এক আইনজীবীর পরামর্শে মামলা দায়ের করার কথা ভাবলেও, দিব্যাকে টাকা দিয়ে আগের স্বামীর সঙ্গে বিষয় মিটিয়ে নেওয়ার চেষ্টা করেন মগন। এরপর দিব্যা মার্চ মাসে ‘কাজের’ কথা বলে বাড়ি ছেড়ে চলে যান। তারপরে আর ফেরেননি।

শেষ আপডেট: 26 June 2025 14:11
দ্য ওয়াল ব্যুরো: স্ত্রী ও তাঁর প্রেমিকের বিরুদ্ধে নির্যাতনের অভিযোগ করে আত্মঘাতী হলেন বছর ত্রিশের এক ব্যক্তি (Haryana dies by suicide)। আত্মহত্যার আগে চার মিনিটের একটি ভিডিও করে সোশ্যাল মিডিয়ায় আপলোড করেন ওই ব্যক্তি। ভিডিও-তে তিনি জানান, প্রেমিকের সঙ্গে মিলে তাঁর স্ত্রী লাগাতার টাকার জন্য চাপ দিচ্ছিলেন, এমনকী পৈতৃক জমি বিক্রি করে মুম্বইয়ে জমি কেনার পরিকল্পনাও ছিল তাঁদের। স্ত্রীর প্রেমিক মহারাষ্ট্র পুলিশের (Maharashtra Police) কর্মী বলেও ভিডিওতে দাবি করেছেন তিনি।
পুলিশ সূত্রে খবর, মৃত ব্যক্তির নাম মগন। তিনি হরিয়ানার (Haryana Man dies by suicide) রোহতকের ডোভাব গ্রামের বাসিন্দা। পেশায় কৃষক ছিলেন। ১৮ জুন গ্রামের এক গাছে তাঁর ঝুলন্ত দেহ উদ্ধার হয়। তার আগেই তিনি সেই ভিডিও পোস্ট করেন, যা এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল।
ভিডিওতে মগন বলেন, “আমি নিজের জীবন শেষ করছি দিব্যা ও তাঁর প্রেমিকের জন্য। ওরা আমাকে টাকার জন্য চাপ দিচ্ছে। ওরা এখন মহারাষ্ট্রে একসঙ্গে রয়েছে। আমার বাবাকে মেরে ফেলতে বলছে, যাতে এখানে জমি বিক্রি করে সেই টাকায় মুম্বইয়ে জমি কিনতে পারে।”
তিনি আরও বলেন, "আমি প্রচণ্ড মানসিক চাপে (Mental Harrasment) রয়েছি। আমি বাবাকে মারতে পারব না। তাই নিজেকেই শেষ করে দিচ্ছি।” ভিডিওতে উঠে আসে দিব্যার অতীত সম্পর্কের কথাও। মগনের দাবি, বিয়ের পর এক বছরের মধ্যে তিনি জানতে পারেন, দিব্যা আগে থেকেই বিবাহিত এবং তাঁর একটি সন্তানও রয়েছে। সেই সম্পর্কে এখনও আইনি বিচ্ছেদ হয়নি।
এক আইনজীবীর পরামর্শে মামলা দায়ের করার কথা ভাবলেও, দিব্যাকে টাকা দিয়ে আগের স্বামীর সঙ্গে বিষয় মিটিয়ে নেওয়ার চেষ্টা করেন মগন। এরপর দিব্যা মার্চ মাসে ‘কাজের’ কথা বলে বাড়ি ছেড়ে চলে যান। তারপরে আর ফেরেননি।
পুলিশ সূত্রে আরও জানা যায়, আত্মহত্যার কিছুক্ষণ আগে মগনের মোবাইলে একটি ভিডিও আসে, যেখানে দিব্যাকে নাচতে দেখা যায়। সেই ভিডিও তার প্রেমিকই পাঠিয়েছেন বলে অভিযোগ। ওই প্রেমিক ৫ লক্ষ টাকা চেয়েছিলেন। সেই টাকা দেওয়ার জন্য সোনার গয়না বন্ধক রাখা হয়। বাকি টাকার জন্য ক্রমাগত চাপ দেওয়া হচ্ছিল বলে দাবি মগনের।
মগন ও দিব্যার একটি সন্তান রয়েছে। ভিডিওর শেষে কান্নাভেজা কণ্ঠে তিনি রোহতক পুলিশের কাছে অনুরোধ করেন,
“আমার সন্তানকে দেখবেন। ও যেন আমার বাবা-মায়ের কাছে থাকে। আমি রোহতক পুলিশের কাছে হাত জোড় করে অনুরোধ করছি, দিব্যা আর তাঁর প্রেমিককে যেন কড়া শাস্তি দেওয়া হয়। ওরাই আমাকে আত্মহত্যায় বাধ্য করেছে। আমার ন্যায়বিচার চাই।”
ওই ভিডিওতেই তিনি কংগ্রেস (Congress) সাংসদ দীপেন্দ্র সিং হুডা এবং স্থানীয় বিধায়ক বালরাম দাঙ্গীর কাছেও আবেদন জানান, তাঁর মৃত্যুর পর ছেলেকে যেন দাদু-দিদার কাছে পাঠিয়ে দেওয়া হয়। রোহতক থানার অ্যাসিস্ট্যান্ট সাব-ইনস্পেক্টর সঞ্জয় কুমার বলেন, '১৮ জুন খবর পাই, এক ব্যক্তি আত্মহত্যার আগে ভিডিও আপলোড করেছেন। তিনি গলায় দড়ি দিয়ে আত্মঘাতী হন। দেহের ময়নাতদন্ত করা হয়েছে, অভিযুক্তদের বিরুদ্ধে মামলা রুজু হয়েছে। তদন্ত চলছে। দিব্যার কোনো খোঁজ এখনও মেলেনি। তার খোঁজে তল্লাশি চলছে।