বিস্ফোরণের তীব্রতা এতটাই ছিল যে, গ্রামের বেশ কয়েকটি বাড়িঘর ক্ষতিগ্রস্ত হয়েছে।

প্রতীকী ছবি
শেষ আপডেট: 21 September 2025 19:27
দ্য ওয়াল ব্যুরো: উৎসবের মরশুম শুরু হতে না হতেই ভয়াবহ দুর্ঘটনায় কাঁপল ওড়িশা (Odisha)। আতশবাজির গুদাম বিস্ফোরণে (firecracker warehouse explosion) অন্তত দুইজনের মৃত্যু হয়েছে এবং আহত হয়েছেন আরও দশজন। ঘটনাটি ঘটেছে বৌদ্ধ জেলার ঝিয়াকাটা গ্রামে। বিস্ফোরণের তীব্রতা এতটাই ছিল যে, গ্রামের বেশ কয়েকটি বাড়িঘর ক্ষতিগ্রস্ত হয়েছে।
পুলিশ ইতিমধ্যে মৃতদের পরিচয় জানিয়েছে। তাঁদের নাম - ভগবান বেহেরা এবং লক্ষ্মীধর বেহেরা। দু’জনেই স্থানীয় বাসিন্দা। প্রাথমিক তদন্তে অনুমান করা হচ্ছে, ওই গুদামে অবৈধভাবে প্রচুর পরিমাণে বিস্ফোরক ও আতশবাজি মজুত করা ছিল।
বিস্ফোরণের খবর পেয়ে দমকল ও পুলিশ তড়িঘড়ি ঘটনাস্থলে পৌঁছয়। সেখান থেকে তৎপরতার সঙ্গে আহতদের উদ্ধার করে বৌদ্ধ ও ফুলবনি হাসপাতলে পাঠানো হয়েছে। চিকিৎসকরা জানিয়েছেন, আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা বেশ আশঙ্কাজনক।
মৃত লক্ষ্মীধর বেহেরার এক আত্মীয়ের কথায়, “আমরা বাড়িতেই ছিলাম, হঠাৎ প্রবল বিস্ফোরণের শব্দে গোটা গ্রাম কেঁপে ওঠে। অনেকেই আহত হয়েছেন বলে খবর পেয়েছি, আমাদের পরিবার থেকেও দু’জনের মৃত্যু হয়েছে। আমরা এই ঘটনার কঠোর শাস্তি দাবি করছি।”
কীভাবে এই বিস্ফোরণ ঘটল, তার সঠিক কারণ অনুসন্ধান করছে পুলিশ এবং অবৈধ আতশবাজি মজুতের যে অভিযোগ উঠে এসেছে, তাও খতিয়ে দেখে বিস্তারিত তদন্ত শুরু হয়েছে।