শীতে হাত-পা বারবার ঠান্ডা হয়ে যাওয়া শুধু আবহাওয়ার দোষ নাও হতে পারে। জেনে নিন সাবধান হন।

প্রতীকী ছবি
শেষ আপডেট: 15 January 2026 16:53
দ্য ওয়াল ব্যুরো: শীত পড়তেই হিমশীতল হাত, এই অভিযোগ এখন ঘরে ঘরে। দৈনন্দিন কাজকর্মে অস্বস্তি বাড়াচ্ছে ঠান্ডা আঙুল। কারণ এমন হলে হালকা ব্যথা পর্যন্ত হতে পারে। কিন্তু শুধু শীতের দাপটেই কি এমন হচ্ছে?
বিশেষজ্ঞদের মতে, অনেক ক্ষেত্রেই এটা শরীরের স্বাভাবিক প্রতিক্রিয়া হলেও, কখনও কখনও এর আড়ালে লুকিয়ে থাকতে পারে গুরুতর স্বাস্থ্যসমস্যা।
শীতকালে শরীর নিজের মতো করে তাপ বাঁচাতে চায়। হার্ট (Heart) আর মস্তিষ্কর (Brain) মতো গুরুত্বপূর্ণ অঙ্গ রক্ষা করতে ত্বকের কাছের ছোট রক্তনালিগুলো সঙ্কুচিত হয়ে যায়-এই প্রক্রিয়াকে বলা হয় ভ্যাসোকনস্ট্রিকশন (Vasoconstriction)। ফলে হাত-পায়ের মতো দূরের অংশে রক্ত চলাচল কমে যায়।
এছাড়া, হাতের ত্বকের ক্ষেত্রফল বেশি হওয়ায় দ্রুত তাপ বেরিয়ে যায়, আর তাই হাতে সবচেয়ে বেশি ঠান্ডা লাগে। তবে শুধু এটুকুই নয়, আরও কয়েকটি কারণ এই সমস্যাকে বাড়িয়ে দিতে পারে।
কী কী কারণে হাত অতিরিক্ত ঠান্ডা হতে পারে?
রেনোড’স ফেনোমেনন (Raynaud's phenomenon)
ঠান্ডা বা মানসিক চাপের কারণে আঙুল ও পায়ের রক্তনালি অস্বাভাবিকভাবে সঙ্কুচিত হয়ে যায়। ফলে আঙুল সাদা, নীল এবং পরে লাল রঙ ধারণ করতে পারে। সঙ্গে থাকতে পারে ঝিনঝিনি বা ব্যথা।
খারাপ রক্ত সঞ্চালন (Poor circulation)
পেরিফেরাল আর্টারি ডিজিজ (Peripheral Artery Disease)-এর মতো সমস্যায় ধমনিতে চর্বি জমে রক্ত চলাচল বাধাপ্রাপ্ত হয়। এর সরাসরি প্রভাব পড়ে হাতে।
হাইপোথাইরয়েডিজম (Hypothyroidism)
থাইরয়েড গ্রন্থি কম কাজ করলে শরীরের বিপাক প্রক্রিয়া ধীর হয়ে যায়। ফলে সারাক্ষণ ঠান্ডা লাগা এবং হাত-পা ঠান্ডা হয়ে যাওয়ার প্রবণতা দেখা দেয়।
অ্যানিমিয়া (Anemia)
আয়রন বা ভিটামিন বি১২ (Vitamin B12)-এর ঘাটতিতে রক্তে অক্সিজেন বহনের ক্ষমতা কমে যায়। তার ফলেও হাত-পা ঠান্ডা হতে পারে।
ডায়াবেটিস (Diabetes)
দীর্ঘদিনের উচ্চ রক্তশর্করা রক্তনালি ও স্নায়ুর ক্ষতি করে। পারিফেরাল নিউরোপ্যাথি (Peripheral neuropathy)-র কারণে শরীরের তাপ নিয়ন্ত্রণ ব্যাহত হয়।
স্ট্রেস ও উদ্বেগ (Stress, Anxiety)
মানসিক চাপ হলে শরীরের ‘ফাইট অর ফ্লাইট’ (Fight or Flight) প্রতিক্রিয়া শুরু হয়। অ্যাড্রেনালিন (Adrenaline) নিঃসরণে রক্ত পেশির দিকে সরে যায়, হাতের দিকে কম পৌঁছয়।
কী করলে মিলতে পারে কিছুটা স্বস্তি?
গরম গ্লাভস বা মিটেন ব্যবহার করুন, স্তরে স্তরে পোশাক পরুন। হালকা ব্যায়াম, হাত নাড়াচাড়া বা দ্রুত হাঁটা রক্ত সঞ্চালন বাড়াতে সাহায্য করে। গরম পানীয় ধরুন, হ্যান্ড ওয়ার্মার ব্যবহার করুন, খুব ঠান্ডা হলে কুসুম গরম জলে হাত রাখুন।
আয়রন ও ভিটামিন বি সমৃদ্ধ খাবার খান, পর্যাপ্ত জল পান করুন। যোগ, ধ্যান বা মাইন্ডফুলনেস (Mindfulness) চর্চায় স্ট্রেস কমান।
কখন অবশ্যই চিকিৎসকের পরামর্শ নেবেন?
এ ধরনের উপসর্গ উপেক্ষা না করে দ্রুত চিকিৎসকের কাছে যাওয়া জরুরি। কারণ, শীতের আড়ালে লুকিয়ে থাকা সমস্যাই অনেক সময় বড় বিপদের ইঙ্গিত দেয়।