অভিযোগ, মেয়েকে একাধিকবার সেই সম্পর্ক ভেঙে দেওয়ার জন্য চাপ দিয়েছিলেন বাবা-মা। কিন্তু রাজি হয়নি সে। তারপরই চরম পদক্ষেপ করেন বাবা-মা।

ছবি - সংগৃহীত
শেষ আপডেট: 26 December 2025 14:42
দ্য ওয়াল ব্যুরো: ভিন্ন জাতের এক যুবকের সঙ্গে সম্পর্ক (Inter-Caste Relationship) ছিল মেয়ের। পরিবারের এই 'অপমান' মেনে নিতে না পেরে নিজের ১৭ বছরের মেয়েকে খুন করার অভিযোগে গ্রেফতার হলেন এক দম্পতি (parents kill daughter over inter-caste relationship)। পুলিশের দাবি, ঘটনাটিকে প্রথমে তাঁরা আত্মহত্যা বলে চালানোর চেষ্টা করেছিলেন। পরে ময়নাতদন্ত ও ফরেনসিক রিপোর্টে খুনের মতো ভয়াবহ সত্য সামনে আসে (inter-caste relationship murder)।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, অভিযুক্ত দম্পতি সম্প্রতি থানায় একটি অভিযোগ দায়ের করেছিলেন। সেই অভিযোগে তাঁরা দাবি করেন, দীর্ঘদিনের পেটের যন্ত্রণায় ভুগতে থাকা তাঁদের মেয়ে আত্মহত্যা করেছে। সেই অভিযোগের ভিত্তিতে পুলিশ প্রথমে অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে।
এরপর নিয়ম মেনে মৃতদেহের ময়নাতদন্ত এবং ভিসেরা পরীক্ষা করা হয়। তদন্তের মোড় ঘুরে যায় ফরেনসিক রিপোর্ট হাতে আসার পর। রিপোর্টে স্পষ্ট উল্লেখ করা হয়, ওই কিশোরীর মৃত্যু আত্মহত্যার কারণে নয়, বরং শ্বাসরোধ বা গলা টিপে হত্যা করা হয়েছে।
তদন্ত এগোতেই পুলিশ জানতে পারে, গ্রামেরই এক ভিন্ন জাতের যুবকের সঙ্গে প্রেমের সম্পর্কে জড়িয়েছিল ওই নাবালিকা। অভিযোগ অনুযায়ী, মেয়েকে একাধিকবার সেই সম্পর্ক ভেঙে দেওয়ার জন্য চাপ দিয়েছিলেন বাবা-মা। কিন্তু তাঁদের কথায় রাজি হয়নি সে।
পুলিশের দাবি, মেয়ের এই সিদ্ধান্ত মেনে নিতে না পেরে চরম পদক্ষেপ করেন বাবা-মা (Honour Killing)। তদন্তে উঠে এসেছে, প্রথমে তাঁরা জোর করে মেয়েকে কীটনাশক খাওয়ান। এরপর শ্বাসরোধ করে তাকে খুন করা হয়। খুনের পর গোটা ঘটনাটিকে আত্মহত্যা বলে সাজানোর চেষ্টা করা হয়েছিল বলেও পুলিশ জানিয়েছে।
তদন্তের ভিত্তিতে বৃহস্পতিবার অভিযুক্ত দম্পতিকে গ্রেফতার করা হয়েছে। পুলিশ জানিয়েছে, ২৬ ডিসেম্বর তাঁদের আদালতে পেশ করা হবে।
এই ঘটনা ফের একবার তথাকথিত ‘সম্মান রক্ষার’ নামে সংঘটিত অপরাধ এবং ভিন্ন জাতের সম্পর্ক ঘিরে সমাজে চলতে থাকা হিংসা ও অসহিষ্ণুতার ভয়াবহ দিকটি সামনে এনে দিল বলে মনে করছেন তদন্তকারীরা।