এই ঘটনার কিছুক্ষণের মধ্যেই আরেকটি অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে এইমস (AIIMS)-র ট্রমা সেন্টারে। সেখানে একটি ৩৩ হাজার ভোল্টের ট্রান্সফর্মার বিস্ফোরণ হয় এবং সেখান থেকে আগুন ছড়ায়। যদিও সেই ঘটনায় কেউ আহত হননি বলে জানা গিয়েছে।

মৃত যুবক
শেষ আপডেট: 5 July 2025 12:25
দ্য ওয়াল ব্যুরো: দিল্লির কারোলবাগের বিশাল মেগা মার্টে ভয়াবহ আগুন। ঘটনায় লিফটে আটকে গিয়ে মৃত্যু হল ধীরেন্দ্র নামে এক যুবকের। মৃত ধীরেন্দ্র উত্তরপ্রদেশের সোনভদ্র জেলার বাসিন্দা। ইউপিএসসি পরীক্ষার প্রস্তুতির জন্য গত পাঁচ বছর ধরে দিল্লিতে একটি প্রাইভেট হস্টেলে থাকছিলেন।
জানা গিয়েছে, মাত্র একদিন আগেই তিনি বাড়ি থেকে দিল্লি ফেরেন। আর তার পরদিনই প্রাণ গেল আগুনে পুড়ে। আগুন লাগার সময় মলের মধ্যেই ছিলেন এবং লিফটে আটকে পড়েন। ফায়ার ডিপার্টমেন্টের তরফে জানানো হয়েছে, লিফটে আটকে দমবন্ধ হয়ে মৃত্যু হয় ধীরেন্দ্রর।
ধীরেন্দ্রর দাদা ও দিদি দিল্লিতে এসে অভিযোগ করেন, মল কর্তৃপক্ষের গাফিলতির জন্যই তাঁদের ভাইয়ের এমন মৃত্যু হয়েছে। সংবাদমাধ্যমকে তাঁরা বলেন, 'ধীরেন্দ্র আমাদের ফোন করে জানিয়েছিল, সে লিফটে আটকে পড়েছে। বারবার মেসেজ করে সাহায্য চাইছিল, কিন্তু কেউ তাকে উদ্ধার করেনি। শেষ পর্যন্ত আগুনের গ্রাসেই চলে গেল ও।'
শুক্রবার সন্ধ্যা ৬টা ৪৪ মিনিটে মলের প্রথম তলায় একটি শর্ট সার্কিট থেকে আগুন লাগে। যা দ্রুত ছড়িয়ে পড়ে গোটা মলে। প্রথমে ইন-হাউস ফায়ার এক্সটিঙ্গুইশার দিয়ে আগুন নেভানোর চেষ্টা হলেও লাভ হয়নি। ঘটনাস্থলে আসে দমকলের ১৩টি ইঞ্জিন। প্রায় রাত ৯টা নাগাদ আগুন নিয়ন্ত্রণে আসে। ততক্ষণে মলের বহু সামগ্রী পুড়ে ছাই হয়ে গিয়েছে। লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানানো হয়েছে।
এই ঘটনার কিছুক্ষণের মধ্যেই আরেকটি অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে এইমস (AIIMS)-র ট্রমা সেন্টারে। সেখানে একটি ৩৩ হাজার ভোল্টের ট্রান্সফর্মার বিস্ফোরণ হয় এবং সেখান থেকে আগুন ছড়ায়। যদিও সেই ঘটনায় কেউ আহত হননি বলে জানা গিয়েছে।
তবে কারোলবাগের ঘটনা ঘিরে শোকের ছায়া ধীরেন্দ্রর পরিবারে। দিল্লির বাসিন্দারাও নিরাপত্তা ও মলের ব্যবস্থাপনা নিয়ে প্রশ্ন তুলছেন।