দীর্ঘদিন পর বৃহস্পতিবার জাপান সফরে যাচ্ছেন ভারতের প্রধানমন্ত্রী। শুক্রবার টোকিও-তে শুরু হচ্ছে ভারত-জাপান শীর্ষ সম্মেলন। ওই দিনই জাপানের প্রধানমন্ত্রী শিগেরু ইসিবা ভারতের প্রধানমন্ত্রীকে নিয়ে মিয়াগিতে যাবেন।

ফাইল চিত্র
শেষ আপডেট: 27 August 2025 10:24
দ্য ওয়াল ব্যুরো: বুলেট ট্রেন তৈরিতে গোটা বিশ্বে এক নম্বর স্থানটি বহু বছর হল জাপানের (Japan) দখলে। নতুন প্রযুক্তির সাহায্যে সেই ট্রেনকে রকেটের গতি দেওয়ার চেষ্টা চালাচ্ছে দেশটি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর (Narendra Modi) চলতি সফরে জাপান সরকার এমনই একটি বুলেট ট্রেন তাঁকে দেখাতে চলেছে যেটি সে দেশেও এখনও চলাচল শুরু করেনি। কারখানায় নির্মীয়মান অবস্থায় আছে।
দীর্ঘদিন পর বৃহস্পতিবার জাপান সফরে (Modi's Japan Visit) যাচ্ছেন ভারতের প্রধানমন্ত্রী। শুক্রবার টোকিও-তে শুরু হচ্ছে ভারত-জাপান (India-Japan) শীর্ষ সম্মেলন। ওই দিনই জাপানের প্রধানমন্ত্রী শিগেরু ইসিবা ভারতের প্রধানমন্ত্রীকে নিয়ে মিয়াগিতে যাবেন। সেখানে ইস্ট জাপান রেলওয়ে কোম্পানিতে তৈরি হচ্ছে ই-১০ সিরিজের বুলেট ট্রেন। ওই ট্রেন জাপানে চালু হওয়ার পর পরই ভারতে মুম্বই-আমদাবাদের মধ্যে চলাচল শুরু করতে পারে।
প্রধানমন্ত্রী মোদীর ২০১৫ সালের জাপান সফরে মুম্বই-আমদাবাদের মধ্যে বুলেট ট্রেন চালুর চুক্তি হয়েছিল। তখন কথা হয় জাপান তাদের ই-৫ সিরিজের বুলেট ট্রেন ভারতকে সরবরাহ করবে। এখন তারা সিদ্ধাম্ত বদলে ই-১০ সিরিজের বুলেট ট্রেন সরবরাহের প্রস্তাব দিয়েছে। প্রাথমিক আলোচনায় দু-দেশের আধিকারিকেরা ওই ট্রেন নেওয়ার আলোচনা সেরে রেখেছেন। প্রধানমন্ত্রী মোদীকে সরাসরি কারখানায় নিয়ে গিয়ে ই-১০ সিরিজের নির্মীয়মান ট্রেন দেখাতে চান জাপানের প্রধানমন্ত্রী।
জাপানের বুলেট ট্রেনগুলি (Japan's Bullet Train) ঘণ্টায় ৩২০ কিলোমিটার পথ অতিক্রম করে। অর্থাৎ কলকাতা-দিল্লি রুটে চলাচল করলে মাত্র পাঁচ ঘণ্টায় ১৪০০ কিলোমিটার পথ অতিক্রম করা সম্ভব। মুম্বই-আমদাবাদের মধ্যে সময় লাগবে বড়জোর দু-ঘণ্টা।
ই-১০ সিরিজের যে নতুন ট্রেন তৈরি হচ্ছে সেটির বৈশিষ্ট হচ্ছে তা সাইক্লোন তো দূরের কথা, ভূমিকম্পেও বেলাইন হবে না। এমনকী মুখোমুখি সংঘর্ষেও নয়। ক্ষয়ক্ষতি যা হওয়ার সামনের কামরার হবে। সেই কামরাই যাবতীয় ধাক্কা সামলে নেবে। কারও মারা যাওয়ার সুযোগ নেই। কারণ ইঞ্জিনে কোনও চালক থাকবেন না। জাপান এই নতুন ট্রেনের মহড়া চালাবে ভারতের প্রধানমন্ত্রীকে সাক্ষী রেখে।