এক্স পোস্টে সরস্বতী পুজো ও স্কুলবেলা এবং দু দেশে ধর্মনির্বিশেষে নাগরিকদের উপর বাগদেবীর আরাধনা ও উৎসবের ইতিবাচক প্রভাব তুলে ধরে ছোট অ্যানিমেশন ফিল্মও শেয়ার করেছেন বাংলাদেশের হাই কমিশনার।

ঢাকার একটি পুজো মণ্ডপ। শুক্রবার।
শেষ আপডেট: 23 January 2026 15:38
দ্য ওয়াল ব্যুরো: 'বিদ্যার অধিষ্ঠাত্রী, হংসবাহিনী দেবী সরস্বতীর বন্দনায় বাংলাদেশ-ভারতের উৎসবের এ দিনে, আমাদের সকলের মাঝে জ্ঞান, প্রজ্ঞার উষ্ণ আলোয় ছড়িয়ে পড়ুক সঙ্গীতসম সম্প্রীতি। সকলকে শুভ সরস্বতী পূজা (Saraswati puja)।'
সরস্বতী পুজো উপলক্ষে শুভেচ্ছা বার্তায় বলেছেন দিল্লিতে দায়িত্বপ্রাপ্ত বাংলাদেশের হাই কমিশনার (Bangladesh High Commissioner) রিয়াজ হামিদুল্লাহ। এক্স পোস্টে সরস্বতী পুজো ও স্কুলবেলা এবং দু দেশের সামাজিক জীবনে ধর্মনির্বিশেষে নাগরিকদের উপর বাগদেবীর আরাধনা ও উৎসবের ইতিবাচক প্রভাব তুলে ধরে ছোট অ্যানিমেশন ফিল্মও শেয়ার করেছেন তিনি।
বাংলাদেশে আগামী ১২ ফেব্রুয়ারি জাতীয় সংসদ নির্বাচনের জন্য ভোট নেওয়া কথা। নির্বাচনের দিন যত এগোচ্ছে ততই দু'দেশের মধ্যে সম্পর্ক ঘিরে উত্তেজনা বাড়ছে। নিরাপত্তার আশঙ্কার কথা বলে ভারতে টি-২০ বিশ্বকাপ খেলতে না আসার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ। অন্যদিকে, প্রকাশ্যে নিরাপত্তা ঝুঁকির কথা না বললেও ভারত সরকার বাংলাদেশ থেকে কূটনীতিকদের আত্মীয় পরিজনদের দেশে ফিরে আসতে বলেছে। আজ শুক্রবার ভারতে অবস্থানরত বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী তথা আওয়ামী লিগ নেত্রী শেখ হাসিনার দিল্লিতে একটি অনুষ্ঠানে অংশ নেওয়ার কথা। সেই অনুষ্ঠানের প্রাক্কালে বাংলাদেশের বিদেশ উপদেষ্টা তৌহিদ হোসেন সংবাদ মাধ্যমকে বলেছেন তাঁরা চান না শেখ হাসিনা ভারতে বসে কথা বলুন।
এবার নির্বাচনে বিএনপি ভারত বিরোধিতায় সুর না চড়ালেও জামায়াতে ইসলামী এবং অন্যান্য কট্টরপন্থী ইসলামী দলগুলি, নয়াদিল্লীর মুণ্ডপাত করছে নির্বাচনী প্রচারে। তাছাড়া শেখ হাসিনাকে ফেরত দেওয়ার ইসুতে অন্তর্বর্তী সরকারের সঙ্গে ভারতের বিরোধ চলমান। ভারতপন্থী কট্টর ইসলামিক নেতা ওসমান হাদির মৃত্যুতে ভারতের হাত থাকার অভিযোগ ঘিরে দু'দেশের মধ্যে সম্পর্কের বের অবনতি হয়। তার জেরে দু দেশেরই হাইকমিশন অফিসের বাইরে একদল লোক বিক্ষোভ প্রদর্শন করে। নিরাপত্তার কথা বলে দুই দেশই ভিসা দেওয়া সীমিত করে রেখেছে।

ঢাকার একটি পরিবারে শিশুর হাতেখড়ি
এই উত্তেজনার মাঝেও দিল্লিতে কর্মরত বাংলাদেশের হাই কমিশনার দু-দেশের ভাষা, খাবার, পোশাক এবং ধর্মীয় ও সামাজিক উৎসবের অভিনেতার দিকগুলি তুলে ধরে সম্পর্কে সম্প্রীতি ফেরানোর বার্তা দিচ্ছেন। গত সপ্তাহে তিনি জয়পুর লিটারেচার ফেস্টিভ্যালে আমন্ত্রিত ছিলেন। সেখানে তিনি বলেন, 'কৃতী ও আদর্শবাদীদের উদ্যমী সমাবেশের ধারণা তৈরি ও তা আয়োজন করা এবং কাল্পনিক থেকে বাস্তব বিষয় নিয়ে সকলের কথা বলার বা বিতর্ক করার জন্য একটি 'মুক্ত স্থান' গড়ে তোলা জরুরি। 'অন্যদের' কথা শোনা অবশ্যই একটি গুণ হিসেবে প্রাধান্য পেতে হবে।'
ক'দিন আগেই বাংলাদেশের এই হাইকমিশনার বেঙ্গালুরু গিয়ে ভারতের নামজাদা আধ্যাত্মিক গুরু রবি শংকরের সঙ্গে দেখা করেন। এই সাক্ষাৎকার নিয়ে বার্তায় তিনি ভারত ও বাংলাদেশের আধ্যাত্মিকতার অভিন্যতার উল্লেখ করেন।
অন্যদিকে উৎসবের অভিনেতা তুলে ধরতে তিনি দুর্গাপুজোর পাশাপাশি দীপাবলি, মকর সংক্রান্তি, ইদের উল্লেখ করেছেন যেখানে ধর্ম নির্বিশেষে বিদেশের মানুষের সামাজিক মিলনের দীর্ঘ ঐতিহ্য রয়েছে।
বাংলাদেশের অন্তর্বর্তী সরকার থেকে শুরু করে বিএনপি সহ রাজনৈতিক দলগুলি বারে বারেই ভারতের বিরুদ্ধে অভিযোগ করে থাকে অতীতে নয়া দিল্লি শুধুমাত্র শেখ হাসিনা ও আওয়ামী লিগ সরকারের সঙ্গে সম্পর্ক রক্ষা করত। এই অভিযোগ প্রথম তুলেছিলেন সদ্যপ্রয়াত বিএনপি নেত্রী তথা সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া। হালে বিএনপির নবনিযুক্ত চেয়ারম্যান তারেক রহমান এবং দলের গর্শিয়ার নেতা মির্জা ফখরুল ইসলাম আলমগীর, জামায়াতে ইসলামের আমির শফিকুর রহমান সহ একাধিক নেতা দু'দেশের সম্পর্কে নাগরিক যোগাযোগকে প্রাধান্য দেওয়ার দাবি তুলেছেন। সেদিক থেকে বলা যায়, রিয়াজ হামিদুল্লাহ তার দেশের বর্তমান বৈদেশিক নীতিকেই প্রাধান্য দিয়ে সামাজিক ও ধর্মীয় উৎসব গুলির মধ্যে সীমান্তের কাঁটাতার পেরিয়ে অভিন্নতার দিকগুলি তুলে ধরছেন।