Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তান

তিন নতুন মেট্রোপথের উদ্বোধনে কলকাতায় আসছেন মোদী! যশোর রোড থেকে বিমানবন্দর সফর করবেন মেট্রোয়

২২ অগস্ট কলকাতায় আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi)। তিনটি নতুন মেট্রোপথের (New Metro Route) উদ্বোধন করবেন তিনি, যশোর রোড থেকে বিমানবন্দর পর্যন্ত নিজেই মেট্রোয় সফর করবেন।

তিন নতুন মেট্রোপথের উদ্বোধনে কলকাতায় আসছেন মোদী! যশোর রোড থেকে বিমানবন্দর সফর করবেন মেট্রোয়

প্রতীকী ছবি।

তিয়াষ মুখোপাধ্যায়

শেষ আপডেট: 17 August 2025 20:42

দ্য ওয়াল ব্যুরো: দেড় বছর পর ফের কলকাতা সফরে আসতে চলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আগামী ২২ অগস্ট তিনি শহরে পৌঁছে একসঙ্গে তিনটি নতুন মেট্রোপথের উদ্বোধন করবেন। শুধু তাই নয়, নতুন চালু হওয়া একটি পথে নিজেই চড়ে যাত্রা করবেন প্রধানমন্ত্রী। এ খবর রবিবার এক সাংবাদিক বৈঠকে জানিয়েছেন রাজ্য বিজেপির সভাপতি তথা সাংসদ শমীক ভট্টাচার্য।

জানা গেছে, কলকাতা বিমানবন্দরে পৌঁছে প্রধানমন্ত্রী সরাসরি যশোর রোড মেট্রো স্টেশনে যাবেন। সেখানেই হবে উদ্বোধনী অনুষ্ঠান। যশোর রোড থেকে তিনি প্রথম ট্রেনে উঠে ‘জয়হিন্দ’ (বিমানবন্দর) স্টেশন পর্যন্ত যাবেন। তারপর আবার মেট্রোয় চেপেই ফিরবেন যশোর রোডে। এরপর সড়কপথে দমদম সেন্ট্রাল জেল মাঠে পৌঁছে প্রথমে প্রশাসনিক বৈঠক, পরে রাজনৈতিক সমাবেশে যোগ দেবেন তিনি।

শমীক ভট্টাচার্য জানিয়েছেন, মোদীর সফরে নোয়াপাড়া থেকে বিমানবন্দর পর্যন্ত যাত্রী পরিষেবা চালু হবে। যদিও এই রুটের মূল পরিকল্পনা ছিল বারাসত পর্যন্ত, তবে আপাতত নোয়াপাড়া, যশোহর রোড এবং জয়হিন্দ স্টেশনের মধ্যে মেট্রো চলবে। রেল মন্ত্রকের খবর অনুযায়ী, কাজ এগিয়েছে মাইকেলনগর পর্যন্ত, তবে আপাতত সেখানে চালানোর ব্যবস্থা হয়নি।

প্রধানমন্ত্রীর হাত ধরেই ২২ অগস্ট চালু হচ্ছে আরও দুটি মেট্রোপথের সম্প্রসারণ। অরেঞ্জ লাইন (নিউগড়িয়া–বিমানবন্দর): মোদী ইতিমধ্যেই নিউগড়িয়া থেকে রুবি পর্যন্ত পরিষেবা চালু করেছিলেন। এবার বেলেঘাটা পর্যন্ত যাত্রী পরিষেবা শুরু হবে। এর ফলে নিউগড়িয়া থেকে বেলেঘাটা পর্যন্ত ইএম বাইপাসের পুরো বিস্তৃত এলাকা মেট্রোর আওতায় আসবে। গ্রিন লাইন (ইস্ট-ওয়েস্ট মেট্রো): এই রুটে শিয়ালদহ থেকে এসপ্ল্যানেড পর্যন্ত অংশটি চালু হচ্ছিল না। আসন্ন সফরে মোদী সেই পরিষেবার সূচনা করবেন। এর ফলে সেক্টর ফাইভ থেকে হাওড়া ময়দান পর্যন্ত পুরো ইস্ট-ওয়েস্ট মেট্রো যাত্রা শুরু হয়ে যাবে।

উল্লেখযোগ্যভাবে, দেড় বছর আগে হাওড়া ময়দান থেকে এসপ্ল্যানেডের মাঝের অংশ উদ্বোধন করেছিলেন মোদী। তখন গঙ্গার তলা দিয়ে মেট্রোয় ভ্রমণও করেছিলেন তিনি। এবারে আসছেন নতুন পথকে চালু করতে।

সাংবাদিক বৈঠকে প্রধানমন্ত্রী মোদীর সফরসূচি জানানোর পাশাপাশি রাজ্যে একাধিক রেল প্রকল্প আটকে থাকার বিষয়েও সরব হন শমীক ভট্টাচার্য। তাঁর অভিযোগ—রাজ্যের ভূমি নীতি স্পষ্ট না থাকায় এবং প্রশাসনের অনীহার কারণে ৪৩টি প্রকল্পে কাজ থমকে আছে। শমীক বলেন, ‘‘একটা সরকার যদি ঘোষণা করে যে নতুন জমি অধিগ্রহণ হবে না, তবে অবকাঠামোগত প্রকল্পগুলির গতি কীভাবে থেমে যায়, রেলের ক্ষেত্রেই তা সবচেয়ে বেশি দেখা যাচ্ছে।’’

তিনি আরও অভিযোগ করেন, সেক্টর ফাইভ থেকে শহরের সংযোগ এখনো বন্ধ আছে চিংড়িঘাটার কারণে। স্থানীয় মন্ত্রী সুজিত বসুর সঙ্গে কথা বললে তিনি আশ্বাস দিয়েছেন, তাঁর অংশে সমস্যা নেই। তবে দমকল মন্ত্রীর দায়িত্বে থাকা অংশে জট রয়ে গেছে। এছাড়াও কলকাতা পুলিশ ও ট্রাফিক পুলিশের অসহযোগিতা তিনটি পিলারের কাজ আটকে দিয়েছে বলেও দাবি করেন তিনি।

তবে ২২ অগস্টের সফরে কলকাতার মেট্রো মানচিত্রে যুক্ত হচ্ছে তিনটি নতুন রুট। যশোহর রোড থেকে বিমানবন্দর পর্যন্ত প্রধানমন্ত্রীর নিজস্ব মেট্রো সফর নিঃসন্দেহে বড় আকর্ষণ। একইসঙ্গে অরেঞ্জ ও গ্রিন লাইনের সম্প্রসারণে শহরের যোগাযোগ আরও সহজ হবে। তবে রাজ্যে আটকে থাকা একাধিক প্রকল্পের প্রশ্নে রাজনৈতিক বিতর্কও জিইয়ে রাখছে এই সফর।


```