মা ফ্লাইওভারে (Maa Flyover) ফের ভয়াবহ দুর্ঘটনা ( Maa Flyover Accident)। একসঙ্গে চারটি গাড়ি দুর্ঘটনার কবলে। প্রত্যক্ষদর্শীদের দাবি, একটি গাড়ি অতিরিক্ত গতিতে এসে পরপর তিনটি গাড়িকে ধাক্কা মারে।

মা উড়ালপুলে দুর্ঘটনা
শেষ আপডেট: 15 September 2025 14:44
দ্য ওয়াল ব্যুরো: মা ফ্লাইওভারে (Maa Flyover) ফের ভয়াবহ দুর্ঘটনা ( Maa Flyover Accident)। একসঙ্গে চারটি গাড়ি দুর্ঘটনার কবলে। প্রত্যক্ষদর্শীদের দাবি, একটি গাড়ি অতিরিক্ত গতিতে এসে পরপর তিনটি গাড়িকে ধাক্কা মারে। সৌভাগ্যবশত, প্রাণহানির খবর মেলেনি। তবে কয়েকজন আহত হয়েছেন। ক্ষতিগ্রস্ত গাড়িগুলিকে পুলিশ উদ্ধার করেছে। ঘটনার তদন্ত শুরু করেছে লালবাজার (Laalbazar)। দুর্ঘটনার ফলে ফ্লাইওভারের উপরে কিছুক্ষণ যানজটের (Traffic) পরিস্থিতিও তৈরি হয়।
পুলিশ সূত্রে খবর, সায়েন্স সিটি থেকে পার্ক সার্কাসমুখী রাস্তায় ডিভাইডারের কাছে দ্রুতগামী একটি গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। অন্যান্য গাড়িচালকেরা জানিয়েছেন, ওই গাড়ির গতি ঘণ্টায় অন্তত ৮০ কিলোমিটার ছিল, যা নিয়মিত গতিসীমার তুলনায় অনেক বেশি। তখন মা ফ্লাইওভার ছিল ব্যস্ততম। সামনে থাকা একটি গাড়ি আচমকা ব্রেক করলে পিছন থেকে ধাক্কা মারে দ্রুতগামী গাড়িটি। একের পর এক চারটি গাড়ি ভেঙেচুড়ে যায়।
তিনটি গাড়ি মারাত্মক ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানিয়েছে পুলিশ। যদিও গুরুতর আহত কেউ নেই। ঘাতক গাড়ির চালককে আটক করা হয়েছে।
উল্লেখ্য, মা ফ্লাইওভারে ৬০ কিমি প্রতি ঘণ্টার বেশি গতিতে গাড়ি চালানো নিষিদ্ধ। তবুও এখানে বারবার দুর্ঘটনা ঘটে চলেছে। এর আগে প্রাণহানিও ঘটেছে। এক সময়ে মাঝরাতে ওই ফ্লাইওভারে যান চলাচল বন্ধ রাখা হয়েছিল, পরে তা তুলে নেওয়া হয়। পুলিশি নজরদারিও রয়েছে। তবুও দুর্ঘটনা রোধ করা যাচ্ছে না। এ বারও কী কারণে চালক এত দ্রুত গাড়ি চালাচ্ছিলেন, তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা।
কলকাতার ব্যস্ততম উড়ালপুলগুলির মধ্যে অন্যতম মা ফ্লাইওভার। কিন্তু প্রায়ই এই ফ্লাইওভারের উপর ঘটে দুর্ঘটনা। কখনও ডিভাইডারে ধাক্কা মেরে উল্টে যায় মোটরবাইক, আবার কখনও অতিরিক্ত গতির শিকার হন বাইক আরোহীরা। দুর্ঘটনা ঠেকাতে একাধিক পদক্ষেপ করেছে লালবাজার ও ট্রাফিক পুলিশ। সর্বত্র নজরদারির জন্য লাগানো হয়েছে সিসি ক্যামেরা, টাঙানো রয়েছে গতিসীমা সংক্রান্ত নির্দেশিকাও। তবুও বহু আরোহী সেই নিয়ম মানছেন না, আর তার ফলেই বারবার ঘটছে দুর্ঘটনা।