পরিবার সূত্রে জানা গিয়েছে, বেশ কিছু দিন ধরেই অসুস্থ ছিলেন প্রবীণা। দিন তিনেক আগে হয় গলব্লাডারের জরুরি অস্ত্রোপচার। সেখান থেকেই আর ফেরা হল না তাঁর।

ফাইল ছবি।
শেষ আপডেট: 15 November 2025 12:08
দ্য ওয়াল ব্যুরো: মঞ্চ কিংবা পর্দা—দুই জগতেই ছিলেন নিজের স্বকীয় ছাপ রেখে যাওয়া এক শিল্পী। চলে গেলেন অভিনেত্রী ভদ্রা বসু (Actress Bhadra Bose passed away)।
শুক্রবার গভীর রাতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। পরিবার সূত্রে জানা গিয়েছে, বেশ কিছু দিন ধরেই অসুস্থ ছিলেন প্রবীণা। দিন তিনেক আগে হয় গলব্লাডারের জরুরি অস্ত্রোপচার। সেখান থেকেই আর ফেরা হল না তাঁর।
নাট্যজগতের (Theater World) পরিচিত মুখ ভদ্রা ছিলেন প্রখ্যাত নির্দেশক ও অভিনেতা অসিত বসুর স্ত্রী। তাঁদের দুই কন্যা—দামিনী বসু এবং আনন্দী বসু—মায়ের পথেই হেঁটে আজ মঞ্চ ও ক্যামেরার নিয়মিত শিল্পী। শুক্রবার গভীর রাতেই সম্পন্ন হয় শেষকৃত্য।
আর শনিবার সকালে মায়ের সঙ্গে ছোটবেলার একটি ছবি সামাজিক মাধ্যমে শেয়ার করে দামিনী লিখলেন, “চিরন্তন আনন্দ, মা…”—কথায় কথায় না বলা এক দীর্ঘ শূন্যতার প্রতিধ্বনি যেন।
ভদ্রার প্রয়াণে শোকের ছায়া নেমেছে নাট্যমহলে। অভিনেতা-পরিচালক সোহন বন্দ্যোপাধ্যায়, অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়-সহ বহু শিল্পী শোকবার্তা জানিয়েছেন। বহু মঞ্চ-অভিনয়ের পাশাপাশি সম্প্রতি অনিলাভ চট্টোপাধ্যায় পরিচালিত ‘বেলা’ ছবিতে শেষবার বড়পর্দায় দেখা গিয়েছিল তাঁকে।
বর্ষীয়ান এই শিল্পীর চলে যাওয়া বাংলার নাট্যমঞ্চে এক যুগের অবসান বলেই মনে করছেন সহকর্মীরা।