গুরুতর জখম অবস্থায় অবিনাশকে গীতানগরের কেজিএমটি হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা তাঁকে মৃত ঘোষণা করেন। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়েছে।

জুবিনের সঙ্গে অবিনাশ
শেষ আপডেট: 4 October 2025 13:08
দ্য ওয়াল ব্যুরো: দুর্গাপুজোর (Durga Puja 2025) আনন্দের মাঝেই রক্তাক্ত ঘটনা গুয়াহাটিতে (Assam Guwahati)। সদ্য প্রয়াত জুবিন গর্গের (Zubeen Garg Death) গান বাজানোর অনুরোধ করায় প্যান্ডেলে এক যুবককে পিটিয়ে খুন (Murder) করা হল বলে অভিযোগ। বৃহস্পতিবার সন্ধ্যায় ঘটনাটি ঘটেছে গুয়াহাটির বামুনিমইদাম এলাকার কালিবাড়ি জাগৃতি সংঘ রেলওয়ে কলোনি পুজো মণ্ডপে।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, নিহত যুবকের নাম অবিনাশ রাজক (২৬)। প্রত্যক্ষদর্শীদের দাবি, মণ্ডপে নাচের সময় অবিনাশ জুবিন গর্গের (Zubeen Garg Song) গান বাজানোর অনুরোধ করেন। সেই সময় উপস্থিত ২০-২৫ জনের একটি দল— যাদের মধ্যে সুজিত সরকার ও রাতুল বরা নামে দুই যুবক নেতৃত্ব দিচ্ছিল বলে অভিযোগ, যুবকের ওপর চড়াও হয়। শুরু হয় বেধড়ক মারধর।
গুরুতর জখম অবস্থায় অবিনাশকে গীতানগরের কেজিএমটি হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা তাঁকে মৃত ঘোষণা করেন। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়েছে।
অবিনাশের পরিবারের পক্ষ থেকে চাঁমারী থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। পুলিশ ইতিমধ্যে খুনের তদন্ত শুরু করেছে। অভিযুক্তদের শনাক্ত ও গ্রেফতারের চেষ্টা চলছে বলে জানিয়েছে গুয়াহাটি পুলিশ।
একই দিনে আরও এক সহিংস ঘটনা ঘটেছে অসমের ডিব্রুগড়ে। দুর্গাপুজোর প্রতিমা বিসর্জন মিছিলে এক যুবককে ছুরি মেরে জখম করা হয়েছে বলে অভিযোগ।
আহতের নাম আশিস পাণ্ডে। তিনি গ্রাহাম বাজার এলাকার বাসিন্দা। বর্তমানে তিনি অসম মেডিক্যাল কলেজ ও হাসপাতালে (AMCH) চিকিৎসাধীন। হাসপাতালের বিছানা থেকেই আশিস অভিযোগ করেন, স্থানীয় এক ব্যক্তি সুজিত শাহ তাঁকে ডেকে নিয়ে গিয়ে আক্রমণ করে।
আশিস বলেন, “আমরা আগেও ওর মাদক বিক্রির বিরোধিতা করেছিলাম। সম্ভবত সেই আক্রোশেই ও আমাকে ডেকে নিয়ে আচমকা ছুরি মারে। দেখি পেট থেকে রক্ত বেরোচ্ছে।”
ঘটনার পর ডিব্রুগড় থানায় এফআইআর দায়ের হয়েছে। পুলিশ অভিযুক্ত সুজিত শাহকে গ্রেফতার করে জিজ্ঞাসাবাদ শুরু করেছে। অসমজুড়ে দুর্গাপুজোর উৎসবের আবহের মধ্যেই এমন দুই নৃশংস ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। পুলিশ জানিয়েছে, “উভয় ক্ষেত্রেই তদন্ত চলছে। অভিযুক্তদের কাউকেই ছাড় দেওয়া হবে না।”