বিশেষজ্ঞদের মতে, দিল্লির প্রায় ৫০ শতাংশ দূষণ শহরের ভেতরের উৎস থেকেই আসে। ফলে সেগুলি নিয়ন্ত্রণ করতে পারলেই দূষণ কমিয়ে আনা সম্ভব।

ফাইল ছবি
শেষ আপডেট: 28 August 2025 12:00
দ্য ওয়াল ব্যুরো: বায়ুদূষণের (Air Pollution) জেরে ক্ষতি তো প্রচুর হচ্ছে, কিন্তু তার পরিমাণ কতটা? সেই অর্থে হিসেব না করা গেলেও সাম্প্রতিক এক তথ্য তার আন্দাজ দেয়।
দিল্লির (New Delhi) মানুষ গড়ে ৮.২ বছর আয়ু হারাচ্ছেন বায়ুদূষণের কারণে। বৃহস্পতিবার প্রকাশিত এয়ার কোয়ালিটি লাইফ ইনডেক্স (AQLI)-এর সর্বশেষ রিপোর্টে (Report) উঠে এসেছে উদ্বেগজনক এই তথ্য। বলা হয়েছে, রাজধানীর বাতাসে বিপজ্জনক মাত্রায় ভাসমান সূক্ষ্ম কণিকা (PM 2.5) রয়েছে। দিল্লির গড় বার্ষিক PM 2.5 ঘনত্ব ২০২৩ সালে ছিল ৮৮.৪ মাইক্রোগ্রাম প্রতি ঘনমিটার - যা বিশ্ব স্বাস্থ্য সংস্থার (WHO) নির্ধারিত মানের ৮ গুণেরও বেশি।
রিপোর্ট বলছে, যদি দিল্লির বায়ুদূষণের মাত্রা বিশ্ব স্বাস্থ্য সংস্থার মানদণ্ডে নামিয়ে আনা যায়, তবে দিল্লিবাসীরা গড়ে ৮ বছর পর্যন্ত আয়ু ফিরে পেতে পারেন। ভারতের ক্ষেত্রে জাতীয় মান ৪০ µg/m³। সেটি মেনে চলতে পারলেও দিল্লির মানুষ অন্তত ৪.৭ বছর আয়ু ফিরে পাবেন।
শিকাগো বিশ্ববিদ্যালয়ের এনার্জি পলিসি ইনস্টিটিউটের (EPIC) করা এই বিশ্লেষণ অনুযায়ী, গড় ভারতীয় নাগরিক দূষণের কারণে ৩.৫ বছর আয়ু হারাচ্ছেন। দেশের সামগ্রিক বার্ষিক PM 2.5 ঘনত্ব ২০২৩ সালে ছিল ৪১ µg/m³। অর্থাৎ, ভারতের প্রায় ১৪০ কোটি মানুষই বিশ্ব স্বাস্থ্য সংস্থার মানদণ্ডের তুলনায় বেশি দূষিত বাতাসে বসবাস করছেন। রিপোর্টে বলা হয়েছে, যদি ভারতজুড়ে হু-র মানদণ্ডে দূষণ নামানো যায়, তবে উত্তর ভারতের প্রায় ৫৪ কোটি মানুষ গড়ে ৫ বছর আয়ু ফিরে পাবেন।
বিশেষজ্ঞদের মতে, দিল্লির প্রায় ৫০ শতাংশ দূষণ শহরের ভেতরের উৎস থেকেই আসে। ফলে সেগুলি নিয়ন্ত্রণ করতে পারলেই দূষণ কমিয়ে আনা সম্ভব। AQLI-র ডিরেক্টর তনুশ্রী গঙ্গোপাধ্যায় বলেছেন, "গত পাঁচ বছরের দূষণের মাত্রা দেখলে বোঝা যায় দিল্লির মানুষ প্রায় আট বছর পর্যন্ত আয়ু হারাতে পারেন। জাতীয় মানে পৌঁছতে হলে দিল্লিকে দূষণের মাত্রা অন্তত ৫০ শতাংশ কমাতে হবে।"
এবারের রিপোর্টে আরও বলা হয়েছে, দিল্লির পর সবচেয়ে খারাপ পরিস্থিতি বিহারে, যেখানে দূষণে গড়ে ৫.৪ বছর আয়ু কমছে। তারপরই রয়েছে হরিয়ানা (৫.৩ বছর) এবং উত্তরপ্রদেশ (৫ বছর)।