হোলিতে কি মদ বিক্রি হবে? সোশ্যাল মিডিয়ার জল্পনায় ইতি টানল সরকার।

ফাইল চিত্র
শেষ আপডেট: 24 February 2026 22:55
দ্য ওয়াল ব্যুরো: হোলি, (holi 2025) মুহররম এবং গান্ধী জয়ন্তীতে ‘ড্রাই ডে’ বা মদ বিক্রি বন্ধের নিয়ম তুলে দেওয়া হয়েছে— এমন দাবিকে সম্পূর্ণ ভুয়ো বলে উড়িয়ে দিলেন রাজেশ দেশমুখ। মঙ্গলবার স্পষ্ট ভাষায় তিনি জানিয়ে দেন, মহারাষ্ট্রে বাধ্যতামূলক ‘ড্রাই ডে’-র (Maharashtra Dry Day) নিয়ম বহাল আছে।
সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় বেশ কিছু পোস্টে দাবি করা হয়েছিল, হোলি, মুহররম এবং গান্ধী জয়ন্তীর মতো গুরুত্বপূর্ণ দিনে আর মদ বিক্রিতে নিষেধাজ্ঞা থাকবে না। এই জল্পনার প্রেক্ষিতেই মুখ খোলেন আবগারি কমিশনার। তিনি জানান, মহারাষ্ট্র সরকার এই ধরনের কোনও সিদ্ধান্ত নেয়নি এবং প্রচলিত আইন অনুযায়ী মোট আটটি বাধ্যতামূলক ড্রাই ডে কার্যকর থাকবে।
বর্তমান নিয়ম অনুযায়ী, প্রজাতন্ত্র দিবস (২৬ জানুয়ারি), শহিদ দিবস (৩০ জানুয়ারি), মহারাষ্ট্র দিবস (১ মে), আষাঢ়ী একাদশী, স্বাধীনতা দিবস (১৫ আগস্ট), অনন্ত চতুর্দশী, গান্ধী জয়ন্তী (২ অক্টোবর) এবং কার্তিকী একাদশীতে মদ বিক্রি সম্পূর্ণ নিষিদ্ধ থাকে।
এছাড়াও কমিশনার আরও জানান, মহারাষ্ট্র প্রোহিবিশন অ্যাক্ট-এর ১৪২ নম্বর ধারা অনুযায়ী, জেলা প্রশাসকরা তাঁদের নিজ নিজ এলাকায় প্রয়োজন অনুযায়ী অতিরিক্ত ড্রাই ডে ঘোষণা করার ক্ষমতাও রাখেন।