অনুপ্রবেশকারীদের যারা বাঁচানোর চেষ্টা করছে, তাদের দেশদ্রোহী আখ্যা দেন প্রধানমন্ত্রী।

মোদী বলেন, নির্বাচন কমিশন অনুপ্রবেশকারীদের ভোটার তালিকা থেকে বাদ দেওয়ার কাজ চালাচ্ছে।
শেষ আপডেট: 20 December 2025 19:10
দ্য ওয়াল ব্যুরো: দেশদ্রোহীরা চেষ্টা করছে অনুপ্রবেশকারীদের রক্ষা করতে। কিন্তু, SIR তা হতে দেবে না। কংগ্রেস যতই অনুপ্রবেশকারীদের বাঁচানোর চেষ্টা করুক, বিশেষ ভোটার তালিকা সংশোধনীতে তাদের দেশ থেকে বের করে দেওয়া হবেই। শনিবার বিজেপি শাসিত অসমের মাটিতে দাঁড়িয়ে কংগ্রেস সহ বিরোধী ইন্ডিয়া ব্লকের পার্টিগুলিকে হুঁশিয়ার করে দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেই সঙ্গে অনুপ্রবেশকারীদের যারা বাঁচানোর চেষ্টা করছে, তাদের দেশদ্রোহী আখ্যা দেন প্রধানমন্ত্রী।
মোদী বলেন, নির্বাচন কমিশন অনুপ্রবেশকারীদের ভোটার তালিকা থেকে বাদ দেওয়ার কাজ চালাচ্ছে। কিন্তু, দেশদ্রোহীরা তাদের রক্ষা করার চেষ্টা করছে। এদিন তিনি কংগ্রেস সরকারের সমালোচনায় ঝাঁঝ চড়িয়ে বলেন, অসম এবং উত্তর-পূর্ব ভারতের উন্নয়ন কোনওদিনই ওদের নজরে ছিল না। অসমে প্রধানমন্ত্রী উত্তর-পূর্ব ভারতের সবথেকে বড় লোকপ্রিয় গোপীনাথ বরদলৈ আন্তর্জাতিক বিমানবন্দরের নতুন টার্মিনালের উদ্বোধন অনুষ্ঠানে একথা বলেন।
তাঁর দাবি, মোদী সরকার সেই ভুলের প্রায়শ্চিত্ত করছে। সংশোধন করছে। অসমের মাটির সঙ্গে আমার আত্মা মিশে আছে। ভালবাসা ও এখানকার মানুষের আবেগ জড়িয়ে আছে। বিশেষ করে অসম ও উত্তর-পূর্ব ভারতের মা-বোনেদের ভালবাসা আমাকে উৎসাহিত করে, অনুপ্রেরণা জোগায়। আজ অসমের উন্নয়নে একটি নতুন অধ্যায় যুক্ত হল।
পূর্বতন কংগ্রেস সরকারকে বিঁধে প্রধানমন্ত্রী বলেন, অসম ও উত্তর-পূর্ব ভারতকে উন্নয়নের আড়ালে রেখে ওরা যে অপরাধ করেছে, তার মূল্য চোকাতে হয় সমগ্র দেশকে। দেশকে একতা, নিরাপত্তা ও সংহতির ক্ষেত্রে ভারী মূল্য দিতে হয়েছে কংগ্রেসের ভুলে। কংগ্রেসের আমলেই দশকের পর দশক ধরে এই অঞ্চলে হিংসা বজায় ছিল। আর আমরা ১০-১১ বছর ক্ষমতায় এসেই সেই উগ্রবাদকে শেষ করেছি। একদিন যে জেলাগুলি হিংসা উপদ্রুত ছিল, আজ সেখানেই উন্নয়ন চলছে।
অনুপ্রবেশকারী রাজ্যের সমৃদ্ধ বনাঞ্চল ও জমি দখল করছে। আর তাদের পিছন থেকে মদত জোগাচ্ছে কংগ্রেস। যাতে অসমের পরিচয় ও অস্তিত্ব বিপন্ন হয়ে পড়ছে। এদিন গুয়াহাটি বিমানবন্দরের নতুন টার্মিনাল উদ্বোধন করে সেটি ঘুরে দেখেন প্রধানমন্ত্রী। তাঁর সঙ্গে সারাক্ষণ ছিলেন বিজেপি মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা।