পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী তথা প্রধান বিরোধী দলনেতা ইমরান খান ও তাঁর ‘বিবিজান’ বুশরা বিবিকে দ্বিতীয় তোষাখানা কেলেঙ্কারি মামলায় প্রত্যেককে ১৭ বছরের কারাদণ্ডের নির্দেশ দিল সেদেশের বিশেষ আদালত।

ফাইল ছবি।
শেষ আপডেট: 20 December 2025 16:46
দ্য ওয়াল ব্যুরো: পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী তথা প্রধান বিরোধী দলনেতা ইমরান খান ও তাঁর ‘বিবিজান’ বুশরা বিবিকে দ্বিতীয় তোষাখানা কেলেঙ্কারি মামলায় প্রত্যেককে ১৭ বছরের কারাদণ্ডের নির্দেশ দিল সেদেশের বিশেষ আদালত। সেই সঙ্গে আদালত দুজনকে আলাদা করে ৫২ লক্ষ টাকার জরিমানা ধার্য করেছে। এই পরিমাণ টাকা না দিতে পারলে জেলের মেয়াদ আরও বৃদ্ধি পাবে বলে শনিবার আদালত নির্দেশে বলেছে।
আদালতের নির্দেশ উদ্ধৃত করে সেদেশের সংবাদমাধ্যম জানিয়েছে, ক্রিকেট বিশ্বকাপ জয়ী পাকিস্তানের প্রাক্তন ক্যাপ্টেনের বয়স এবং বুশরা বিবি মহিলা বলে বিবেচনা করে লঘু শাস্তি দেওয়া হয়েছে। নির্দেশে বলা হয়েছে, এই আদালত জেল-জরিমানার সাজা দেওয়ার সময় ইমরান আহমেদ খান নিয়াজির বার্ধক্য ও বুশরা বিবি মহিলা বলে খানিকটা লঘু শাস্তির কথা বিবেচনা করেছে। তাই এক্ষেত্রে দুজনকেই আপাতভাবে ক্ষমাশীলতার চোখে সাজা দেওয়া হয়েছে।
এদিন সাজা ঘোষণা হয় রাওয়ালপিন্ডির আদিয়ালা জেলে। সেখানেই দুবছরের বেশি সময় ধরে বিভিন্ন মামলায় সাজা কাটাচ্ছেন ইমরান। এই মামলায় রয়েছে বুলগারি অলঙ্কারের একটি সেট কেনা। এই সেটটি প্রাক্তন প্রধানমন্ত্রীকে ২০২১ সালের মে মাসে সরকারি সফরে উপহার দিয়েছিলেন সৌদির অভিষিক্ত যুবরাজ। প্রসঙ্গত, প্রধানমন্ত্রী পদে থাকাকালীন প্রাপ্ত সমস্ত উপহার জমা পড়ে সরকারি তোষাখানায়। সেখান থেকে সরকারের ঘোষিত বিভিন্ন সময় সেগুলি নিলামে ওঠে। অভিযোগে প্রমাণ হয়েছে, এই অলঙ্কারের সেটটি ইমরান জলের দরে কিনে নিয়েছিলেন পদমর্যাদার ক্ষমতা প্রয়োগ করে।
১৭ বছরের কারাদণ্ডের মধ্যে ১০ বছর সশ্রম কারাবাসের নির্দেশ রয়েছে। তবে যে অপরাধে ইমরান ও তাঁর স্ত্রী সাজা ভুগছেন, দুটি সাজাই একসঙ্গে চলবে। এই সাজার পর ইমরান ও বুশরা বিবির আইনজীবীরা জানান, তাঁরা এই রায়কে চ্যালেঞ্জ জানিয়ে হাইকোর্টে যাবেন।