সাহেবদের উচ্চারণের সুবিধার জন্য এক সময় ‘কেরলম’ (Keralam) হয়ে গিয়েছিল ‘কেরল’ (Kerala)। স্বাধীনতা-উত্তর ভারতের সরকারি নথিতেও সেই ইংরেজি বানানই জায়গা করে নিয়েছিল।

গ্রাফিক্স: দিব্যেন্দু দাস
শেষ আপডেট: 24 February 2026 19:55
দ্য ওয়াল ব্যুরো: সাহেবদের উচ্চারণের সুবিধার জন্য এক সময় ‘কেরলম’ (Kerala Keralam) হয়ে গিয়েছিল ‘কেরল’ (Kerala)। স্বাধীনতা-উত্তর ভারতের সরকারি নথিতেও সেই ইংরেজি বানানই জায়গা করে নিয়েছিল। মঙ্গলবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর (Narendra Modi) নেতৃত্বাধীন কেন্দ্রীয় মন্ত্রিসভা কেরল বিধানসভার (Kerala Assembly) প্রস্তাব মেনে নিয়ে রাজ্যের নাম পরিবর্তনের সিদ্ধান্তে সায় দিল। এর ফলে মানচিত্র থেকে ‘কেরল’ নামটি মুছে গিয়ে এবার স্থায়ীভাবে জায়গা করে নেবে ‘কেরলম’।
নামের ব্যুৎপত্তি ও ইতিহাস (History of Keralam)
মালয়ালি ভাষায় ‘কেরা’ মানে নারকেল এবং ‘আলম’ বা ‘ইলাম’ শব্দের অর্থ ভূমি। অর্থাৎ আক্ষরিক অর্থেই এই রাজ্য ‘নারকেলের দেশ’। কেরল বিশ্ববিদ্যালয়ের (Kerala University) ইতিহাসের অধ্যাপক শাজি এ-এর মতে, ব্রিটিশরা নামের শেষে ‘ম’ বা ‘ন’ উচ্চারণ করতে অসুবিধার মুখে পড়ত। তাই তারা নিজেদের সুবিধামতো ‘কেরলম’-কে ‘কেরল’ করে দিয়েছিল। ইতিহাসবিদ ড. কে এন গণেশ মনে করছেন, এই পরিবর্তনের মাধ্যমে আসলে ব্রিটিশ ঔপনিবেশিক ছোঁয়া মুছে ফেলে মালয়ালি ভাষাতাত্ত্বিক স্বাতন্ত্র্যকে প্রতিষ্ঠা করা হল।
শশী তারুরের কটাক্ষ
পিনারাই বিজয়ন সরকারের এই পদক্ষেপকে সব পক্ষই সমর্থন জানালেও, সোশ্যাল মিডিয়ায় একটি কৌতূহলী প্রশ্ন ছুড়ে দিয়েছেন তিরুবনন্তপুরমের কংগ্রেস সাংসদ শশী তারুর। রসিকতা করে তিনি লিখেছেন, নাম তো ‘কেরলম’ হল, কিন্তু এই রাজ্যের বাসিন্দাদের ইংরেজি পরিচয় কী হবে? ‘কেরলাইট’ বা ‘কেরলান’-এর বদলে যদি ‘কেরলম-ইট’ বলা হয় তবে তা অণুজীবের মতো শোনাবে, আর ‘কেরলম-ইয়ান’ বললে মনে হবে বিরল কোনও খনিজ! মুখ্যমন্ত্রীর উদ্দেশে তাঁর পরামর্শ, নতুন এই নামের জুতসই ইংরেজি প্রতিশব্দ খুঁজতে যেন প্রতিযোগিতার আয়োজন করা হয়।
আইনি প্রক্রিয়া ও পরবর্তী ধাপ
২০২৪ সালের জুন মাসে বিজয়ন সরকার বিধানসভায় এই মর্মে সর্বসম্মত প্রস্তাব পাশ করেছিল। মঙ্গলবার মন্ত্রিসভার অনুমোদনের পর এবার রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু ‘কেরল (নাম পরিবর্তন) বিল, ২০২৬’ কেরল বিধানসভায় পাঠাবেন তাদের মতামতের জন্য। সংবিধানের ৩ নম্বর অনুচ্ছেদ অনুযায়ী, বিধানসভার মত পাওয়ার পরেই বিলটি সংসদের উভয় কক্ষে পেশ করা হবে। সংসদের সবুজ সংকেত মিললেই সরকারিভাবে কেরল হবে ‘কেরলম’।
নাম বদলের ধারা
ভারতের মানচিত্রে নাম বদল নতুন কিছু নয়। এর আগে উত্তরপ্রদেশের এলাহাবাদ হয়েছে ‘প্রয়াগরাজ’, উড়িষ্যা হয়েছে ‘ওড়িশা’ এবং উত্তরাঞ্চল হয়েছে ‘উত্তরাখণ্ড’। এমনকি গত কয়েক দশকে বেঙ্গালুরু, চেন্নাই বা মহীশূরের মতো শহরের নামও বদলেছে স্থানীয় উচ্চারণের স্বার্থে। দিল্লির মুঘল গার্ডেনের নাম বদলে ‘অমৃত উদ্যান’ করার মতো পদক্ষেপও মোদী সরকারের আমলে বিশেষ চর্চিত হয়েছে। কেরলের এই বদলও সেই একই ধারাবাহিকতার অংশ, যেখানে ঔপনিবেশিক বা বাহ্যিক পরিচয় ঝেড়ে ফেলে আঞ্চলিক আত্মপরিচয়কেই অগ্রাধিকার দেওয়া হচ্ছে।
বিধানসভা নির্বাচনের ঠিক আগে এই সিদ্ধান্ত কেরলের রাজনীতিতে মালয়ালি ভাবাবেগকে যে নতুন মাত্রা দেবে বলে মনে করছে ওয়াকিবহাল মহল।