ড্রাইভারকে ঘটনাস্থল থেকেই আটক করেছে পুলিশ। তাঁর রক্তের নমুনা সংগ্রহ করে মদ্যপানের প্রমাণ যাচাইয়ের জন্য পাঠানো হয়েছে।

ঘটনাস্থলের দৃশ্য
শেষ আপডেট: 3 November 2025 16:29
দ্য ওয়াল ব্যুরো: এক মদ্যপ ট্রাকচালকের (Drunk driving of truck driver) দৌরাত্ম্যে রাজস্থানের জয়পুরে (Jaipur, Rajasthan) মৃত্যু হল অন্তত ১০ জনের, গুরুতর জখম প্রায় ৫০ জন। রবিবার রাতে ঘটে যাওয়া এই ভয়াবহ দুর্ঘটনায় জয়পুরের লোহারমাণ্ডি রোড কিছুক্ষণের মধ্যেই পরিণত হয় মৃত্যুপুরীতে।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, একটি ডাম্পার ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে প্রায় ৫ কিলোমিটার জুড়ে তাণ্ডব চালায়। সেই সময় উল্টো দিক থেকে আসা একাধিক গাড়ি ও মোটরবাইকের সঙ্গে ধাক্কা খায় ট্রাকটি। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, চালক তখন সম্পূর্ণ নেশাগ্রস্ত অবস্থায় ছিলেন। তিনি একটার পর একটা গাড়িকে ধাক্কা দিতে থাকেন।
এক প্রত্যক্ষদর্শীর কথায়, “ট্রাকটা একটা পর একটা গাড়িকে ধাক্কা মারতে মারতে যাচ্ছিল। মানুষ চিৎকার করছিল, গাড়িগুলো উলটে যাচ্ছিল, কিন্তু চালক যেন কিছুই বুঝছিল না।” অবশেষে একটি ভয়াবহ সংঘর্ষে ট্রাকটি থেমে যায়। রাস্তার ধারে তখন ছড়িয়ে ছিটিয়ে থাকা ধ্বংসস্তূপ, দুমড়ে মুচড়ে যাওয়া গাড়ি, এবং আহত মানুষের আর্তনাদে ভরে হয়ে যায় গোটা এলাকা।
দুর্ঘটনার পর সঙ্গে সঙ্গেই ঘটনাস্থলে পৌঁছয় উদ্ধারকারী দল ও পুলিশ। ট্রাকের নিচে ও ধ্বংসস্তূপে আটকে পড়া একাধিক মানুষকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পুলিশ জানিয়েছে, আহতদের অবস্থা আশঙ্কাজনক। নিহতদের পরিচয় জানার চেষ্টা চলছে।
ড্রাইভারকে ঘটনাস্থল থেকেই আটক করেছে পুলিশ। তাঁর রক্তের নমুনা সংগ্রহ করে মদ্যপানের প্রমাণ যাচাইয়ের জন্য পাঠানো হয়েছে।
এই ভয়াবহ দুর্ঘটনার মাত্র একদিন আগে রাজস্থানেরই ফলৌদিতে একটি ট্রাভেলার রাস্তার ধারে দাঁড়িয়ে থাকা ট্রেলারে ধাক্কা মারে। ভয়াবহ দুর্ঘটনায় মৃত্যু হয়েছিল অন্তত ১৫ জনের। ওই যাত্রীরা ছিলেন যোধপুরের সুরসাগর এলাকার বাসিন্দা, যাঁরা মন্দিরে প্রার্থনা সেরে ফিরছিলেন।
রাজ্যের মুখ্যমন্ত্রী ভজনলাল শর্মা এই মর্মান্তিক দুর্ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন। তিনি প্রশাসনকে নির্দেশ দিয়েছেন, মৃতদের পরিবারের পাশে দাঁড়াতে এবং আহতদের যথাযথ চিকিৎসার ব্যবস্থা যেন যথাযথ হয়।