কার্গিল যুদ্ধের বীর ও ‘লায়ন অফ লাদাখ’ সোনম ওয়াংচুক আর নেই। মহাবীর চক্রজয়ী এই সেনানায়কের প্রয়াণে শোকস্তব্ধ দেশ।

ছবি: দ্য ওয়াল
শেষ আপডেট: 10 April 2026 22:57
দ্য ওয়াল ব্যুরো: কার্গিল যুদ্ধের (Kargil war) কিংবদন্তি নায়ক, ‘লায়ন অফ লাদাখ’ বা ‘লাদাখের সিংহ’ (Sonam Wangchuk) হিসেবে পরিচিত অবসরপ্রাপ্ত কর্নেল সোনম ওয়াংচুক আর নেই। শুক্রবার লেহ শহরে হৃদরোগে আক্রান্ত হয়ে ৬১ বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন মহাবীর চক্র জয়ী এই বীর সেনানায়ক। গত ৩০ বছর ধরে দেশের সেবায় নিয়োজিত থাকা এই নির্ভীক সেনাকর্তার প্রয়াণে লাদাখের পাহাড়ে পাহাড়ে আজ শোকের ছায়া, তবে তাঁর অদম্য শৌর্যের কাহিনি আগামী দিনে বহু তরুণ লাদাখিকে দেশসেবায় অনুপ্রাণিত করবে।
১৯৯৯ সালের ৩০ মে কার্গিল যুদ্ধের সময় এক অভাবনীয় বীরত্বের নজির গড়েছিলেন তৎকালীন মেজর সোনম ওয়াংচুক। কোনো রকম আর্টিলারি সাপোর্ট বা কামানের গোলা ছাড়াই হাড়হিম করা ঠান্ডায় মাত্র ৪০ জন জওয়ানকে নিয়ে তিনি ১৮ হাজার ফুট উঁচুতে দুর্গম অভিযানে নেমেছিলেন। টানা তিন দিনের সেই রক্তক্ষয়ী যুদ্ধে তাঁর নেতৃত্বাধীন ছোট দলটি ১৩৬ জন পাকিস্তানি অনুপ্রবেশকারীকে খতম করে। এই অসামান্য সাহসিকতার স্বীকৃতিস্বরূপ ভারত সরকার তাঁকে দেশের দ্বিতীয় সর্বোচ্চ সামরিক সম্মান ‘মহাবীর চক্র’-এ ভূষিত করে।
ব্যক্তিগত জীবনে কর্নেল ওয়াংচুক সম্প্রতি এক কঠিন সময়ের মধ্য দিয়ে যাচ্ছিলেন। চলতি বছরের জানুয়ারিতে তাঁর বাবার মৃত্যু হয় এবং গত ২৫ মার্চ বাবার পারলৌকিক কাজের জন্যই তিনি লাদাখে ফিরেছিলেন। পারিবারিক সূত্রে জানা গেছে, বাবার মৃত্যুতে তিনি মানসিকভাবে অত্যন্ত ভেঙে পড়েছিলেন এবং বেশ কিছুদিন ধরেই শারীরিক চাপে ছিলেন। মাঝে মাঝেই বুকে ব্যথার অভিযোগও করতেন তিনি। অবশেষে শুক্রবার হৃদরোগ তাঁর জীবনের যুদ্ধের ইতি টেনে দিল।
ভারতমাতার এই বীর সন্তানের প্রয়াণে গভীর শোকপ্রকাশ করেছেন দেশের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। সোশ্যাল মিডিয়ায় এক শোকবার্তায় তিনি জানান যে, জাতীয় সংহতি রক্ষা এবং দেশের সেবায় এই লড়াকু অফিসারের আত্মত্যাগ আগামী প্রজন্ম চিরকাল শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে।