তৃণমূল কংগ্রেস সূত্রের দাবি, বাংলার প্রতি কেন্দ্রীয় সরকারের বঞ্চনা, বাংলাভাষীদের উপর "ভাষাসন্ত্রাস" এবং রাজনৈতিক স্বার্থে প্রকল্প উদ্বোধন, এই কারণেই অনুষ্ঠানে না যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়।

মমতা বন্দ্যোপাধ্যায় (ফাইল ছবি)
শেষ আপডেট: 18 August 2025 10:28
দ্য ওয়াল ব্যুরো: আগামী শুক্রবার অর্থাৎ ২২ আগস্ট শহরে তিন নতুন মেট্রো রুটের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। দিনভর রয়েছে সেই সংক্রান্ত অনুষ্ঠান। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে আমন্ত্রণ জানানো হয়েছে কিন্তু তিনি সেখানে যাচ্ছেন না। সূত্রের খবর, নীতিগত কয়েকটি কারণে এই সিদ্ধান্ত নিয়েছেন মুখ্যমন্ত্রী।
তৃণমূল কংগ্রেস সূত্রের দাবি, বাংলার প্রতি কেন্দ্রীয় সরকারের বঞ্চনা, বাংলাভাষীদের উপর "ভাষাসন্ত্রাস" এবং রাজনৈতিক স্বার্থে প্রকল্প উদ্বোধন, এই কারণেই অনুষ্ঠানে না যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়।
তৃণমূল কংগ্রেসের দাবি, রেলমন্ত্রী হিসেবে মমতা বন্দ্যোপাধ্যায় গোটা বাংলায় নজিরবিহীন কাজ করেছিলেন। নতুন রুট, নতুন লাইন, নতুন প্রকল্প থেকে শুরু করে কর্মসংস্থানের বিস্তার, সব হয়েছিল তাঁর সময়ে। এখন সেই কাজগুলো বিজেপি দেরি করিয়ে ভোটের আগে উদ্বোধন করছে।
তাদের আরও অভিযোগ, বিজেপি বাংলায় ভোটে টিকতে না পেরে রাজ্যকে আর্থিকভাবে বঞ্চিত করছে, প্রাপ্য টাকা আটকে দিচ্ছে, এখন আবার বাংলাভাষীদের ‘বাংলাদেশি’ বলে অপমানও করছে। মুখ্যমন্ত্রী বারবার এর প্রতিবাদ করেছেন। তাই বিজেপির তৈরি মঞ্চে গিয়ে কৃতিত্ব দেওয়ার প্রশ্নই ওঠে না।