মন্ত্রী জানিয়েছেন গত দু'বছরে দিল্লির হাসপাতালগুলিতে (Delhi Hospitals) দু'লাখের বেশি মানুষ শ্বাসকষ্ট নিয়ে ইমার্জেন্সিতে চিকিৎসার জন্য গিয়েছিলেন। তাদের দশ শতাংশকে ভর্তি নিয়ে চিকিৎসা দিতে হয়েছে। মন্ত্রী জানিয়েছেন এই ধারাবাহিকতা চলছে।
.jpg.webp)
প্রতীকী ছবি
শেষ আপডেট: 3 December 2025 09:39
দ্য ওয়াল ব্যুরো: দিল্লির বায়ু দূষণ (Delhi Pollution) গোটা পৃথিবীতে আলোচিত এবং চিন্তার বিষয়। রাজধানীর বাসিন্দারা নিরুপায়। বাকিরা জরুরি প্রয়োজন ছাড়া দিল্লি এড়িয়ে চলছেন। রাজধানীর বায়ু দূষণ নিয়ে চিন্তা আরও বেড়ে গিয়েছে সংসদে পেশ করা কেন্দ্রীয় সরকারের স্বাস্থ্য মন্ত্রকের একটি রিপোর্ট।
কেন্দ্রের স্বাস্থ্য প্রতিমন্ত্রী প্রতাপরাও যাদব রাজ্যসভায় (Rajya Sabha) জানিয়েছেন, দিল্লির হাসপাতালগুলির জরুরি বিভাগে শ্বাসকষ্টের রোগীর সংখ্যা বিগত কয়েক বছরে অনেক বেড়ে গিয়েছে। এরপর মন্ত্রী যে পরিসংখ্যান পেশ করেছেন তাতে অনেকেই মনে করছেন পরিস্থিতি ভয়াবহ। পথ দুর্ঘটনায় আহত, হার্ট অ্যাটাকে অসুস্থ রোগীর মত শ্বাসকষ্ট নিয়ে ঘনঘন হাসপাতালের ইমারজেন্সিতে হাজির হচ্ছেন বহু মানুষ।
মন্ত্রী জানিয়েছেন গত দু'বছরে দিল্লির হাসপাতালগুলিতে (Delhi Hospitals) দু'লাখের বেশি মানুষ শ্বাসকষ্ট নিয়ে ইমার্জেন্সিতে চিকিৎসার জন্য গিয়েছিলেন। তাদের দশ শতাংশকে ভর্তি নিয়ে চিকিৎসা দিতে হয়েছে। মন্ত্রী জানিয়েছেন এই ধারাবাহিকতা চলছে।
এই ব্যাপারে দ্বিতীয় ও তৃতীয় শহর হিসেবে চেন্নাই (Chennai) এবং মুম্বই (Mumbai) নিয়ে উদ্বেগ প্রকাশ করেন মন্ত্রী। বলেন তামিলনাড়ু ও মহারাষ্ট্রের রাজধানীতেও দূষণ ভয়াবহ এবং সেখানেও বহু মানুষ শ্বাসকষ্টে আক্রান্ত হয়ে হাসপাতালে শরণাপন্ন হচ্ছেন। ডাক্তারি পরিভাষায় এই অসুস্থতাকে বলা হয় একিউট রেসপিরেটরি ইলনেস বা এআরআই (ARI)। দূষণের এই ভয়াবহতায় কলকাতা (Kolkata Pollution) কোন জায়গায় দাঁড়িয়ে তা স্পষ্ট করেননি মন্ত্রী। তবে বিশেষজ্ঞরা বলছেন বাংলার রাজধানীও ভাল নেই। প্রায়ই কলকাতা দূষণের মাত্রা দিল্লির কাছাকাছি পৌঁছে যায়। তবে কলকাতার হাসপাতাল গুলিতে এর ফলে শ্বাসকষ্টে রোগীর সংখ্যা কত বেড়েছে তার হিসেব স্বাস্থ্য প্রতিমন্ত্রী দেননি।
স্বাস্থ্য প্রতিমন্ত্রী জানান ২০২২ সালে ৬৭ হাজার ৫৪ জন পেয়ারায় রোগী দিল্লির হাসপাতাল গুলিতে শ্বাসকষ্টের সমস্যা নিয়ে হাজির হয়েছিলেন। পরের বছর অর্থাৎ ২০২৩-এ সেই সংখ্যা বৃদ্ধি পেয়ে হয় ৬৯ হাজার ২৯৩। ৬৮ হাজার ৪১১ জন এআরআইয়ের সমস্যা নিয়ে হাসপাতালের ইমারজেন্সিতে হাজির হয়েছিলেন। মন্ত্রী জানিয়েছেন গতবছর ১০ হাজার ৮১৯ জনকে হাসপাতালে ভর্তি রেখে চিকিৎসা করাতে হয়।
মন্ত্রী আরও জানিয়েছেন, দূষণের জেরে মানুষের নানা ধরনের শারীরিক জটিলতা তৈরি হচ্ছে। ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিক্যাল রিসার্চ ২০২৩ সাল থেকে এই বিষয়ে বিশদ গবেষণা প্রকল্প হাতে নিয়েছে।