পুলিশের প্রাথমিক ধারণা, রোভিলের কিংসলি ক্লোজ এলাকায় অবস্থিত ওই চ্যারিটি প্রাঙ্গণ থেকে তিন অজ্ঞাত ব্যক্তি মূর্তিটি চুরি করেছে।

শেষ আপডেট: 3 February 2026 22:25
দ্য ওয়াল ব্যুরো: মেলবোর্নের (Melbourne) রোভিলের অস্ট্রেলিয়ান ইন্ডিয়ান কমিউনিটি সেন্টার থেকে মহাত্মা গান্ধীর একটি ব্রোঞ্জ মূর্তি চুরি হয়ে যাওয়ার ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে (Gandhi Statue Stolen in Melbourne)। ইতিমধ্যেই পুলিশ তদন্ত শুরু করেছে। ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে ভারতীয়-অস্ট্রেলীয় সম্প্রদায়।
এই ঘটনাকে ঘিরে কড়া প্রতিক্রিয়া জানিয়েছে নয়াদিল্লিও। ভারত সরকার বিষয়টিতে আনুষ্ঠানিকভাবে অস্ট্রেলিয়া (Australia) সরকারের হস্তক্ষেপ চেয়েছে। দ্রুত মূর্তিটি উদ্ধারের পাশাপাশি দোষীদের চিহ্নিত করে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছে (India Urges Swift Action from Australia)।
৩ ফেব্রুয়ারি ২০২৬ সাংবাদিকদের প্রশ্নের উত্তরে বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেন, অজ্ঞাত দুষ্কৃতীরা গান্ধী মূর্তি ভাঙচুর করে সরিয়ে নেওয়ার ঘটনাকে ভারত ‘কঠোরভাবে নিন্দা’ করছে।
তিনি বলেন, “আমরা অস্ট্রেলিয়া সরকারের কাছে জোরালোভাবে বিষয়টি তুলেছি এবং দ্রুত পদক্ষেপ নিয়ে নিখোঁজ মূর্তিটি উদ্ধার ও অপরাধীদের শাস্তির আওতায় আনার অনুরোধ জানিয়েছি।”
‘দ্য অস্ট্রেলিয়া টুডে’-র প্রতিবেদন অনুযায়ী, এই মূর্তিটি ভারতীয় সাংস্কৃতিক সম্পর্ক পরিষদ (ICCR), নয়াদিল্লির পক্ষ থেকে উপহার দেওয়া হয়েছিল। ২০২১ সালের ১২ নভেম্বর তৎকালীন অস্ট্রেলীয় প্রধানমন্ত্রী স্কট মরিসন এটি উদ্বোধন করেন। ভারতীয়-অস্ট্রেলীয় সম্প্রদায়ের কাছে এই মূর্তিটির সাংস্কৃতিক, ঐতিহাসিক ও প্রতীকী গুরুত্ব রয়েছে।
পুলিশের প্রাথমিক ধারণা, রোভিলের কিংসলি ক্লোজ এলাকায় অবস্থিত ওই চ্যারিটি প্রাঙ্গণ থেকে তিন অজ্ঞাত ব্যক্তি মূর্তিটি চুরি করেছে। তদন্ত চলছে।