সিদ্দারামাইয়া-ডিকে শিবকুমারের ফলাও করে বন্ধুত্ব-প্রচারের প্রাতঃরাশের পরদিনই ছেঁকে ধরল বিরোধী দল বিজেপি।

কার্টিয়েরের বহু মডেলের ঘড়ি আছে, তবে মুখ্যমন্ত্রীর হাতে ছিল একটি বড়সড় স্যান্টোস ডি কার্টিয়ের।
শেষ আপডেট: 3 December 2025 15:34
দ্য ওয়াল ব্যুরো: সুইস রাজকীয় ব্র্যান্ডের হুবলো হাতঘড়ির কুখ্যাত বিখ্যাত বিতর্কের পর কর্নাটকের কংগ্রেসি মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়ার হাতে ফের দেখা গেল ফরাসি লাক্সারি হাতঘড়ি কার্টিয়ের। যার দাম মাত্র ৪৩ লক্ষ টাকা। আর তা নিয়ে সিদ্দারামাইয়া-ডিকে শিবকুমারের ফলাও করে বন্ধুত্ব-প্রচারের প্রাতঃরাশের পরদিনই ছেঁকে ধরল বিরোধী দল বিজেপি। কর্নাটক বিজেপি মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়াকে বুধবার ভুয়ো সমাজতন্ত্রী বলে ব্যাখ্যা করেছে। উল্লেখ্য, সদাশিবনগরে ডিকের বাসভবনে আয়োজিত প্রাতঃরাশের অনুষ্ঠানে শিবকুমারের কবজিতেও ছিল অভিজাত কার্টিয়েরের ঘড়ি।
কার্টিয়েরের বহু মডেলের ঘড়ি আছে, তবে মুখ্যমন্ত্রীর হাতে ছিল একটি বড়সড় স্যান্টোস ডি কার্টিয়ের। যা রোজ গোল্ড সোনা দিয়ে তৈরি। দাম! ৪৩ লক্ষ ২০ হাজার টাকা। প্রসঙ্গত, কয়েক সপ্তাহ আগে দেশের খাদ্য প্রক্রিয়াকরণ মন্ত্রী চিরাগ পাসোয়ান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে দেখা করার সময় এই কোম্পানিরই একটি ঘড়ি পরেছিলেন। তবে সেটা একটু কম দামি মডেল।
Mr. @siddaramaiah , your definition of Socialism seems to come with a very high price tag. While the people of Karnataka struggle with drought and crumbling infrastructure, our "Simple Socialist" CM flaunts a Santos de Cartier.#CongressFailsKarnataka pic.twitter.com/Qog1jt1WSz
— BJP Karnataka (@BJP4Karnataka) December 2, 2025
তবে স্যান্টোস ডি কার্টিয়ের আরেকটু অভিজাত লোকজনের জন্য। এটি তৈরি হয়েছে ১৮ ক্যারেটের রোজ (পিঙ্ক) সোনা দিয়ে। ঘড়ির কেস এবং ব্রেসলেটটি ১৯০৪ সালের অরিজিনাল স্যান্টোসের ডিজাইনের আধুনিক সংস্করণ। তারিখ দেখার জায়গাটি রয়েছে ৬টার জায়গায়। ডায়ালটি রুপোর যার উপর বোল্ড ব্ল্যাক রোমান হরফের সময়ের ঘণ্টা লেখা আছে। মিনিট ট্র্যাকটি রেলওয়ে স্টাইলের।
ঘড়িটি খুব বেশি হলেও ৩৯.৮ এমএম এবং ৯ এমএম পুরু। জলে এই ঘড়ির ক্ষতি হয় না। ১০০ মিটার পর্যন্ত জলের নীচেও এই ঘড়ি সচল থাকে। অর্থাৎ ঘরোয়া সুইমিং পুলে এই ঘড়ি পরে সাঁতার কাটা যায়। স্যান্টোসের পিছনে রয়েছে দীর্ঘদিনের এক ঐতিহ্য ও পরম্পরা। লুই কার্টিয়ের ১৯০৪ সালে ব্রাজিলীয় পাইলট আলবার্তো স্যান্টোস দুমন্টের জন্য ডিজাইন করেছিলেন। অন্য কথায় বলা যায়, এটাই ছিল প্রথম কোনও বিশেষ উদ্দেশ্যে তৈরি পুরুষদের ঘড়ি।
সিদ্দারামাইয়া এই প্রথম নয়, এর আগেও ২০১৬ সালে আরও দামি সুইস কোম্পানি হুবলো ব্র্যান্ডের হাতঘড়ি পরে বিতর্কে জড়িয়েছিলেন। সেবার হিরেখচিত এই ঘড়ির আনুমানিক দাম ছিল ৭০ লক্ষ টাকা। আর তাই নিয়েই বিরোধীরা অভিযোগ তুলেছে, যে রাজনীতিক সবসময় গরিবদের কণ্ঠস্বর বলে নিজেকে প্রচার করেন, তাঁর হাতে কি রাজঘরানার ঘড়ি পরায় মানায়! পরে অবশ্য সিদ্দারামাইয়া সাফাই দিয়ে জানান, এটি দুবাইয়ের এক ডাক্তার তাঁকে উপহার দিয়েছেন। এবং যে দাম প্রচার করা হচ্ছে, এটা অত দামি নয়।