প্রধানমন্ত্রীর নিরাপত্তা ভাঙার প্রস্তাব দিয়ে বিদেশি গোয়েন্দা সংস্থাকে বার্তা পাঠানোর অভিযোগে বিহারের এক যুবক গ্রেফতার। ডার্ক ওয়েব ও ভিপিএন ব্যবহারের প্রমাণ মিলেছে, তদন্তে চাঞ্চল্য।

নরেন্দ্র মোদী
শেষ আপডেট: 11 April 2026 09:46
দ্য ওয়াল ব্যুরো: বিহারের বক্সার (Bihar Crime) জেলায় এক চাঞ্চল্যকর ঘটনায় এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। অভিযোগ, টাকার বিনিময়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর (Narendra Modi) নিরাপত্তা বিঘ্নিত করার প্রস্তাব দিয়ে একটি বিদেশি গোয়েন্দা সংস্থার ওয়েবসাইটে বার্তা পাঠিয়েছিলেন তিনি।
পুলিশ সূত্রে জানা গেছে, ধৃত যুবকের নাম অমল কুমার তিওয়ারি, তিনি বক্সারের সিমরি এলাকার বাসিন্দা। বৃহস্পতিবার রাতে পুলিশ তাঁকে গ্রেফতার করে। তাঁর কাছ থেকে একটি ল্যাপটপ, মোবাইল ফোন এবং বেশ কিছু ডিজিটাল প্রমাণ বাজেয়াপ্ত করা হয়েছে।
বক্সার পুলিশের একটি বিবৃতিতে জানানো হয়েছে, অমল আমেরিকার একটি গোয়েন্দা সংস্থার ওয়েবসাইটে বার্তা পাঠিয়েছিলেন। সেখানে তিনি দাবি করেন যে, নির্দিষ্ট পরিমাণ অর্থ পেলে তিনি ভারতের প্রধানমন্ত্রীর নিরাপত্তায় বড় ধরনের গলদ তৈরি করে দিতে পারেন।
তদন্তকারী দল অমলের মোবাইল ফোন পরীক্ষা করে দেখেছে যে, তাতে একাধিক ভার্চুয়াল প্রাইভেট নেটওয়ার্ক (VPN) এবং বেশ কিছু বিশেষ অ্যাপ ইনস্টল করা ছিল। মূলত ডার্ক ওয়েব (Dark Web) ব্যবহারের জন্যই তিনি এই প্রযুক্তিগুলি ব্যবহার করতেন। এছাড়া তাঁর কাছ থেকে প্রচুর জাল পরিচয়পত্র উদ্ধার করা হয়েছে, যা দিয়ে তিনি বিভিন্ন সাইবার অপরাধমূলক কর্মকাণ্ড চালাতেন।
জেরায় অমল নিজের অপরাধ মেনে নিয়েছেন। পুলিশ আরও জানতে পেরেছে যে, এর আগেও তাঁর বিরুদ্ধে অপরাধমূলক রেকর্ড রয়েছে। এর আগে কলকাতা বিমানবন্দরের ওয়েবসাইট হ্যাক করার হুমকি দেওয়ার ঘটনায় তাঁর নাম জড়িয়েছিল। বর্তমানে স্থানীয় পুলিশ এবং কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থাগুলি যৌথভাবে অমলকে জেরা করছে। তিনি অন্য কোনো বড় চক্রের সঙ্গে যুক্ত কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।