বৃহস্পতিবার বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল জানান, বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর (S Jaishankar) ইতিমধ্যেই ইরানের বিদেশমন্ত্রীর সঙ্গে তিন দফায় কথা বলেছেন।

বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর
শেষ আপডেট: 12 March 2026 17:25
দ্য ওয়াল ব্যুরো: পশ্চিম এশিয়ায় (Iran War ) যুদ্ধ আর হরমুজ প্রণালীর (Hormuz Strait) অচলাবস্থা ভারতের কপালে চিন্তার ভাঁজ ফেলেছে। এই পরিস্থিতিতে ভারতের ‘এনার্জি সিকিউরিটি’ বা জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে সরাসরি তেহরানের সঙ্গে যোগাযোগ করল মোদী সরকার (Modi Government)। বৃহস্পতিবার বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল জানান, বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর (S Jaishankar) ইতিমধ্যেই ইরানের বিদেশমন্ত্রীর সঙ্গে তিন দফায় কথা বলেছেন।
আলোচনার বিষয়বস্তু ও গোপনীয়তা
মন্ত্রকের মুখপাত্রের কথায়, “শেষ দফার কথোপকথনে ভারতের জ্বালানি নিরাপত্তা এবং পণ্যবাহী জাহাজের যাতায়াত নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। তবে এর বেশি কিছু এই মুহূর্তে বলা সম্ভব নয়।” কূটনৈতিক মহলের মতে, হরমুজ প্রণালীর ওপর ইরানের নিয়ন্ত্রণ থাকায় ভারতের আমদানি করা অশোধিত তেলের জাহাজগুলি যাতে বিনা বাধায় যাতায়াত করতে পারে, তা নিশ্চিত করাই ছিল এই আলোচনার মূল লক্ষ্য।
ইরানে আটকে ৯ হাজার ভারতীয়
জ্বালানি জোগানের পাশাপাশি ইরানে থাকা ভারতীয় নাগরিকদের নিরাপত্তা নিয়েও উদ্বিগ্ন নয়াদিল্লি। বিদেশমন্ত্রক জানিয়েছে, বর্তমানে ইরানে প্রায় ৯ হাজার ভারতীয় রয়েছেন। তাঁদের মধ্যে যেমন পড়ুয়া ও ব্যবসায়ী আছেন, তেমনই রয়েছেন নাবিক ও পুণ্যার্থীরাও। গত ২৪ ফেব্রুয়ারি জারি করা সরকারি সতর্কবার্তার পর অনেকেই দেশে ফিরেছেন। মুখপাত্র বলেন, “যাঁরা ফিরতে চান, তাঁদের জন্য সবরকম ব্যবস্থা করা হচ্ছে। বিশেষ করে পড়ুয়াদের ইতিমধ্যেই নিরাপদ জায়গায় সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে।”
পাকিস্তানকে কড়া জবাব
এদিনের সাংবাদিক বৈঠকে আফগানিস্তান-পাকিস্তান সংঘর্ষে ভারতকে জড়িয়ে ইসলামাবাদের তোলা অভিযোগও নস্যাৎ করে দিয়েছে নয়াদিল্লি। বিদেশমন্ত্রকের সাফ কথা, “নিজেদের অপকর্মের জন্য ভারতকে দোষারোপ করা পাকিস্তানের অভ্যাসে দাঁড়িয়ে গিয়েছে। যে দেশ কয়েক দশক ধরে সন্ত্রাসবাদকে মদত দিচ্ছে, আন্তঃসীমান্ত সন্ত্রাস নিয়ে তাদের কথার কোনও বিশ্বাসযোগ্যতা নেই।” মন্ত্রক স্পষ্ট করে দিয়েছে যে, ‘ভিক্টিম কার্ড’ খেলে বা গল্প শুনিয়ে পাকিস্তান এবার কাউকে বোকা বানাতে পারবে না।