আগামী ৯ ও ১১ ডিসেম্বর- কেরলে দু'দফায় পঞ্চায়েত নির্বাচন হবে। ফল ঘোষণা আগামী ১৩ ডিসেম্বর। মোট ১ হাজার ১৯৯টি স্থানীয় সংস্থা- গ্রাম পঞ্চায়েত থেকে শুরু করে কর্পোরেশন পর্যন্ত, এবার নির্বাচনে অংশ নিচ্ছে।

প্রতীকী ছবি
শেষ আপডেট: 3 December 2025 14:28
দ্য ওয়াল ব্যুরো: সোনিয়া গান্ধী (Sonia Gandhi)। নামটা শুনলে প্রথমেই মনে আসবে কংগ্রেসের প্রাক্তন সর্বভারতীয় সভাপতি তথা প্রবীণ সাংসদের। তবে যার কথা এখানে বলা হচ্ছে, তাঁর সঙ্গে জাতীয় রাজনীতির পরিচিত মুখের কোনও সম্পর্ক নেই। তিনি হলেন কেরলের (Kerala) মুন্নরের পঞ্চায়েত নির্বাচনের বিজেপি প্রার্থী সোনিয়া গান্ধী (BJP Candidate Sonia Gandhi)।
মুন্নরের এক সাধারণ পরিবারের মেয়ে-গৃহবধূ সোনিয়া গান্ধী (Kerala's Sonia Gandhi)। এই নামের পিছনে রয়েছে এক আবেগঘন কারণ। তাঁর বাবা প্রয়াত দুরে রাজ, কংগ্রেসের একজন একনিষ্ঠ কর্মী ছিলেন। কংগ্রেস নেত্রী সোনিয়া গান্ধীর প্রতি শ্রদ্ধা থেকেই নিজের মেয়ের নাম রেখেছিলেন সোনিয়া গান্ধী। সেই নামই আজ ভোটের ময়দানে এনে দিয়েছে আলোচনার ঝড়।
সময়ের সঙ্গে সোনিয়ার রাজনৈতিক পথ বদলে যায়। বিয়ের পর থেকেই সোনিয়া বিজেপির দিকে ঝুঁকে পড়েন। তাঁর স্বামী একজন বিজেপি নেতা এবং পঞ্চায়েতের সাধারণ সম্পাদক। বছর দেড়েক আগে তিনি মুন্নার মূলাক্কাড়া ওয়ার্ডে উপনির্বাচনে প্রার্থীও হয়েছিলেন। এবার তাঁর পথ অনুসরণ করেই ভোটে দাঁড়িয়েছেন সোনিয়া গান্ধী (BJP Candidate Sonia Gandhi)।

মুন্নরের বিজেপি প্রার্থী সোনিয়া গান্ধী
অন্যদিকে, কংগ্রেস প্রার্থী মঞ্জুলা রমেশ (Congress Manjula Ramesh) কিছুটা চিন্তায় পড়েছেন বলেই স্থানীয় মহলে জল্পনা। কারণ অতীতেও বহুবার দেখা গেছে, একই বা পরিচিত নাম থাকলে ভোটারদের মধ্যে বিভ্রান্তি তৈরি হয়। বহু নির্বাচনে নামের মিলের কারণে প্রতিদ্বন্দ্বীর ভোট কমে যাওয়ার ঘটনা নতুন নয়। তাই এই ভোটেও নাম-সংক্রান্ত বিভ্রান্তি ফলাফলে প্রভাব ফেলতে পারে, এমন আশঙ্কা রয়েই গেছে।
আগামী ৯ ও ১১ ডিসেম্বর- কেরলে দু'দফায় পঞ্চায়েত নির্বাচন হবে। ফল ঘোষণা আগামী ১৩ ডিসেম্বর।
মোট ১ হাজার ১৯৯টি স্থানীয় সংস্থা—গ্রাম পঞ্চায়েত থেকে শুরু করে কর্পোরেশন পর্যন্ত, এবার নির্বাচনে অংশ নিচ্ছে। ভোটের রিয়েল-টাইম ফলাফল দেখা যাবে স্টেট ইলেকশন কমিশনের 'TREND 2025' পোর্টালে।