পরে একটি টিউবওয়েলের পাশে মৃত যুবকের দেহ উদ্ধার করে পুলিশ। প্রাথমিক তদন্তে নিশ্চিত হয়, ভিডিওতে যাকে গুলি করা হয়েছিল, সেই যুবকের নাম আদিল।

প্রতীকী ছবি
শেষ আপডেট: 3 October 2025 17:57
দ্য ওয়াল ব্যুরো: উত্তরপ্রদেশের (Uttar Pradesh) ঘটে গেল নৃশংস ঘটনা। এক যুবককে গুলি করে খুন (Shoot to Death) করল দুই বন্ধু। তাদের মধ্যে একজন আবার ঘটনাটি ভিডিও করে! ১১ সেকেন্ডে ৩ বার গুলি চালানো হয়েছে বলে স্থানীয় সূত্রে খবর।
মীরাটে (Meerut) প্রকাশ্য রাস্তায় এই ঘটনায় রীতিমতো আতঙ্ক ছড়িয়েছে এলাকায়। ওই যুবককে মারধর করারপর তিনবার গুলি করে তারই দুই বন্ধু। আর অপরাধের মুহূর্তেই ভিডিও (Video Footage) করে তা ছড়িয়ে দেওয়া হয় সোশ্যাল মিডিয়ায় (Social Media)। পুলিশ জানিয়েছে, শহরে এই প্রথম এমনভাবে খুনের ঘটনাকে ক্যামেরাবন্দি করে ইচ্ছে করে ভাইরাল করা হয়েছে।
যে ফুটেজ ভাইরাল হয়েছে তাতে দেখা গেছে, মাটিতে পড়ে থাকা যুবককে তার বন্ধু ১১ সেকেন্ড ধরে বুকে তিন গুলি করে। পাশে থাকা আর এক বন্ধু সেটির ভিডিও করছিল। ৩টি গুলি চলার পর ভিডিওর মধ্যে শোনা যায় — ড্রপ ইট। তার পরেই খুনি ও তার সঙ্গীরা মোটরবাইক নিয়ে চম্পট দেয়।
পরে একটি টিউবওয়েলের পাশে মৃত যুবকের দেহ উদ্ধার করে পুলিশ। প্রাথমিক তদন্তে নিশ্চিত হয়, ভিডিওতে যাকে গুলি করা হয়েছিল, সেই যুবকের নাম আদিল। তবে খুনের আগে আদিল অচেতন হয়ে পড়েছিলেন কি না, নাকি গুলি করার পর ভিডিও রেকর্ড হয়েছে — সেটা খতিয়ে দেখা হচ্ছে।
মীরাটের এসএসপি ডঃ বিপিন টাডা জানান, খুনের কারণ এবং ভিডিও ভাইরাল করার উদ্দেশ্য নিয়ে তদন্ত চলছে। পুলিশের আশঙ্কা, কোনও সংগঠিত গ্যাং ইচ্ছাকৃতভাবে এই ভিডিও প্রকাশ করে জনমনে আতঙ্ক ছড়াতে চাইছে, যাতে পুলিশের প্রতি সরাসরি চ্যালেঞ্জ ছুড়ে দেওয়া যায়।
এদিকে, একই দিনে শহরের অন্য দু’টি জায়গাতেও খুনের ঘটনা ঘটেছে বলে জানিয়েছে পুলিশ। ফলে আইনশৃঙ্খলা নিয়ে উদ্বেগ আরও বেড়েছে। ইতিমধ্যেই আদিলের পরিবারের অভিযোগের ভিত্তিতে ছ'জনের নামে মামলা দায়ের করা হয়েছে।