চালান হাতে পেয়েই চমকে ওঠেন অনমোল। সেখানে লেখা, জরিমানার পরিমাণ ২০ লক্ষ ৭৪ হাজার টাকা! হতবাক ব্যক্তি সেই চালানের ছবি তুলে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন।
.jpg.webp)
ভাইরাল ট্র্যাফিক পুলিশের চালান
শেষ আপডেট: 8 November 2025 18:25
দ্য ওয়াল ব্যুরো: হেলমেট না পরায় এক স্কুটারচালককে জরিমানা করা হল প্রায় ২১ লক্ষ টাকা, এদিকে সেই স্কুটারের দাম ছিল মাত্র এক লাখ! চালানের ছবি (viral challan) সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়তেই নেটপাড়ায় শুরু হয় হাসি-মশকরা আর ট্রোলের বন্যা (UP Viral incident)। তবে পরে জানা যায়, এই বিশাল অঙ্কের চালান আসলে পুলিশেরই একটি ছোট ভুলের ফলাফল।
ঘটনাটি ঘটেছে গত মঙ্গলবার মুজফ্ফরনগরের নিউ মান্ডি এলাকায়। স্থানীয় বাসিন্দা অনমোল সিংহল হেলমেট ছাড়াই স্কুটার চালাচ্ছিলেন। ট্রাফিক পুলিশের একটি টিম তাঁকে থামায় এবং প্রয়োজনীয় নথি চাইলে অনমোল জানান, তাঁর কাছে সেগুলো নেই। এরপরই তাঁর স্কুটার আটকে রাখা হয় এবং সঙ্গে সঙ্গে একটি ই-চালান ইস্যু করে ট্র্যাফিক পুলিশ।
চালান হাতে পেয়েই চমকে ওঠেন অনমোল। সেখানে লেখা, জরিমানার পরিমাণ ২০ লক্ষ ৭৪ হাজার টাকা! হতবাক ব্যক্তি সেই চালানের ছবি তুলে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন। কিছুক্ষণের মধ্যেই ছবিটি ভাইরাল হয়ে যায়। নেটিজেনরা বিস্মিত, এক লাখ টাকার স্কুটারের জন্য ২১ লাখ টাকার জরিমানা! শুরু হয় নানা মন্তব্য, মিম, ঠাট্টা আর কৌতূহল।
এদিকে বিষয়টি নজরে আসে পুলিশ প্রশাসনের। পরিস্থিতি বুঝে নড়েচড়ে বসে তারা। মুজফফরনগরের ট্রাফিক পুলিশ সুপার অতুল চৌবে জানান, এটি সম্পূর্ণ প্রযুক্তিগত ভুল, পাশাপাশি ওই ট্র্যাফিক পুলিশেরও গাফিলতি আছে। তিনি বলেন, “চালান ইস্যু করার সময় সাব-ইন্সপেক্টর ধারা ২০৭ উল্লেখ করেছিলেন, কিন্তু তার পরে ‘MV Act’ শব্দটি লিখতে ভুলে যান (typing error)। ফলে কম্পিউটার সিস্টেম ২০৭ ও ৪০০০ (ধারার ন্যূনতম জরিমানা) সংখ্যাগুলোকে একত্রে পড়ে ২০,৭৪,০০০ (কুড়ি লক্ষ চুয়াত্তর হাজার টাকা) হিসেবে দেখায়।”
যদিও পুলিশ জানিয়েছে, অনমোলকে কেবল চার হাজার টাকা জরিমানা দিতে হবে, ২১ লক্ষ টাকা নয়। ভুলটি এখন শুধরে নেওয়া হয়েছে, তবু মুজফফরনগরের এই '২১ লক্ষ টাকার চালান'-এর কাণ্ড ইতিমধ্যেই নেটদুনিয়ায় রসিকতার বিষয় হয়ে দাঁড়িয়েছে।