অভিযোগ, শাস্তির সময় তাঁর কাঁধে স্কুলব্যাগই ঝোলানো ছিল। সেই অবস্থায় টানা ওঠবস করতে গিয়ে শরীরে তীব্র ব্যথা শুরু হয়।

শেষ আপডেট: 16 November 2025 19:47
দ্য ওয়াল ব্যুরো: স্কুলে ১০ মিনিট দেরি করে পৌঁছেছিল সে। ‘শাস্তি’ হিসেবে ষষ্ঠ শ্রেণির ওই ছাত্রীকে ১০০ বার ওঠবস করানো হয়েছিল। আর সেই শাস্তিই কেড়ে নিল ছোট্ট কাজল গোন্দের প্রাণ (corporal punishment student death)।
ঘটনাটি ঘটেছে শিশু দিবসের দিন (Childrens' day), যখন স্কুলে পড়ুয়াদের প্রতি আরও একটু বেশি মমতা, একটু বেশি যত্ন দেখানোর কথা। তার বদলে মিলল নির্দয়তার চরম নিদর্শন। এই ঘটনা ঘিরে মহারাষ্ট্রের বসাইয়ে চাঞ্চল্য ছড়ায় (Maharashtra school)।
বসাইয়ের শ্রী হনুমন্ত বিদ্যা মন্দির হাই স্কুলের পড়ুয়া ছিল কাজল। পরিবারের অভিযোগ, শুক্রবার সকালে স্কুলে পৌঁছতে একটু দেরি হয় মেয়ের। ক্লাসটিচার তাঁকে সঙ্গে সঙ্গে ১০০ ওঠবস করার নির্দেশ দেন। অভিযোগ, শাস্তির সময় তাঁর কাঁধে স্কুলব্যাগই ঝোলানো ছিল। সেই অবস্থায় টানা ওঠবস করতে গিয়ে শরীরে তীব্র ব্যথা শুরু হয়।
বাড়ি ফিরে ব্যথা আরও বাড়ে। প্রথমে নালাসোপারার একটি হাসপাতালে ভর্তি করা হয় তাকে। শারীরিক অবস্থার দ্রুত অবনতি হওয়ায় পরে মুম্বইয়ের জেজে হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় ১২ বছরের কাজলের।
পরিবারের দাবি, শিক্ষকের অত্যাধিক শাস্তিই মেয়ের মৃত্যু ডেকে এনেছে। ঘটনার পর স্থানীয়দের মধ্যে তীব্র ক্ষোভ ছড়িয়েছে। স্কুলের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি তুলেছেন অভিভাবকেরা।
এমনকী মহারাষ্ট্র নব নির্মাণ সেনা (এমএনএস) হুঁশিয়ারি দিয়েছে, দায়ীদের বিরুদ্ধে ফৌজদারি মামলা না হলে স্কুল পুনরায় খুলতে দেওয়া হবে না।
শিশু দিবসেই এমন নির্মম ঘটনা সামনে আসায় স্কুলশিক্ষায় কর্পোরাল পানিশমেন্টের প্রশ্নে ফের উত্তপ্ত বিতর্ক শুরু হয়েছে।