লোকসভা নির্বাচনের পর সংসদের বাইরে বিরোধীদের এটাই প্রথম বড় কর্মসূচি।

শেষ আপডেট: 10 August 2025 23:58
দ্য ওয়াল বাংলা: ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধন (এসআইআর) প্রক্রিয়ায ঘিরে সরগরম দেশীয় রাজনীতি। ‘ভোটচুরি’র অভিযোগ তুলে সোমবার রাজধানী দিল্লিতে নির্বাচন কমিশনের সদর দফতর ঘেরাও কর্মসূচি ঘোষণা করেছে কংগ্রেস, তৃণমূলসহ বিরোধী ইন্ডিয়া জোটের দলগুলি।
সংসদ ভবন থেকে ‘নির্বাচন সদন’ পর্যন্ত প্রায় দুই কিলোমিটার পদযাত্রা করবে বিরোধী শিবিরের প্রায় ২০০ সাংসদ। সূত্র বলছে, সোমবার সকাল সাড়ে ১১টায় পদযাত্রা শুরু হবে। এরপর বিভিন্ন ভাষায় লেখা প্ল্যাকার্ড হাতে কমিশন দফতর ঘেরাও করে বিক্ষোভে অংশ নেবেন সাংসদরা।
দেশজুড়ে বাংলাভাষীদের ‘বাংলাদেশি’ তকমা দিয়ে আক্রমণের প্রেক্ষাপটে এই বিক্ষোভে বাংলা, ইংরেজি, হিন্দি, তামিল, মরাঠি ও মালয়ালিসহ একাধিক ভাষার প্ল্যাকার্ড থাকবে। তৃণমূল হাতে রাখবে বাংলায় লেখা প্ল্যাকার্ড, কংগ্রেস ইংরেজি ও মালয়ালি ভাষার, ডিএমকে তামিলের, সমাজবাদী পার্টি হিন্দির এবং উদ্ধব ঠাকরের শিবসেনা মরাঠি ভাষার প্ল্যাকার্ড তৈরি করছে।
লোকসভা নির্বাচনের পর সংসদের বাইরে বিরোধীদের এটাই প্রথম বড় কর্মসূচি। কংগ্রেস, তৃণমূল, সমাজবাদী পার্টি, ডিএমকে এবং উদ্ধব শিবসেনার পাশাপাশি আরও কয়েকটি দল এতে অংশ নিচ্ছে।
বিরোধী শিবিরের অভিযোগ, এসআইআর প্রক্রিয়ায় বিহারে প্রায় ৬৫ লক্ষ ভোটারের নাম বাদ দেওয়া হয়েছে এবং বিজেপির স্বার্থে নির্বাচন কমিশনকে ব্যবহার করে ভোটে কারচুপি হয়েছে। গত বৃহস্পতিবার রাহুল গান্ধী অভিযোগ করেন, কর্নাটক, মহারাষ্ট্র ও হরিয়ানাসহ একাধিক রাজ্যে কমিশন ইচ্ছাকৃতভাবে বিজেপিকে সুবিধা দিয়েছে।
আগামী বছরে পশ্চিমবঙ্গ, কেরল, অসম ও তামিলনাড়ুর বিধানসভা নির্বাচন সামনে রেখে বিরোধীদের শঙ্কা বেড়েছে। ২১ জুলাই ধর্মতলায় মমতা বন্দ্যোপাধ্যায়ও হুঁশিয়ারি দিয়েছিলেন, প্রয়োজনে কমিশনের দপ্তর ঘেরাও করা হবে। সোমবারের কর্মসূচিকে সেই ঘোষণারই বাস্তবায়ন হিসেবে দেখা হচ্ছে।