প্রথমে আয়েজের মাথা জলের বালতিতে চেপে ধরা হয়। এরপর মৃত্যু নিশ্চিত করতে তাকে মেঝেতে আছাড় মারে তার মা।

ছেলেকে খুন মায়ের
শেষ আপডেট: 10 April 2026 19:15
দ্য ওয়াল ব্যুরো: ছেলে পথের কাঁটা। তাকে সরাতেই হবে। প্রেমিকের সঙ্গে মিলে ছ’বছরের শিশুকে নৃশংসভাবে খুন করলেন মহিলা (Woman murders child)। ঘটনাটি মহারাষ্ট্রের পুণে জেলার খেড এলাকার।
অভিযুক্ত বাসিরণ মেহবুব শেখ (২৭) দীর্ঘ ১০ বছর আগে বিয়ে করেন। কিন্তু সম্প্রতি বনিবনা না হওয়ায় স্বামী মেহবুবের থেকে আলাদা থাকছিলেন। পুলিশ জানতে পেরেছে, দুজন আলাদা হওয়ার পর স্বামীর এক বন্ধুর সঙ্গে সম্পর্কে জড়িয়ে পড়েন বাসিরণ। ওই ব্যক্তির নাম রাম বিনায়ক কাজেওয়াড়। তদন্তে উঠে এসেছে, এই সম্পর্কের পথে বাধা হয়ে দাঁড়াচ্ছিল বাসিরণের ছ’বছরের ছেলে আয়েজ।
অভিযোগ, সেই কারণেই শিশুটিকে পৃথিবী থেকে সরানোর পরিকল্পনা করে অভিযুক্তরা। গত ৪ এপ্রিল রাত সাড়ে ১১টা নাগাদ খুন করা হয় বাচ্চাটিকে (Child Murder Case)।
প্রথমে আয়েজের মাথা জলের বালতিতে চেপে ধরা হয়। এরপর মৃত্যু নিশ্চিত করতে তাকে মেঝেতে আছাড় মারে তার মা। নৃশংসতার এই ছবি সামনে আসতে শিউরে উঠছেন তদন্তকারীরাও।
খুনের পর ঘটনাকে অন্য খাতে ঘোরানোর চেষ্টা করেন বাসিরণ। সন্তানের দেহ নিয়ে তিনি পৌঁছে যান বীডে তাঁর বাপের বাড়িতে। পরিবারকে জানানো হয়, হার্ট অ্যাটাকে মৃত্যু হয়েছে বাচ্চার। তবে সন্দেহ হয় তাঁর বাবার। শেষকৃত্যের জন্য এসে তিনি শিশুটির শরীরে আঘাতের চিহ্ন দেখতে পান। এরপরই পুলিশের দ্বারস্থ হন।
অভিযোগের ভিত্তিতে পুলিশ তদন্ত শুরু করে এবং ময়নাতদন্তে খুনের বিষয়টি নিশ্চিত হয়। বাসিরণকে গ্রেফতার করা হয়েছে। যদিও মূল অভিযুক্ত রাম বিনায়ক কাজেওয়াড় এখনও পলাতক। তার খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ।
এক আধিকারিক জানিয়েছেন, “শিশুটি অভিযুক্তদের সম্পর্কের পথে বাধা হয়ে দাঁড়াচ্ছিল বলে এই খুন। পরিকল্পনা করেই সবটা করা হয়েছে।”