রেতাদের উৎসাহিত করার মতো এই বাজেটে কিছু নেই বলেই মনে করছেন তিনি।
ঋষি জৈনের পর্যবেক্ষণ, এই বাজেটে সরাসরি গৃহক্রেতা বা ডেভেলপারদের নগদ প্রবাহ বাড়ানোর বদলে সরকার বেশি গুরুত্ব দিয়েছে আরইআইটি (Real Estate Investment Trust) মনিটাইজেশন, প্রধানমন্ত্রী আবাস যোজনা এবং কাঠামোগত সংস্কারের উপর। এগুলি দীর্ঘমেয়াদে বাজারের জন্য ইতিবাচক হলেও, বর্তমান বৈশ্বিক অনিশ্চয়তার আবহে রিয়েল এস্টেট ক্ষেত্রকে পুনরুজ্জীবিত করতে যে স্বল্পমেয়াদি আর্থিক উৎসাহ প্রয়োজন, তা অনুপস্থিত বলেই তাঁর মত।
তিনি আরও বলেন, সুদের হার, নির্মাণ ব্যয় বৃদ্ধি এবং আন্তর্জাতিক অর্থনৈতিক অস্থিরতার প্রভাব ইতিমধ্যেই রিয়েল এস্টেট বাজারে চাপ সৃষ্টি করেছে। এই পরিস্থিতিতে বাজেট থেকে আরও বাস্তবভিত্তিক সহায়তার প্রত্যাশা ছিল শিল্পমহলের।
তবে একই সঙ্গে তিনি স্বীকার করেন, দীর্ঘমেয়াদি নগর পরিকল্পনা, পরিকাঠামো সম্প্রসারণ এবং সংগঠিত রিয়েল এস্টেট বাজার গড়ে তোলার লক্ষ্যে সরকারের দৃষ্টিভঙ্গি স্পষ্ট। “এই বাজেট মূলত ভবিষ্যতের শহর ও নগর অর্থনীতিকে কেন্দ্র করে তৈরি—তাৎক্ষণিক বাজার পুনরুদ্ধারের চেয়ে দীর্ঘমেয়াদি স্থিতিশীলতাকেই অগ্রাধিকার দেওয়া হয়েছে,” বলে জানান জৈন গ্রুপের কর্ণধার।