২৭ বছরের যুবক দীপুচন্দ্র দাসকে বেঁধে জীবন্ত পুড়িয়ে খুনের প্রতিবাদে দল এখনও পর্যন্ত নিন্দা না করলেও গর্জে উঠেছেন কেরলের তিরুবনন্তপুরমের এমপি তারুর।

শশী তারুর।
শেষ আপডেট: 20 December 2025 17:25
দ্য ওয়াল ব্যুরো: বাংলাদেশে সাম্প্রতিক ভারত-বিরোধী জিগির তুলে হিন্দু বাঙালি নিধনের প্রতিবাদে তীব্র ভাষায় নিন্দা করলেন কংগ্রেসের ‘বিদ্রোহী’ নেতা শশী তারুর। ২৭ বছরের যুবক দীপুচন্দ্র দাসকে বেঁধে জীবন্ত পুড়িয়ে খুনের প্রতিবাদে দল এখনও পর্যন্ত নিন্দা না করলেও গর্জে উঠেছেন কেরলের তিরুবনন্তপুরমের এমপি তারুর। ময়মনসিংহে উত্তেজিত জনতার আক্রোশের শিকার হয়ে গণপিটুনিতে মৃত্যু হয় দীপুর। তার প্রতিবাদে শনিবার তারুর বলেন, এই খুনের ঘটনা অসহনীয় দুঃখজনক। তাঁর কথায়, ক্ষিপ্ত জনতা দেশ শাসন করবে, তা হতে পারে না।
বাংলাদেশের পরিস্থিতিকে উদ্বেগজনক মনে করে তারুর শান্তি রক্ষার আর্জি জানিয়েছেন। তিনি বলেন, উন্মত্ত জনতার শাসন চলা উচিত নয়। গণতন্ত্রের শাসন কায়েম করা জরুরি। সংসদীয় স্ট্যান্ডিং কমিটি বলেছে, বাংলাদেশের সঙ্গে আমরা সুসম্পর্ক বজায় রাখতে চাই এবং সেখানে শান্তি বজায় রাখা গুরুত্বপূর্ণ।
শশী তারুর আরও বলেন, বাংলাদেশে যা চলছে, তা দুই দেশের পক্ষেই মঙ্গলজনক নয়। অন্তর্বর্তী সরকারের প্রতি প্রশ্ন তুলে বলেছেন, এ ধরনের ঘটনা যাতে আর না ঘটে তার জন্য প্রশাসন কী করছে। একেবারে অসহনীয় মর্মান্তিক ঘটনার কথা উল্লেখ করে তারুরের মন্তব্য, বাংলাদেশে এখন দেশ শাসন করছে ক্ষিপ্ত জনতা। বাংলাদেশ সরকারের উদ্দেশে তিনি বলেন, শুধু নিন্দা করাই যথেষ্ট নয়, খুনেদের শাস্তির ব্যবস্থা করতে হবে। তাদের শাস্তি দিতে কী করছে সরকার। এ ধরনের ঘটনা যে আর ঘটবে না, তা নিশ্চিত করতে কী ব্যবস্থা নেওয়া হয়েছে বা হচ্ছে ?