দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় দমকল ও উদ্ধারকারী দল। ঘণ্টাখানেকের চেষ্টায় আগুন আংশিক নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়।

ছবি সংগৃহীত
শেষ আপডেট: 13 July 2025 08:55
দ্য ওয়াল ব্যুরো: তামিলনাড়ুর (Tamil Nadu) তিরুভাল্লুর রেলস্টেশনের কাছে শনিবার ভোরবেলা একটি ডিজেলবোঝাই মালগাড়িতে ভয়াবহ আগুন (fire on goods train) লাগে। সকাল সাড়ে পাঁচটা নাগাদ ঘটে যাওয়া এই ঘটনায় অন্তত চারটি বগিতে আগুন (train fire) ছড়িয়ে পড়ে। উড়তে থাকে কালো ধোঁয়ার বিশাল কুণ্ডলী। এই ঘটনায় আশপাশের এলাকায় প্রবল আতঙ্ক ছড়িয়েছে।
দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় দমকল ও উদ্ধারকারী দল। ঘণ্টাখানেকের চেষ্টায় আগুন আংশিক নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়। আগুনের উৎস ডিজেল হওয়ায় তা নেভানো বড় চ্যালেঞ্জ ছিল বলে জানান উদ্ধারকারী কর্মীরা।
চেন্নাইয়ের পুলিশ সুপার জানান, "উদ্ধারকারী দল খুব দ্রুত পুরো পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছে। বর্তমানে কোনও প্রাণহানির আশঙ্কা নেই।"
তামিলনাড়ুর অগ্নিনির্বাপন বিভাগের প্রধান সীমা আগরওয়াল বলেন, “আমাদের একাধিক টিম আগুন নেভানোর কাজ করছে। যেহেতু ডিজেল রয়েছে, পরিস্থিতি অত্যন্ত জটিল। আরও টিম পাঠানো হয়েছে।”
জানা গিয়েছে, মানালি থেকে তিরুপতি অঞ্চলের দিকে যাওয়ার পথে মালগাড়িটির তিরুভাল্লুর স্টেশনের কাছে হঠাৎই আগুন লাগে। বিপজ্জনক পরিস্থিতি এড়াতে রেলপথ সংলগ্ন কিছু বসতি খালি করে দেওয়া হয়।
কী কারণে ওই ঘটনা ঘটল তার সঠিক কারণ এখনও স্পষ্ট নয়। রেল কর্তৃপক্ষ জানিয়েছে, আগুন লাগার কারণ খতিয়ে দেখা হচ্ছে।
আগুন লাগার ঘটনা ঘিরে চেন্নাইগামী ট্রেন পরিষেবা কার্যত বিপর্যস্ত। বাতিল করা হয়েছে আটটি ট্রেন এবং পাঁচটি ট্রেনের রুট ঘুরিয়ে দেওয়া হয়েছে। দক্ষিণ রেলওয়ের তরফে জানানো হয়েছে, পরিস্থিতি কিছুটা নিয়ন্ত্রণে এসেছে, তবে পুরোপুরি স্বাভাবিক করার কাজ চলছে। খুব তাড়াতাড়ি রেলপথ আবার আগের পরিস্থিতিতে ফিরিয়ে আনা হবে বলেও জানাচ্ছেন রেল কর্তৃপক্ষ।