‘প্রাক্তন স্ত্রীকে বিরক্ত করলে মেট্রো স্টেশন উড়িয়ে দেব’ এমন হুমকিতে চাঞ্চল্য বেঙ্গালুরুতে। ঘটনাটি নিয়ে শুরু হয়েছে তদন্ত।

বেঙ্গালুরু মেট্রো (ফাইল ছবি)
শেষ আপডেট: 18 November 2025 12:22
দ্য ওয়াল ব্যুরো: বেঙ্গালুরু মেট্রো রেল কর্পোরেশনের (BMRCL) অফিসিয়াল মেল আইডিতে এল স্টেশন উড়িয়ে দেওয়ার হুমকি মেল। প্রেরকের দাবি, তাঁর ‘প্রাক্তন স্ত্রী’কে মানসিকভাবে হেনস্থা করা হচ্ছে। এমন হতে থাকলে তিনি নাকি উড়িয়ে দেবেন একটি আস্ত মেট্রো স্টেশন।
ঘটনাটি ঘটেছে ১৩ নভেম্বর রাত ১১টা ২৫ মিনিটে। জিমেইল অ্যাকাউন্ট থেকে পাঠানো মেলটিতে লেখা ছিল, সংস্থার কোনও কর্মী যদি ডিউটির পরে তাঁর ‘ডিভোর্সড স্ত্রী পদ্মিনীকে’ নির্যাতন করেন, তবে তার ফল ভুগতে হবে মেট্রো কর্তৃপক্ষকেই। আরও দাবি, তিনি ‘কন্নড়িদের বিরুদ্ধে দেশপ্রেমিক সন্ত্রাসীর মতো’ আচরণ করতে দ্বিধা করবেন না।
হুমকি–মেল পাওয়ার পরই একজন সিনিয়র বিএমআরসিএল আধিকারিক থানায় অভিযোগ দায়ের করেন। পুলিশ মামলা রুজু করে প্রেরকের পরিচয় ও অবস্থান খোঁজার জন্য তদন্ত শুরু করেছে।
সম্প্রতি বেঙ্গালুরুতে ভুয়ো বোমা–হুমকির আরও একটি বড় মামলার তদন্ত হয়। একাধিক বেসরকারি স্কুলে হুমকি–মেল পাঠানোর অভিযোগে গ্রেফতার হন সফটওয়্যার ইঞ্জিনিয়ার রেনে জোশিল্ডা।
গত ১৪ জুন একটি পাবলিক স্কুলে বোমা–হুমকি আসার পর তদন্ত শুরু হয়। পরে একের পর এক শিক্ষাপ্রতিষ্ঠানে একই ধরনের মেল পৌঁছনোয় সন্দেহের তীর ঘুরে যায় রেনের দিকে। অভিযোগ, প্রেমিক বিয়ে করতে রাজি না হওয়ায় তাঁর নাম ব্যবহার করেই রেনে এসব ভুয়ো হুমকি পাঠাতেন।
২৮ অক্টোবর তাঁকে আমদাবাদ জেল থেকে বেঙ্গালুরুতে এনে জিজ্ঞাসাবাদ করা হয়। তদন্তে উঠে আসে, শুধু কর্নাটক নয়, মহারাষ্ট্র, রাজস্থান, তামিলনাডু, দিল্লি, কেরল, বিহার, তেলঙ্গানা, পাঞ্জাব, মধ্যপ্রদেশ ও হরিয়ানার কয়েকটি প্রতিষ্ঠানেও ভুয়ো হুমকি পাঠিয়েছিলেন তিনি।
পুলিশ জানিয়েছে, নিজের ডিজিটাল পরিচয় গোপন রাখতে রেনে বিভিন্ন ভিপিএন (VPN), ভার্চুয়াল মোবাইল নম্বর এবং একাধিক অস্থায়ী হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট ব্যবহার করতেন।