পুলিশ সূত্রে খবর, এদিন চারচাকা গাড়িটি দ্রুত গতিতে মা উড়ালপুল হয়ে সায়েন্সসিটির দিক থেকে আসছিল। হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে গাড়িটি গার্ডরেলে ধাক্কা খায় এবং উল্টে যায় (Car Accident at Maa Flyover)।

মা উড়ালপুলে ফের দুর্ঘটনা
শেষ আপডেট: 18 August 2025 11:50
দ্য ওয়াল ব্যুরো: সপ্তাহের প্রথম দিনেই মা উড়ালপুলে দুর্ঘটনা। সোমবার সাতসকালে একটি চারচাকা গাড়ি দ্রুত গতিতে এসে গার্ডরেলে ধাক্কা খায়। নিয়ন্ত্রণ হারিয়ে সঙ্গে সঙ্গে উল্টে যায় গাড়িটি। এই দুর্ঘটনায় অন্তত দুজনের আহত হওয়ার খবর পাওয়া গেছে (Maa Flyover Accident)। ঘাতক গাড়ির চালকের সন্ধান শুরু করেছে পুলিশ। কী কারণে দুর্ঘটনা তাও খতিয়ে দেখা হচ্ছে।
পুলিশ সূত্রে খবর, এদিন চারচাকা গাড়িটি দ্রুত গতিতে মা উড়ালপুল হয়ে সায়েন্সসিটির দিক থেকে আসছিল। হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে গাড়িটি গার্ডরেলে ধাক্কা খায় এবং উল্টে যায় (Car Accident at Maa Flyover)। দুর্ঘটনায় দু'জন আহত হয়েছেন বলেই জানা গেছে। তাঁদের চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।
অন্যদিকে, কর্তব্যরত ট্রাফিক পুলিশ ঘটনাস্থলে এলে ক্ষতিগ্রস্ত গাড়িতে কাউকে পাওয়া যায়নি বলেই খবর। অনুমান করা হচ্ছে, দুর্ঘটনার পর গাড়ির চালক সেখান থেকে পালিয়ে গেছেন। তবে ওই গাড়িতে ক'জন ছিলেন তা খতিয়ে দেখা হবে। ঘটনাস্থলের আশেপাশের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে, কী কারণে দুর্ঘটনা তা জানার চেষ্টা চলছে।
মা উড়ালপুলে দুর্ঘটনার খবর নতুন নয়। গত এপ্রিল মাসেই মা উড়ালপুলে বেপরোয়া গতির জেরে মৃত্যু হয়েছিল এক যুবকের। তাঁর মাথায় হেলমেট ছিল না, নিয়ন্ত্রণ হারিয়ে বাইক থেকে ছিটকে পড়ে মৃত্যু বলে জানা গেছিল (Bike Accident at Maa Flyover)।
মার্চ মাসেই এক দুর্ঘটনায় গুরুতর আহত হন বাইক চালক ও তরুণী। পুলিশ সূত্রে জানা গিয়েছিল, অ্যাপ বাইকে চড়ে ডোমজুড় থেকে সল্টলেকে (Saltlake) পরীক্ষা দিতে আসছিলেন তরুণী। সেইসময়ে আচমকাই নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায় বাইকটি। উড়ালপুল থেকে নিচে ছিটকে পড়েন তরুণী। গুরুতর আহত হন অ্যাপ বাইক চালকও। দুর্ঘটনায় বাইকের সামনের অংশ ভেঙে চুরমার হয়ে যায়। বেপরোয়া গতির কারণেই দুর্ঘটনা ঘটেছিল বলে অনুমান করেছিল পুলিশ।