ত্রিপুরায় টেকনো ইন্ডিয়া ইউনিভার্সিটির অত্যাধুনিক নতুন ক্যাম্পাসের উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী ড. মানিক সাহা।

ফাইল চিত্র
শেষ আপডেট: 15 November 2025 12:31
দ্য ওয়াল ব্যুরো: ত্রিপুরার উচ্চশিক্ষায় নতুন দিগন্তের সূচনা হল। টেকনো ইন্ডিয়া গ্রুপ তাদের নতুন প্রকল্প টেকনো ইন্ডিয়া ইউনিভার্সিটি, ত্রিপুরা (TIUT)-এর অত্যাধুনিক ক্যাম্পাসের আনুষ্ঠানিক উদ্বোধন করল। এই শুভ সূচনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী অধ্যাপক (ড.) মানিক সাহা।
আগরতলার মহেশখোলায় অবস্থিত টেকনো ইন্ডিয়া নলেজ ক্যাম্পাসে দিনভর চলে এই আয়োজন। টিআইইউটি-এর আচার্য ও টেকনো ইন্ডিয়া গ্রুপের কর্ণধার অধ্যাপক সত্যম রায়চৌধুরীর নেতৃত্বে এই বিশ্ববিদ্যালয়টি এগিয়ে চলেছে। বিশেষ অতিথি হিসেবে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উচ্চ শিক্ষা মন্ত্রী শ্রী কিশোর বর্মণ।
দিনের শুরুটা ছিল প্রাতিষ্ঠানিক কাজের মধ্য দিয়ে। মুখ্যমন্ত্রী উদ্বোধন করেন একাডেমিক ব্লক-ডি এবং টেগোর লাউঞ্জ। শুধু তাই নয়, পরিবেশ সচেতনতা বাড়াতে বৃক্ষরোপণ এবং একটি রক্তদান শিবিরেরও আয়োজন করা হয়েছিল।

বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ছাত্রীদের জন্য গার্লস হস্টেল এবং ছাত্রদের জন্য বয়েজ হস্টেল তৈরি করা হয়েছে। এছাড়া বড় অডিটোরিয়াম, উপাচার্যের বাংলো এবং স্টাফ আবাসিক ব্লক–এরও ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়। শিক্ষার্থীদের জন্য ওপেন জিম এবং ওপেন থিয়েটার–এর অনলাইন উদ্বোধনও সম্পন্ন হয়। অনুষ্ঠানে ছাত্রছাত্রীদের বিভিন্ন প্রজেক্ট প্রদর্শনী রাখা হয়েছিল। একই সঙ্গে প্রকাশিত হয় বিশ্ববিদ্যালয়ের প্রকাশনা ‘মণ্ডলা’, ‘TIUT Times’-সহ অন্যান্য বই ও পত্রিকা।
উদ্বোধনী অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী ড. মানিক সাহা বলেন, "এটি ত্রিপুরার শিক্ষাক্ষেত্রে বড় পদক্ষেপ। তিনি জানান, রাজ্যে উচ্চশিক্ষার চাহিদা বাড়ছে, আর সেই কারণেই এমন উন্নয়ন সম্ভব হচ্ছে। মুখ্যমন্ত্রী আরও বলেন, TIUT-সহ রাজ্যের বিভিন্ন প্রতিষ্ঠান নতুন শিক্ষানীতি NEP 2020–এর লক্ষ্যমাত্রা ও ভাবনা সফলভাবে গ্রহণ করছে। এটা দেখে তিনি খুশি।"
মুখ্যমন্ত্রী আরও জানান, বর্তমানে টেকনো ইন্ডিয়া নলেজ ক্যাম্পাসে দেশের বিভিন্ন রাজ্য থেকে প্রায় ২,৫০০ জন শিক্ষার্থী পড়াশোনা করছে। টিআইইউটি-এর আচার্য অধ্যাপক সত্যম রায়চৌধুরী বলেন, "১৯৮৮ সালে ত্রিপুরার প্রথম কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্র হিসেবে যে যাত্রা শুরু হয়েছিল, আজকের এই নলেজ ক্যাম্পাস সেই পথচলারই বড় সাফল্য।"
দিনের শেষে ক্যাম্পাসে ছিল এক ঝলমলে সাংস্কৃতিক সন্ধ্যা ও আলোকসজ্জা। এই পর্বে প্রধান অতিথি হিসেবে ছিলেন বিদ্যুৎ মন্ত্রী শ্রী রতন লাল নাথ।