এনডিএ-র শরিকদের সঙ্গে বৈঠকে তরুণ কংগ্রেস নেতাদের (Congress Youth Leader) গুণগান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর (Narendra Modi)।

রাহুল গান্ধী ও মোদী
শেষ আপডেট: 21 August 2025 16:35
দ্য ওয়াল ব্যুরো: এনডিএ-র শরিকদের সঙ্গে বৈঠকে তরুণ কংগ্রেস নেতাদের (Congress Youth Leader) গুণগান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর (Narendra Modi)। বলেন, দলের এই উদীয়মান মুখগুলো সুযোগ পাচ্ছেন না। সূত্রের খবর, প্রধানমন্ত্রীর মন্তব্য— পরিবারের ‘অসুরক্ষা বোধে’ কংগ্রেসে প্রতিভাবান নেতাদের কণ্ঠরোধ করা হচ্ছে। এতে রাহুল গান্ধীও (Rahul Gandhi) নাকি অস্বস্তি বোধ করছেন।
বুধবার সংসদ অধিবেশন শেষে চায়ের আড্ডায় এনডিএ নেতাদের উদ্দেশে মোদী বলেন, সদ্য সমাপ্ত অধিবেশন গুরুত্বপূর্ণ নানা বিল পাশ হওয়ার জন্য ঐতিহাসিক হয়ে থাকবে। বিশেষত অনলাইন গেমস বিলকে তিনি অভিহিত করেন "দূরপ্রসারী প্রভাব ফেলবে" এমন একটি আইন হিসাবে। তাঁর বক্তব্য, এই বিলে যথেষ্ট আলোচনা হওয়া উচিত ছিল।
সংসদে গত ২০ অগস্ট পাশ হওয়া প্রমোশন অ্যান্ড রেগুলেশন অব অনলাইন গেমিং বিল, ২০২৫-এ অনলাইন অর্থভিত্তিক খেলা নিষিদ্ধ করা হয়েছে। আইন ভাঙলে খেলোয়াড় থেকে আয়োজক— সকলে কঠোর শাস্তির মুখে পড়বেন। সূত্রের দাবি, প্রধানমন্ত্রী বিরোধীদের সমালোচনা করেছেন, কারণ তাঁরা বিল নিয়ে আলোচনায় না নেমে বরং কেবল বিঘ্ন ঘটাতেই ব্যস্ত ছিলেন।
অন্যদিকে, অল ইন্ডিয়া গেমিং ফেডারেশন (AIGF) ইতিমধ্যেই কেন্দ্রের কাছে হস্তক্ষেপ চেয়ে আবেদন জানিয়েছে। সংগঠনের দাবি, পুরোপুরি নিষেধাজ্ঞা জারি হলে গোটা শিল্পই ক্ষতিগ্রস্ত হবে।
তবে সংসদে পরিস্থিতি ছিল উত্তাল। স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের তিনটি বিতর্কিত বিলের কপি ছিঁড়ে ফেলেন বিরোধী নেতারা। সেই সব বিলের মধ্যে একটিতে গুরুতর অভিযোগে গ্রেফতার হলে প্রধানমন্ত্রী বা মুখ্যমন্ত্রীর পদচ্যুতি সংক্রান্ত প্রস্তাব রয়েছে।