প্রধানমন্ত্রীর কথায়, দেশ যখন এক কঠিন আন্তর্জাতিক পরিস্থিতির মোকাবিলা করছে, তখন প্রধান বিরোধী দল কংগ্রেস (Congress) সাধারণ মানুষের মনে ভয় ঢুকিয়ে ‘দেশবিরোধী শক্তির পুতুল’ হিসেবে কাজ করছে।

নরেন্দ্র মোদী
শেষ আপডেট: 14 March 2026 13:21
দ্য ওয়াল ব্যুরো: পশ্চিম এশিয়ার যুদ্ধ (Middle East) এবং তার জেরে তৈরি হওয়া পরিস্থিতিতে কংগ্রেস নেতিবাচক রাজনীতি করছে বলে আক্রমণ শানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi)। শনিবার কলকাতার ব্রিগেডে (Modi Brigade) জনসভার আগে অসমের শিলচরে (Assam) নির্বাচনী জনসভায় দাঁড়িয়ে প্রধানমন্ত্রী অভিযোগ করেন, আন্তর্জাতিক এই সঙ্কটের আবহে দেশবাসীর পাশে না দাঁড়িয়ে উল্টে মানুষের মনে আতঙ্ক ছড়াচ্ছে কংগ্রেস। তাঁর কথায়, ভারতের উন্নয়ন যারা সহ্য করতে পারছে না, কংগ্রেস আজ সেই সব অশুভ শক্তির হাতের পুতুলে পরিণত হয়েছে।
‘আতঙ্ক ছড়িয়ে মোদীকে গালমন্দই লক্ষ্য’
শিলচরের সভা থেকে প্রধানমন্ত্রী দাবি করেন, যুদ্ধের প্রভাব যাতে ভারতীয়দের ওপর সেভাবে না পড়ে, তার জন্য সরকার দিনরাত এক করে কাজ করছে। কিন্তু কংগ্রেস সেই প্রচেষ্টাকে বাধা দিচ্ছে। মোদীর ভাষায়, “এই সঙ্কটকালে আশা করা হয়েছিল কংগ্রেস একটি দায়িত্বশীল দলের মতো আচরণ করবে। কিন্তু জাতীয় স্বার্থের প্রশ্নে ওরা ফের ব্যর্থ হয়েছে। ওরা চাইছে দেশ সমস্যায় পড়ুক, মানুষের মধ্যে আতঙ্ক তৈরি হোক, যাতে সেই সুযোগে ওরা মোদীকে প্রাণভরে গালমন্দ করতে পারে।”
নেপথ্যে কি ‘বিদেশি ষড়যন্ত্র’?
বিদেশে ভারতের ভাবমূর্তি নষ্ট করার চেষ্টার যে অভিযোগ মোদী বারবার তোলেন, এদিনও তাঁর গলায় সেই সুর শোনা গিয়েছে। তিনি অভিযোগ করেন, বিশ্বজুড়ে এমন কিছু শক্তি রয়েছে যারা ভারতের দ্রুত উন্নতি হজম করতে পারছে না। কংগ্রেস সেই সব দেশবিরোধী শক্তির ইশারায় নাচছে। প্রধানমন্ত্রীর দাবি, ভারতের মনোবল ভেঙে দিতেই সুপরিকল্পিতভাবে এই ‘আতঙ্ক ছড়ানোর রাজনীতি’ শুরু করেছে হাত-শিবির।
জনতাকে আশ্বস্ত করার বার্তা
এদিনের সভা থেকে অসম তথা দেশের মানুষকে আশ্বস্ত করে প্রধানমন্ত্রী বলেন, যুদ্ধের আঁচ যাতে সাধারণ মানুষের হেঁশেল বা পকেটে না পৌঁছয়, তার জন্য তাঁর সরকার সব রকম ব্যবস্থা নিচ্ছে। বিরোধীদের অপপ্রচারে কান না দেওয়ারও আর্জি জানান তিনি।