আহত দুষ্কৃতীকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। সোমবার সকালে এই ঘটনায় আতঙ্ক সৃষ্টি হয়েছে রানিনগর এলাকায়।

শেষ আপডেট: 15 September 2025 12:49
দ্য ওয়াল ব্যুরো, মুর্শিদাবাদ: বোমা বিস্ফোরণে কেঁপে উঠল রানিনগর থানার নজরানা এলাকা। এই ঘটনায় এক যুবক গুরুতর জখম হয়েছে বলে জানা গিয়েছে। বিস্ফোরণের খবর পেয়েই ঘটনাস্থলে যায় রানিনগর থানার পুলিশ। ভিড় জমে যায়।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, বিস্ফোরণের ঘটনায় জড়িত সন্দেহে তিনজনকে গ্রেফতার করা হয়েছে। তাদের মধ্যে দু’জন রাশিদুল শেখ ও বাশিরুল মণ্ডলক আদালতে পাঠানো হলেও তৃতীয় অভিযুক্ত উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী। প্রথম সেমেস্টারের পরীক্ষা চলছে তার। ওই অভিযুক্তকে পরীক্ষা দেওয়ার সুযোগ দিতে তাকে সাময়িকভাবে পরীক্ষা কেন্দ্রে নিয়ে যাওয়া হয়। স্থানীয়দের অভিযোগ, নজরানা এলাকায় বোমা তৈরি করে মজুত রাখা হচ্ছিল। সেই সময়েই বিস্ফোরণ ঘটে। এই এলাকায় এমন ঘটনা নতুন নয় বলেও মন্তব্য করেন তাঁরা। যদিও পুলিশ ঘটনার নেপথ্যে কারা, কী উদ্দেশ্যে বোমা মজুত করা হছিল, এবং এর সঙ্গে কোনও বড় দুষ্কৃতী চক্র যুক্ত রয়েছে কিনা, তা খতিয়ে দেখছে।
পুলিশের দাবি, বোমায় জখম যুবকের বিরুদ্ধেও অপরাধমুলক কাজকর্মের অভিযোগ রয়েছে। ঘটনাস্থলে সেও বোমা মজুত করছিল। আহত দুষ্কৃতীকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। সোমবার সকালে এই ঘটনায় আতঙ্ক সৃষ্টি হয়েছে রানিনগর এলাকায়। পুলিশ জানিয়েছে পরিস্থিতি বর্তমানে নিয়ন্ত্রণে রয়েছে। ঘটনার তদন্তে ইতিমধ্যেই বিশেষ দল গঠন করা হয়েছে।