রাজকুমার–পত্রলেখার ঘরে এল কন্যাসন্তান! বিবাহবার্ষিকীর দিনেই সুখবর শেয়ার করতেই শুভেচ্ছার বন্যা বলিউড জুড়ে।

রাজকুমার–পত্রলেখা
শেষ আপডেট: 15 November 2025 11:58
দ্য ওয়াল ব্যুরো: অভিনেতা রাজকুমার রাও (Rajkummar Rao) এবং তাঁর স্ত্রী অভিনেত্রী পত্রলেখার (Patralekhaa) পরিবারে এল নতুন সদস্য। চতুর্থ বিবাহবার্ষিকীর দিনই এই তারকা দম্পতি কন্যাসন্তানের জন্ম দিয়েছেন। সাত সকালে খুশির এই খবর সোশাল মিডিয়ায় শেয়ার করতেই শুভেচ্ছার বন্যায় ভাসছেন বলিউডের এই পাওয়ার কাপল ৷
সোশ্যাল মিডিয়ায় রাজকুমার ও পত্রলেখা যৌথভাবে লেখেন, "আনন্দে আত্মহারা আমরা। কন্যাসন্তান দিয়ে ঈশ্বর আমাদের আশীর্বাদ করেছেন। চতুর্থ বিবাহবার্ষিকীতে ঈশ্বর আমাদের আশীর্বাদ করেছেন।"
২০২১ সালের ১৫ নভেম্বর বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছিলেন রাজকুমার ও পত্রলেখা। বিয়ের চার বছর পূর্ণ হওয়ার ঠিক আগেভাগেই তাঁদের ঘরে নতুন অতিথি এল।

এই তারকা দম্পতির কাছ থেকে সুখবর পাওয়ার সঙ্গে সঙ্গেই বলিউড ইন্ডাস্ট্রির সহকর্মী ও বন্ধুরা তাঁদের শুভেচ্ছা জানাতে শুরু করেছেন। বরুণ ধাওয়ান, নেহা ধুপিয়া, আলি ফজল, ভারতী সিংহ-সহ অনেকেই রাজকুমার ও পত্রলেখাকে আন্তরিক অভিনন্দন জানিয়েছেন। চলতি বছরের জুলাই মাসেই পত্রলেখার অন্তঃসত্ত্বা হওয়ার খবর প্রকাশ্যে এসেছিল।
রাজকুমার রাও ৪১ এবং পত্রলেখা ৩৫ বছর বয়সী। সন্তান ধারণে সমস্যা না হওয়ার কারণ নিয়ে পত্রলেখা আগেই মুখ খুলেছিলেন। সেপ্টেম্বর মাসে এক সাক্ষাৎকারে তিনি জানান যে, তিনি তিন বছর আগেই তাঁর ডিম্বাণু সংরক্ষণ করিয়ে রেখেছিলেন।
তবে, জানা গেছে যে তিনি স্বাভাবিক পদ্ধতিতেই অন্তঃসত্ত্বা হয়েছেন। গর্ভাবস্থার চেয়ে তাঁর কাছে ডিম্বাণু সংরক্ষণের প্রক্রিয়াটি কঠিন ছিল। নিজের অভিজ্ঞতা প্রসঙ্গে তিনি বলেছিলেন:
"তিন বছর আগে ডিম্বাণু সংরক্ষণ করিয়েছিলাম। এখন অন্তঃসত্ত্বা আমি। আমার মনে হয়, অন্তঃসত্ত্বা হওয়া ডিম্বাণু সংরক্ষণের চেয়ে বেশি সহজ ছিল। কতটা কঠিন বিষয়, সেই সময় চিকিৎসক জানাননি আমাকে। ওই গোটা প্রক্রিয়ার চেয়ে এটা (গর্ভধারণ) অনেক বেশি সহজ। অল্পবয়সি মেয়েদের আমি তো বলব, প্রেগন্যান্ট হতে।"
২০১৪ সালে হংসল মেহতার 'সিটি লাইটস' ছবির সেট থেকেই রাজকুমার ও পত্রলেখার ঘনিষ্ঠতা শুরু হয়। দীর্ঘ সাত বছরের প্রেমের পর তাঁরা বিয়ে করেন। নিজেদের মেয়ের নাম অবশ্য এখনও প্রকাশ করেননি তাঁরা।